মুক্তিযুদ্ধের লড়াকু সৈনিক এ.কে.এম ইসহাক (বীর প্রতীক)
রাঙামাটি জেলার কাপ্তাইয়ের চন্দ্রঘোনাস্থ কর্ণফুলী কাগজ কলে ১৯৭১ সালে প্রকৌশলী হিসেবে কর্মরত ছিলেন এ.কে.এম ইসহাক। ২৫ মার্চ রাতে পাকিস্তান সেনাবাহিনী ঢাকা ও চট্টগ্রামে হত্যাযজ্ঞ শুরু করার খবর চন্দ্রঘোনাতে পৌঁছায় ২৬ মার্চ সকালে। কিন্তু ২৫ মার্চের অনেক আগেই এ কে.এম.ইসহাক কাপ্তাইতে গঠন করেছিলেন ‘সংগ্রাম কমিটি’একই সাথে যুবকদের নিয়ে ‘স্বেচ্ছাসেবক বাহিনী’।
কর্ণফুলী কাগজ কল ও রেয়ন মিলের নিরাপত্তা রক্ষায় সে সময় নিরাপত্তা রক্ষীদের কাছে ছিল দেড় শতাধিক থ্রি নট থ্রি রাইফেল ও বন্দুক। সেই স্বল্প সংখ্যক অস্ত্র দিয়ে তিনি চন্দ্রঘোনায় গড়ে তুলেন নিরাপত্তা বলয়।
এ.কে.এম ইসহাক ২৬ মার্চ প্রশিক্ষিত স্বেচ্ছাসেবকদের মধ্যে বিভিন্ন অস্ত্র বিতরণ করেন। তারপর ২৭ মার্চ কাপ্তাইয়ের মদনাঘাটে অবস্থানরত মুক্তিযোদ্ধাদের দলনেতা মাহফুজুর রহমানের (বীর বিক্রম) সঙ্গে দেখা করে প্রতিরোধ যুদ্ধে অংশগ্রহণ করেন।
বীর প্রতীক ইসহাক তার স্বেচ্ছাসেবক দল নিয়ে অবস্থান নেন মদনাঘাট-চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মধ্যবর্তী স্থানে। ১৩ এপ্রিল কালুরঘাটের পতন হলে তিনি তাঁর দল নিয়ে সমবেত হন খাগড়াছড়িতে। সেখানে আলোচনা করে সিদ্ধান্ত হয় মীর শওকত আলীর (বীর উত্তম) সার্বিক কমান্ডে মুক্তিযোদ্ধারা মহালছড়িতে অবস্থান নেবেন। রাঙামাটি-বরকল ও রাঙামাটি-চট্টগ্রাম সড়ক এলাকায় পাকিস্তান সেনাবাহিনীকে প্রতিরোধ করবেন। এ.কে.এম ইসহাকের ওপর দায়িত্ব পড়ে রাঙামাটি-চট্টগ্রাম সড়কে পাকিস্তানি সেনাদের প্রতিরোধ করার। তিনি তাঁর দল নিয়ে রাঙামাটি-চট্টগ্রাম সড়কের বেশ কয়েকবার প্রতিরোধ গড়ে তুলেন। সম্মুখ যুদ্ধে বেশ কয়েকজন পাকিস্তানি সেনা হতাহত হন।
২৭ এপ্রিল মহালছড়িতে পাকিস্তান সেনাবাহিনীর কমান্ডো দল ও তাদের সহযোগী সশস্ত্র রাজাকারদের সাথে সম্মুখ যুদ্ধ হয়। ভয়াবহ এই যুদ্ধে মুক্তিবাহিনীর আফতাবুল কাদের (বীর উত্তম)সহ কয়েকজন মুক্তিযোদ্ধা শহীদ হন।
এ দিন যুদ্ধে এ.কে.এম ইসহাক ও তাঁর দলের মুক্তিযোদ্ধারা পাকিস্তানি সেনাদের সহযোগী সশস্ত্র মিজোদের অনেককেই হতাহত করতে সক্ষম হন। কিন্ত পাকবাহিনীর সংখ্যাগরিষ্ঠতার কারণে তাঁরা সেখানে বেশিক্ষণ থাকতে পারেন নি। পরে তাঁরা অবস্থান নেন রামগড়ে। সেখানে ২মে ভয়াবহ যুদ্ধ হয় পাক হানাদার বাহিনীর সাথে।
এরপর এ.কে.এম ইসহাক সীমান্ত অতিক্রম করে চলে যান ভারতে। সাবরুম থেকে সাত কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে হরিণা নামক পাহাড়ি এলাকায়। সেখানে ক্যাম্প স্থাপন করেন। পরে সেই ক্যাম্পই মুক্তিযুদ্ধের ১ নম্বার সেক্টরের হেড কোয়ার্টার হিসেবে যুদ্ধ পরিচালনা করেন।
জুলাই মাসে মুক্তিবাহিনীর সদর দপ্তর থেকে এ কে এম ইসহাককে ১ নম্বর সেক্টরের কোয়ার্টার মাস্টার হিসেবে মনোনীত করা হয়। মাস্টারের দায়িত্ব পেয়ে তিনি মুক্তিবাহিনীর জন্য যোদ্ধা সংগ্রহ করার পাশাপাশি মুক্তিযোদ্ধাদের প্রশিক্ষণ, থাকা-খাওয়ার ব্যবস্থা করতেন।
মুক্তিযুদ্ধকালীন সময়ে বিশেষত প্রতিরোধ যুদ্ধে সাহস ও বীরত্ব প্রদর্শনের জন্য এ.কে.এম ইসহাককে বীর প্রতীক খেতাবে ভূষিত করা হয় ১৯৭৩ সালে। তাঁর বীরত্বভূষণ সনদ নাম্বার ২৯৯।
এ.কে.ম ইসহাক (বীর প্রতীক) জন্মগ্রহণ করেন ১ ডিসেম্বর ১৯৪৪ সালে। তাঁর পৈতৃক বাড়ি যশোর জেলার বাঘারপাড়া উপজেলার ধল গ্রামে। চার ভাই ও তিন বোনের মধ্যে তিনি ছিলেন সবার ছোট। তাঁর বাবার নাম মুজিবুর রহমান, মা মাহমুদা খাতুন। স্ত্রী লুৎফুন্নেছা ইসহাক। ছয় সন্তানের জনক তিনি।
তাঁর পৈতৃক বাড়ি যশোর জেলার বাঘারপাড়া উপজেলার ধল গ্রামে। চার ভাই ও তিন বোনের মধ্যে তিনি ছিলেন সবার ছোট। তাঁর বাবার নাম মুজিবুর রহমান, মা মাহমুদা খাতুন। স্ত্রী লুৎফুন্নেছা ইসহাক। ছয় সন্তানের জনক তিনি।
১৯৫৯ সালে সহকারী প্রকৌশলী হিসেবে কর্ণফুলী কাগজ (কেপিএম) কলে যোগদান করেন তিনি। ১৯৯৫-১৯৯৬ সালে কেপিএম’র ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব পালন করেন। এরপর বাংলাদেশ ক্যামিকাল কর্পোরেশনের (বিসিআইসি) সচিব হিসেবে পদোন্নতি পান। ২০০০ সালে বিসিআইসি’র পরিচালক (উৎপাদন ও গবেষণা) থাকাকালীন সময়ে অবসর গ্রহণ করেন।
সম্পূর্ণ নিজ উদ্যোগে যশোরের বাঘাপাড়ার ধলগ্রামে বীর প্রতীক ইসহাক মহাবিদ্যালয় ও বীর প্রতীক ইসহাক বালিকা বিদ্যালয় নামে দুটি শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলেছেন মুক্তিযুদ্ধের সম্মুখযোদ্ধা বীর প্রতীক ইসহাক। মৃত্যুর আগ পর্যন্ত কাজ করেছেন শিক্ষা ব্যবস্থার মান উন্নয়নে। ২০১০ সালে পৃথিবীর মায়া ত্যাগ করে পরলোকগমন করেন স্বাধীনতা সংগ্রামের এই সাহসী যোদ্ধা।
অনুলিখন : জালালউদ্দিন সাগর