খেলাধুলা

এবার বাউচারকে পেল সাকিবের কেকেআর

স্পোর্টস ডেস্ক ::  সময়টা দারুণ কাটছে কলকাতা নাইট রাইডার্সের। বুধবার কিংস ইলেভেন পাঞ্জাবকে ৭ রানে হারিয়ে আইপিএলের পয়েন্ট তালিকায় শীর্ষে উঠেছে তারা। দলকে আরো চাঙ্গা করতে ব্যস্ত কেকেআরের কর্তারা। এবার উইকেটরক্ষক পরামর্শক হিসেবে মার্ক বাউচারকে নিয়োগ দিয়েছে সাকিব আল হাসানের দল।

৪৫০টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন বাউচার। আন্তর্জাতিক ক্যারিয়ারে ৯৯৮টি ডিসমিসাল করার কীর্তি রয়েছে তার। সর্বকালের সেরা উইকেটরক্ষকদের মধ্যে বাউচার অন্যতম। ২০১২ সালে ইংল্যান্ড সফরে গিয়ে চোখে আঘাত পেয়ে অবসরে যেতে বাধ্য হয়েছিলেন সাবেক প্রোটিয়া এই উইকেটরক্ষক!

এর আগে আইপিএলে কেকেআর ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে খেলেছেন বাউচার। এবার আর খেলোয়াড় নয়, কেকেআরের উইকেটরক্ষক পরামর্শকের ভূমিকায় হাজির হচ্ছেন তিনি। কলকাতায় প্রথম পছন্দের উইকেটরক্ষক রবিন উথাপ্পা। দলের ব্যাকআপ উইকেটকিপার হিসেবে রয়েছেন শেলডন জ্যাকসন।

উল্লেখ্য, কলকাতা নাইট রাইডার্সের বোলিং কোচ হিসেবে রয়েছেন পাকিস্তানের কিংবদন্তি পেসার ওয়াসিম আকরাম। আর দলটির ব্যাটিং কোচের দায়িত্ব পালন করছেন দক্ষিণ আফ্রিকার সাবেক তারকা ক্রিকেটার জ্যাক ক্যালিস।