মানুষের ভেতরের মানুষটাও খুঁজে আনেন শব্দের গাথুঁনীতে

জালালউদ্দিন সাগর: শব্দের সাথে বসবাস তাঁর। বেড়ে ওঠা, সংসার। মানুষের ভেতরের মানুষটাও খুঁজে আনেন শব্দের গাথুঁনীতে। হোক সে কবিতায়, প্রবন্ধে কিংবা আত্মশুদ্ধির আলোচনা।
অরুণ দাশগুপ্ত। প্রাবন্ধিক, সম্পাদক এবং কবি। শব্দ ও বোধ যোজনের ক্ষেত্রে সম্পূর্ণ ভিন্ন একজন মানুষ তিনি। তাঁর কবিতার প্রতিটি পরতে থাকে মানবিক আকুলতা। থাকে স্বপ্ন ছোঁয়ার ব্যাপ্তি। অরুণ দাশগুপ্ত জন্মেছেন চট্টগ্রামের পটিয়ার ধলঘাটে। ১৯৩৬ সালে। বাবা অবিনাশ চন্দ্র দাশগুপ্ত এবং বা হেমপ্রভা দাশগপ্ত। ৮২ বছরে এসেও সংসারী হন নি তিনি। বিয়ে করেন নি কেন জানতে চাইলে তিনি বলেন, কবিতার সাথে প্রণয় আমার। বিয়ে করার সময় পেলাম কই।
কত সালে লেখার হাতেখড়ি জিজ্ঞেস করলে স্কুল বালকের মতো মাথার চুল হাতরান অনেকক্ষণ। বলেন, মনে পড়ছে না। তার পর আবারও চুলে হাত। স্কুলে যখন পড়ি তখন থেকেই কবিতা আর প্রবন্ধ, গল্প লেখা শুরু হয় কলেজ উঠার পর। লেখক হিসেবে লিটল ম্যাগাজিনেই প্রথম নাম ছাপা হয় আমার। বলেন, অরুণ দাশগুপ্ত।

পটিয়ার ধলঘাটে পাঠশালার হাতেখড়ি অরুণ দাশ গুপ্ত’র। তারপর চলে যান কলকাতায়। সেখানের কালাধন ইনস্টিটিউশন,সাউদার্ন থেকে মাধ্যমিক এবং স্কটিশচার্চ কলেজ কলকাতা থেকে উচ্চ মাধ্যমিক। তার পর বিশ^ভারতী লোক শিক্ষা সংসদ। কলকাতার দৈনিক লোকসেবক পত্রিকার মধ্য দিয়ে সাংবাদিকতার জীবন শুরু তাঁর। এর পর চলে আসেন দেশে। স্বাধীনতার পর মাহবুবউল আলম চৌধুরী সম্পাদিত দৈনিক স্বাধীনতা পত্রিকায় সহ সম্পাদক হিসেবে যোগ দেন। ১৯৭৩ সালে স্বাধীন বাংলাদেশের প্রথম পত্রিকা দৈনিক আজাদীতে যুক্ত হন সহ সম্পাদক পদে। বর্তমানে সহযোগী সম্পাদক।
অরুণ দাশগুপ্তের উল্লেখযোগ্য দুটি গ্রন্থ হলো, বিশ্লেষণধর্মী গ্রন্থ ‘রবীন্দ্রনাথের ঋতুর গান ও অন্যান্য’ এবং যুগপথিক কবি ‘নবীন চন্দ্র সেন’র জীবন পরিচয় কবিতার ও গদ্যগ্রন্থের আলোচনা ভিত্তিক গ্রন্থ। তাঁর সম্পাদিত লিটল ম্যাগাজিন ‘আপাতত’ প্রথাবিরোধী সাহিত্য আন্দোলনে অন্যবদ্য ভূমিকা রেখেছিলো।

অরুণ দাশগুপ্তের লেখা ‘রবীন্দ্রনাথের ঋতুর গান ও অন্যান্য’ গ্রন্থটি কবি সার্বভৌম রবীন্দ্রনাথের বিচিত্রমুখী স্রষ্টা-জীবনের একটি অন্যন্যসাধারণ দিককে তুলে ধরেছে; সেটি হলো তাঁর সঙ্গীত-সৃষ্টি। চট্টগ্রাম সিটি কর্পোরেশনসহ বিভিন্ন সংস্থা থেকে বেশ কিছু সম্মাননা পেলেও জাতীয় রবীন্দ্রসংঙ্গীত শিল্পী সংস্থা থেকে পাওয়া সম্মাননার কথা বিশেষভাবে উল্লেখ করেন তিনি।