সফল ডিজাইনার আইভি হাসান
নুসরাত জাহান : ১৯৯৬ সালের শুরুর দিকে চট্টগ্রাম নগরীর অলিয়ঁস ফ্রঁসেস এ গ্রামীণ চেকের এক প্রদর্শনী আয়োজিত হয় ‘ডলসহাউস’ নামে। এ প্রদর্শনীর জন্য ডিজাইনার তাঁর প্রথম প্রদর্শনীর জন্য এনেছিলেন মাত্র একশটি কাপড়। দুদিনের প্রদর্শনীর প্রথম দিনেই সব কাপড় বিক্রি হয়ে গেলে খুশি হবার বদলে চিন্তায় পড়ে যান বিক্রয় কর্মীরা। এখন সবগুলো পোশাক দিয়ে দিলে পরদিন প্রদর্শনীতে আর কোনো কাপড়ই থাকবে না।
পোশাকগুলো রেখেই দিলেন তাঁরা, পরদিনের জন্য। পরদিন সকালে এমন অবস্থা যে ক্রেতা-দর্শকের ভিড়ের জন্য ডিজাইনারই ভেতরে ঢুকতে পারেন না এমন অবস্থা !
জীবনের প্রথম কাজেই ভীষণভাবে সফল এই গুণী শিল্পীর নাম আইভি হাসান। চট্টগ্রামের পাথরঘাটায় কর্ণফুলী নদীর তীরে নারকেলবাগান ঘেরা শৈশব তাঁর। সুন্দর এক পরিশীলিত এবং শিল্পসাহিত্যের অনুকূল পরিবেশে বেড়ে ওঠা আইভির। বাবা ছিলেন ইংরেজি সাহিত্যের মানুষ। মা জন্মসূত্রে বোর্নিওর নাগরিক। পরিবার থেকেই একটি মানসম্মত রুচিবোধ অর্জন করেছেন আইভি।
ছোটথেকেই লেখালেখি করতেন কিশোর বাংলা, আগামীদের আসর, স্বাধীনতাসহ বিভিন্ন পত্রিকায়। ছোটখালার হাতে বেশ কিছু দিন নাচের তালিমও নিয়েছিলেন তিনি । নাচেও পারদর্শিতা দেখিয়েছিলেন একটা সময়। কিন্তু রুশ সাহিত্যের পাঁড় ভক্ত আইভিকে সব থেকে বেশি টানতো রাশিয়ান গল্প আর তার সাথে গল্পবর্ণনার ছবিগুলো। ছবির ভাষার প্রতি তখন থেকেই আকর্ষিত হন। ছাত্রজীবনে তাঁর জন্য এক আশীর্বাদ ছিলো অপর্ণাচরণ বালিকা বিদ্যালয়।
এখান থেকেই মূলত আইভির শিল্পীসত্তা আলোকধারায় বিচ্ছুরিত হতে থাকে। বড়দিদি প্রণতি সেন, চারুদিদির স্নেহধন্য আইভি তাই আজও তাঁর কৃতজ্ঞতা জানান তাঁর স্কুলের প্রতি। এরপর চট্টগ্রাম কলেজ থেকে উচ্চ মাধমিকের পাঠ চুকিয়ে আইভি বেছে নেন তাঁর ঠিকানা, চারুকলা।
ভর্তি পরীক্ষায় প্রথম হয়ে ভর্তি হন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এর চারুকলা ইন্সটিটিউটে। চারুকলায় আইভির বিষয় ছিলো পেইন্টিং। এখানেই মূলত তিনি অলক রায়, মুর্তজা বশীর, শফিকুল ইসলামসহ চিত্রকলার অনেক বটবৃক্ষেদের ছায়ায় আসেন।
যাতায়াত সমস্যার কারণে ৩য় বর্ষে পড়াকালীন সময়ে বাড়ি থেকে বিশ্ববিদ্যালয়ের হলে ওঠেন আইভি। হলে আসার পর বন্ধুদের নিয়ে চলতে থাকে ছবি আঁকার নানাবিধ নিরীক্ষা। এসময়ই আইভি আদিবাসীদের জীবনধারার প্রত্যক্ষ সংস্পর্শে আসেন। ছুটি পেলেই চলে যেতেন আদিবাসী বন্ধুদের বাড়িতে। কী এক পরম মায়ায় তাঁকে হাতছানি দিয়ে ডাকতো পাহাড়ি জীবনধারা! পাহাড়ের আলো, ছায়া, পাহাড়িদের সংস্কৃতি, ঐতিহ্য ছাপ ফেলতে থাকে আইভির চিন্তা ও কর্মে।
মঞ্জুলিকা চাকমার কাজ দ্বারা প্রভাবিত হন তিনি। পাহাড়ি মেয়েদের রুচিশীলতা, তাদের নিজস্ব পোশাকের ধরন, নকশা, রঙ আর এসব কিছুতে প্রকৃতির আদি অকৃত্রিম নিবিড়তা মুগ্ধ করতো তাঁকে। যে মুগ্ধতা আজও তাঁর শিল্পকর্মে স্পষ্টভাবে দৃশ্যমান। পরবর্তী শিল্পী জীবনের রসদ আইভি এই পাহাড়িদের জীবনযাপন থেকেই সংগ্রহ করেছিলেন।
চারুকলায় পড়া শেষে শান্তিনিকেতনে উচ্চশিক্ষার স্বপ্ন দেখছিলেন আইভি। সুযোগও পেয়েছিলেন তবে আবাসন সমস্যার কারণে মেলেনি পরিবারের সম্মতি। সে দুঃখ কাটিয়েই আবার ফিরে আসেন নিজের কাজে। ১৯৮৯ এ স্নাতকোত্তর সম্পন্ন করে চারুকলার শিক্ষক হিসেবেযোগ দেন স্কলাসটিকাতে। ১৯৯২ সালে বিএফ শাহীন স্কুল অ্যান্ড কলেজে যোগ দিয়ে ৬ বছর শিক্ষকতা করেন।
১৯৯১ এ আরেক শিল্পী খালিদ আহসানের সাথে জুটি বাঁধেন আইভি হাসান। শুরু হয় তাঁদের যৌথ শৈল্পিক যাপন। শ্বশুরবাড়িতে নিজের প্রতিভার পূর্ণ বিকাশের সুযোগ পান তিনি। দেবর মুনীর হাসানের উদ্যোগে এ সময় নিরীক্ষাধর্মী এক প্রদর্শনী করেন চট্টগ্রামে। ইদ কে সামনে রেখে গ্রামীণ চেক, খাদি তথা দেশজ কাপড় নিয়ে পোশাক, গহনা ও শৌখিন সামগ্রীর প্রদর্শনী করেন তিনি ।
আইভির কাজের স্বকীয়তা এবং নান্দনিকতায় মুগ্ধ হন সবাই। বাড়তে থাকে আইভির নকশা ও কাজের চাহিদা। এরই ধারাবাহিকতায় ১৯৯৬ সালে ‘ডল’স হাউস’ শিরোনামে তাঁর সেই অনবদ্য প্রদর্শনী। এরপর গড়ে উঠলো “ডল’স হাউস” পরিবার। গ্রামীণ ব্যাংক কর্মকর্তা জান্নাত কাউনাইনের নজরে আসে আইভির কাজ। তাঁর মাধ্যমে আইভি সান্নিধ্য লাভ করেন গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা ড. মুহম্মদ ইউনূসের। গ্রামীণ চেক নিয়ে আইভির কাজের নতুনত্ব এবং স্বকীয়তা দেখে উৎসাহ দেন ড. ইউনূস।
এরপরেই আইভির জীবনে আসে অর্জনের এক মাহেন্দ্রক্ষণ। ১৯৯৬ এই বাংলাদেশ সফরকালে স্পেনের রানি সোফিয়ার পোশাকের নকশা করার দায়িত্ব পান আইভি। এ কাজেই মূলত গ্রামীণ চেক নিয়ে আইভি তাঁর চিন্তা ও প্রতিভার সবটুকু নিবেদন করেন। এরপরে কেবলই অর্জন আর সাফল্যের গল্প। ১৯৯৭ এ গ্রামীণ ব্যাংকের মাধ্যমে নিউইয়র্কের মাইক্রো ক্রেডিট সামিটের জন্য পোশাকের নকশা করেন আইভি। ঢাকায় আদিবাসী ও চেক শীর্ষক প্রদর্শনী, নোঙর এর ক্লথ অ্যান্ড ট্রেন্ড, ডাই অ্যান্ড প্রিন্ট, টিউন ফ্রম চিটাগাং, ঘুড়ির গল্পসহ আরও নানা প্রদর্শনীতে পোশাক নকশা করেছেন আইভি।
২০০৯ সালে যুক্ত হন ডিজাইনার্স ফোরামে। উইমেন চেম্বারের সভাপতির দায়িত্ব পালন করেছেন পরপর চার বছর। বর্তমানে উইমেন চেম্বারের রিসোর্স পারসন হিসেবে যুক্ত আছেন আইভি হাসান।
ফ্যাশন ডিজাইনার এবং শিল্পী হিসেবে আইভি সর্বদা দেশি কাপড় এবং ঐতিহ্যবাহী বুননের পোশাক পছন্দ করেন। তবে পর্যাপ্ত পৃষ্ঠপোষকতা এবং উচ্চশুল্কের কারণে দেশজ পোশাক সাধারণ মানুষের নাগালে পৌঁছাতে পারছে না বলে জানান তিনি। পাহাড়িদের কোমর তাঁতে বোনান কাপড়ের চেয়ে টেক্সটাইল মিলে তৈরি হওয়া কম মূল্যের নকল কাপড়ে বাজার ভরে উঠছে। এমনকি ভারতীয় বা বিদেশি কাপড়ের দামও আমাদের দেশি কাপড়ের চেয়ে কম। ফলে সাধারণ মানুষের মাঝে মানসম্মত দেশি কাপড় পৌঁছে দিতে পারছেন না ডিজাইনার রা।
তবে আশার কথা হলো বর্তমানে অনেক নতুন মুখ এ জগতে। বিশেষত নারীরা অনেকেই নিজের স্বাবলম্বী হবার পথ খুঁজে নিচ্ছেন ফ্যাশন ডিজাইনিং এর কাজের মাধ্যমে। কাজটিও তাই পাচ্ছে ভিন্ন ভিন্ন মাত্রা। তাঁদের জন্য উইমেন চেম্বার থেকে প্রশিক্ষণ কর্মশালা করান আইভি হাসান।
আইভি হাসানের অবসর কাটে বই পড়ে। রুশ গল্পের প্রতি ছেলেবেলার ভালোলাগা এখনও রয়ে গেছে। ইভান তুর্গেনিভ, দস্তয়েভস্কি, সমরেশ মজুমদার আজও তাঁর অবসরের সঙ্গী।
পোশাকের ক্ষেত্রে শাড়িই তাঁর প্রথম প্রাধান্য। যে কোনো সংস্কৃতির ঐতিহ্য ও শেকড়ের প্রতি তিনি সবসময় শ্রদ্ধাশীল। নিজের শিল্পী জীবন দিয়ে রঙ তুলি কিংবা কাপড়ের পটে সেই নান্দনিক বোধের অনবদ্য নকশা করে চলেছেন শিল্পী আইভি হাসান।