ফ্যাশন

এখন কি পালাজো আর লং কুর্তির সময়?

ফ্যাশন ডেস্ক ::  জরির কাজ করা গাঢ় রঙের অনারকলি সালোয়ার কামিজে ছেয়ে গিয়েছিল প্রায় গোটা দেশ। আর তার পর? প্রায় প্রায় দশ বছরের রাজত্ব। কখনও দৈর্ঘ্যে হেরফের, কখনও বা রং— অনারকলিতে মজে ছিলেন সব বয়সীরাই। হ্যাঁ, এ বার পূজাতেও ইতিউতি দেখা মিলছে তার। তবে, নেড়েচেড়ে রেখে দিচ্ছেন অনেকেই। কারণ পালাজোর সঙ্গে কুর্তিতে পরেছেন ঘরে-ঘরে। প্রচণ্ড গরমে কলেজ-অফিস-ঘোরাঘুরিতে পালাজোর আরামে মজে পড়ছে সব বয়সীরা।

লাল, নীল মেরুনের মতো একরঙা পালাজোর সঙ্গে প্রিন্টেড কুর্তিই এবার চাহিদায় এগিয়ে। চুড়িদার বড্ড একঘেয়ে হয়ে গিয়েছে। লং কুর্তির সঙ্গে পালাজোর এই স্টাইলটা বেশ অন্য রকম। শহরের ডিজাইনারদের একাংশের মতেও, পালাজোর সঙ্গে শর্ট কুর্তা পরতে স্বচ্ছন্দ হতেন না অনেকেই। কিন্তু লম্বা ঝুলের কুর্তি ভারী বা হালকা যে কোনও ফিগারে, যে কোনও বয়সেই মানায়। আর সেটাই এই পোশাকের ইউএসপি।
শুধু পালাজো নয়, শহরে মন কাড়ছে জাম্পস্যুটও। দিব্যি বিকোচ্ছে হাল্কা ডিজাইন, গাঢ় বা হাল্কা রং এবং অ্যানিম্যাল প্রিন্টে। সেই সঙ্গেই চাহিদায় রয়েছে রংবেরঙের হরেক ডিজাইনের জ্যাকেট। বিশেষত যাঁরা কুর্তি-লেগিংস বা জিন্স-কুর্তি পরতে ভালবাসেন, একরঙা বা হাল্কা শেডের কুর্তির সঙ্গে কনট্রাস্ট রং-ডিজাইনের সুতি বা সিল্কের জ্যাকেট চাপিয়ে সাজে বাড়তি মাত্রা আনছেন তাঁরা। কেউ বা আবার লেগিংসের সঙ্গে মিলিয়ে বাছছেন জ্যাকেটের রং। এমনকী গাউনের সঙ্গেও এই হাল্কা জ্যাকেট পরতে পারেন কেউ কেউ।

এখন সকলেই নিজেকে নতুন ভাবে দেখতে চান। এ বার তাই এমন পোশাক পরুন, যা বাঁধাধরা ভাবনাকে বদলে দেবে। এ বার যেমন ইন্দো-ওয়েস্টার্ন ডিজাইনের ধুতি প্যান্ট আর কুর্তা বানিয়েছে অনেকে। তা বলে কেনাকাটায় শাড়ি থাকবে না? সে-ও কি হয়! ডিজাইনার থেকে দোকানদার সকলেই বলছেন, এ বার শাড়ির বাজারে টেক্কা দিচ্ছে নানা রং, নানা ডিজাইনের হ্যান্ডলুম। এ বার সম্ভারে রয়েছে কাঞ্জিভরম, গাদোয়াল, মাহেশ্বরীর মতো জমকালো শাড়িও।  তসরপাড় ফুলিয়ার তাঁত, নানা রঙের ব্রোকেড আঁচল চান্দেরি, শিবোরি, মঙ্গলগিরি, ইক্কত, কলমকারির মতো হরেক ডিজাইনের শাড়ি। কী ধরনের শাড়ি এ বার ফ্যাশনে ‘ইন’? এমব্রয়ডারির যুগ শেষ। এখন হ্যান্ডলুম শাড়ি আর ফেব্রিকের কাজে ঝোঁকটা বেশি সব বয়সীদের মধ্যেই। এ সময় সাধারণত উজ্বল রং পছন্দ করেন। এ বারও সেই ট্র্যাডিশন রয়েছে।

সূত্র: আনন্দ বাজার