মুখোমুখিলাইফস্টাইললিডসফলতার গল্পসম্পর্কের বৃত্তান্ত

গদির লোভেও কাবু হননি ইসহাক মিয়া !

জালালউদ্দিন সাগর:: আগ্রাবাদ সাউথ ল্যান্ড মার্কেটের পাশের গলি দিয়ে অনেকদূর হাঁটতে হলো আমাদের। দুই পাশে আবর্জনায় ভরা ড্রেন আর ময়লার স্তুপে সয়লাব গলি। কিছুদূর যাওয়া পর এক দোকানিকে জিজ্ঞেস করলাম ভাই, ইসহাক মিয়ার বাসা কোন দিকে? দোকাদার অনেকটা প্রীতির সাথেই হেসে জবাব দিলেন, ও এমপি সাহেবের বাসা? ওই তো সামনে এগিয়ে হাতের বামের গলি।

একজন সাংবাদিক হিসেবে যতটুকু জানি, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নির্বাচনে বর্তমান মেয়র আ.জ.ম নাছিরকে আকুণ্ঠ সমর্থন দিয়েছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের ৮৭ বছর বয়সী প্রবীণ নেতা ইসহাক মিয়া। শরীরে হাটার জোর না থাকলেও শুধুমাত্র মনের জোড়ে আ জ ম নাছিরের নির্বাচনী প্রচারণায় সব সময় সচেষ্ট ছিলেন তিনি। আর সেই মানুষটির বাসার সামনের গলির এই দূরাবস্থা দেখে কিছুটা ব্যথিত না হয়ে পারলাম না। শ্যাওলা পড়া স্যাঁতসেঁতে তিনতলা বাড়িটির নিচ তলাতে থাকেন তিনি ! আমাদের ঘরে ঢুকতে দেখেইে কাঁপাকাঁপা পায়ে ভেতর থেকে বেরিয়ে এলেন সামনের ড্রইং রুমে।

ড্রইং রুম বলতে দুটি সিংগেল ও একটি ডবল সোফা রাখার মত ৮ ফিট বাই ১০ ফিটের ছোট একটি কামরা। সোফার পিছনে টানানো ফ্রেমে বাধাঁ বেশ কয়েকটি ছবি । আমি ছবির দিকে তাকিয়ে আছি দেখে বললেন, মজিনা (বাংলাদেশে অবস্থিত ইউএস এ্যাম্বাসীর সাবেক রাষ্ট্রদূত)  আমার বন্ধু। নিজের জন্ম দিন ও তারিখটি ঠিক মতো বলতে না পারলেও ১৯৩০ সালে এই বাড়িতেই জন্ম তাঁর । দাদার কাছ থেকে পৈত্রিক সূত্রে পাওয়া এই জায়গাটিতেই বাড়ি করে ভাইবোন, ছেলে মেয়েদের নিয়ে এখনো বসবাস করেন তিনি।

কৌতুহলবশত জিজ্ঞেস করেছিলাম, দাদার জায়গায় কেন-নিজের বাড়ি নেই? হেসে জবাব দিলেন, আছে। হালিশহরে। ৬০ এর দশকে ৫ গণ্ডা জমি কিনেছিলাম ৩ হাজার টাকা দিয়ে। এখনো বাড়ি করা হয় নাই।দুই বারের এমপি হয়েও মাত্র ৫ গণ্ডা জমির  মালিক! বিষয়টা অনেক বেশি খটকা লাগলো আমার কাছে। বয়সের কারণে হয়তো কোথাও গরমিল হচ্ছে তাঁর ।

কিন্তু আমার এই ‘খটকা’ লাগাটা খুব বেশিক্ষণ আটকে থাকলো না। বিষয়টা পরিস্কার করলেন তিনি নিজেই। বললেন, আগ্রাবাদের বেশিরভাগ জমি আমার দাদার। যে কারণে টাকা পয়সা রোজগারের প্রতি খুব একটা লোভ ছিলো না আমার। তিনি বলেন, আমি রাজনীতি করেছি মানুষের জন্য। নিজের জন্য না। টাকা পয়সার জন্য না।
৫০ দশকের প্রথম দিকে জহুর আহম্মদ চৌধুরীর হাত ধরেই রাজনীতিতে এসেছেন বাংলাদেশ আওয়ামী লীগের সর্ব শেষ কমিটির উপদেষ্টা মণ্ডলীর সদস্য নির্বাচিত হওয়া চট্টগ্রাম নগর আওয়ামী লীগের সহ সভাপতি ইসহাক মিয়া। অকপটে স্বীকারও করলেন তাই।

বললেন, জহুর আহমেদ চৌধুরী হলেন একটি শিক্ষা প্রতিষ্ঠান। যে শিক্ষা প্রতিষ্ঠান রাজনীতি করার পাঠ শেখায়।
ইতোমধ্যে ছোট টেবিলটিতে চা-বি¯ু‹ট দিয়ে গেছেন তাঁর বড় ছেলে । অনেকটুকু মায়া-ই আথিতিয়তানিয়েই কাঁপা কাঁপা হাতে চায়ের কাপটি এগিয়ে দিয়ে আমার দিকে তাকালেন।

বললেন, ‘আমার দাদা আশরাফ আলী সওদাগর বাণিজ্য করতেন। বড়বড় নৌকা দিয়ে কাপড় নিয়ে আসতেন বার্মা (বর্তমান মায়ানমার) থেকে। এক সময় দাদার সাথে ঐ ব্যবসায় যোগ দেন আমার বাবা জুনাব আলী সওদাগর।
তিনি আরও বলেন, বাবা পুরোপুরি ব্যবসায়ি হলেও মা আলহাজ তমিজা খাতুন গৃহিনী। জানালেন, ২ ভাই ৪ বোনের মধ্যে সবার বড় তিনি।

৫০ এর দশকে ‘ন্যাশনাল গার্ড’ এ যোগ দিয়ে রাজনীতির পাঠচক্র শুরু হয় নগর আওয়ামী  লীগের প্রবীণ এই নেতার। জহুর আহম্মেদ চৌধুরীর হাত ধরেই ন্যাশনাল গার্ড এ যোগদেন তিনি। ওই সময় এই সংগঠনের প্রধান ছিলেন শেখ মোজাফ্ফর আহমেদ।

তিনি বলেন, প্রতিবাদী ছিলাম বলে খুব বেশি দিন স্থান হতো না কোন স্কুলে। হাইস্কুলের গণ্ডি পেরুতেই আমাকে বদলাতে হয়েছিলো মিউনিসিপাল মডেল, জেমসেন ও গোসাইল ডাঙ্গা হাইস্কুল।
তিনি বলেন, ৫২ ভাষা আন্দোলনে আমার সহযোদ্ধা ছিলেন বাচ্চু নবাব, শেখ মোশাররফ হোসেন, শাহরিয়ার আহমেদ, আজমল হক মিয়া, গোসাল ডাঙ্গার চেয়ারম্যান বসর মিয়া, বিধান কৃষ্ণ সেন, হারুবাবু, ব্রাদার জোসেফ, ভাষা সৈনিক মাহাবুবুর রহমান, এসজি মান্নান কামাল, আওয়ামী লীগে নেত্রী সাজেদা চৌধুরীর স্বামী গোলাম আকবর খন্দকার । রাজনৈতিক প্রজ্ঞা ও বলিষ্ঠ নেতৃত্বের কারণে ১৯৬৪ সালে দক্ষিণ আগ্রাবাদ থেকে পৌর চেয়ারম্যান, ১৯৭০  ও ১৯৮৬ সালে সংসদ সদস্য (এমপি) নির্বাচিত হন তিনি ।

তিনি বলেন, ৮৬’র নির্বাচনে এমপি হওয়ার পর রাষ্ট্রপতি এরশাদ আমাকে কেবিনেট মন্ত্রী করার প্রস্তাব দিয়েছিলেন। মন্ত্রী হন নাই কেন? জানতে চাইলে তিনি বলেন, ইসহাক গদির কাছত ন অ্যারে (ইসহাক চেয়ারের কাছে হারে না)।  

বঙ্গবন্ধুর সাথে খুব বেশি স্মৃতি নেই জানিয়ে তিনি বলেন, ‘১৯৫৩ সালে বঙ্গবন্ধুর সাথে ঢাকার একটি সমাবেশে প্রথম দেখা হয়। তারপর থেকেই মাঝে মাঝে মাঝে রাজনৈতিক সমাবেশ গুলোতে দেখা হতো।’  

আওয়ামী লীগ সরকারের ধারাবাহিকতা থাকলে বাংলাদেশের চেহারা বদলে যাবে উল্লেখ করে তিনি বলেন, বঙ্গবন্ধুর সবটুকু গুণ পেয়েছেন জাতির জনকের কন্যা জননেত্রী শেখ হাসিনা ।