বিশ্ববিদ্যালয়গুলোতে ভাষা নিয়ে গবেষণা বাড়াতে হবে : চবি উপাচার্য
ওয়াহিদ বিন আবির : ‘১৯৪৭ সাল থেকে আমরা জেনেছি পাকিস্তানিরা আমাদের ন্যায্য অধিকার দেবে না। ওরা আমাদের মায়ের ভাষা কেড়ে নিতে চেয়েছিল। কিন্তু বুকের তাজা রক্ত দিয়ে সে অধিকার আমরা ছিনিয়ে এনেছি। তাই ভাষার মান অক্ষুণ্ন রাখতে বিশ্ববিদ্যালয়গুলোতে বাংলা ভাষা নিয়ে গবেষণা আরো বাড়াতে হবে।’
আজ ২১ ফেব্রুয়ারি, রোববার সকাল সাড়ে ১১টার দিকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সম্মেলন কক্ষে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভায় এ মন্তব্য করেন উপাচার্য ড. শিরীণ আখতার।
তিনি আরও বলেন, শুধু একুশে ফেব্রুয়ারিতে বাংলা ভাষাকে ধারণ করলে হবে না। ভাষার জন্য বঙ্গবন্ধু অনেক আন্দোলন-সংগ্রাম করেছেন। আজকের এই দিনে জাতির জনককে আমি শ্রদ্ধাভরে স্মরণ করছি।
সভায় রেজিস্ট্রার অধ্যাপক ড. মনিরুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন, কলা ও মানব বিদ্যা অনুষদের ডিন মহীবুল আজিজ, সমাজ বিজ্ঞান অনুষদের ডিন ড. মুস্তাফিজুর রহমান ছিদ্দিকী, নৃ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. রাহমান নাসির উদ্দিন, সিন্ডিকেট সদস্য খসরুল আলম কুদ্দুসী প্রমুখ।