ফ্যাশনমুখোমুখিলাইফস্টাইললিডসম্পর্কের বৃত্তান্ত

চিত্রশিল্পের বাতিঘর আহমেদ নেওয়াজ

IMG_0533জালালউদ্দিন সাগর ও সজীব আনোয়ার ইভান :: নিজের মতো করে সময়কে বাঁধার আকুলতা তাঁকে প্রতিনিয়ত তাড়িত করে- দৃঢ় করে। সে কারণেই হয়তো চিরসবুজ এই মানুষটির প্রিয় ক্যানভাস সাদা-কালো। কথায় মিতভাষী কিন্তু স্পষ্টভাষী তিনি। ভালোবাসেন দেশ। ভালোবাসেন মাটি। তাঁর কলমের আঁচড়ে ক্যানভাস হয়ে ওঠে জীবনের গল্প। মানব জীবনের নানান অনুষঙ্গ তুলির আঁচড়ে খুঁজে পায় কবিতার ছন্দ।

সবাই যখন সহজ পথে সামনের দিকে এগিয়ে যাওয়ার দৌড়ে সামিল হয়- তখন স্রোতের বিপরীতে হাটেন আহমেদ নেওয়াজ। হয়তো এটাই তাঁর চিরায়ত অভ্যাস। তা নাহলে জনপ্রিয়তার সহজ পথগুলোকে এড়িয়ে যাওয়া কী অতো সহজ? আর এ কারণেই সকলের সাথে থেকেও তিনি একটু আলাদা। এটা তাঁর অহংকার না সহজাত বৈশিষ্ট্য।

তিনি বলেন, ধর্মের মধ্যে মানবিকতাকে খুঁজি আমি। প্রেমসংসারে আবিষ্কার করার চেষ্টা করি জীবন ও সত্যকে। সাদা-কাগজে কালি ও কলমে আলো-আঁধারির রহস্যময়তায় খুঁজি সুখ, দুঃখ, ভালোলাগা-মন্দলাগা।

আহমেদ নেওয়াজের বেশিরভাগ কাজেই মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার ছাপ স্পষ্ট। তাঁর চলনে-বলনেও রয়েছে দেশপ্রেমের ছাপ। তারুণ্যকে ধারণ করেন তিনি। সাদা-কালো চুলে বয়সের ছাপ স্পষ্ট হলেও বহতা নদীর মতো যৌবনের তৃষ্ণা তাঁর চোখে। বলেন, উছলে উঠা যৌবনে যদি প্লাবন না উঠে তবে তা তারুণ্য হয় কী করে?

কবি আসাদ চৌধুরীর কাছে বন্ধু-বৎসল মানুষ আহমেদ নেওয়াজ। যার কর্মগুণে মুগ্ধ তিনি। তিনি বলেন, নেওয়াজ এ দেশের প্রথম চিত্রশিল্পী যে বাংলা বর্ণমালাকে রঙিন করে তুলেছেন রঙ-তুলি দিয়ে। চট্টগ্রাম চারুকলা ইনিস্টিটিউটের অধ্যাপক মনসুর-উল করিম বলেন, চিত্রশিল্পী হওয়ার পাশাপাশি আহমেদ নেওয়াজ একজন দক্ষ সংগঠক। তিনি বলেন, আধুনিক শিল্পকলাসহ ক্যালিগ্রাফিতে আহমেদ নেওয়াজের নৈপুণ্য সৃজনশীলতা বহন করে।

IMG_6639১৯৫৭ সালের ৩১ জুলাই চট্টগ্রাম শহরে জন্ম নেন প্রতিভাবান এই চিত্রশিল্পী। গ্রামের বাড়ি রাউজানের সুলতানপুর। বাবা আবু মো. তাবিবুল আলম আর মা সাদাত আরা বেগম। দুই ভাই এবং দুই বোনের মধ্যে মেঝো আহমেদ নেওয়াজ বিদ্যালয়ের পাঠ শুরু করেন নগরীর মুসলিম এডুকেশন সোসাইটি স্কুল থেকে। এরপর মুসলিম হাইস্কুল থেকে ১৯৭২ সালে এসএসসি।

উচ্চ মাধ্যমিকে পড়ার জন্য ভর্তি হয়েছিলেন নগরীর প্রাচীনতম বিদ্যাপীঠ মুহসিন কলেজে। সেখানে ছয় মাস পড়েও ছিলেন তিনি। কিন্তু যার ধ্যান-জ্ঞানে রঙ-তুলির পরশ- তাঁকে সাধারণ শিক্ষায় কী বেঁধে রাখা সম্ভব?

একই বছর চট্টগ্রাম চারুকলা কলেজে (বর্তমানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আওতাধীন) ভর্তি হন তিনি। সেখান থেকে চারুকলায় উচ্চতর ডিগ্রি নেন ১৯৭৭ সালে। এরপর ওই কলেজেই শিক্ষকতা শুরু করেন আহমেদ নেওয়াজ।

হোপট্রেডের কর্ণধার আহমেদ নেওয়াজ চিত্রশিল্পী হওয়ার পাশাপাশি একজন দক্ষ সংগঠকও। দেশের জনপ্রিয় ব্যান্ড ‘সোলস’র প্রতিষ্ঠাতা সদস্য তিনি। একই সাথে ‘বাংলা বর্ষবরণ ও বর্ষ বিদায় সম্মিলন পরিষদ, চট্টগ্রাম’ এবং ‘চট্টগ্রাম চারু কল্যাণ সংস্থা’র প্রতিষ্ঠাতা সদস্যও তিনি।

এছাড়া চট্টগ্রামের খ্যাতনামা সংগঠন ডিজাইনারস ফোরামের সভাপতি আহমেদ নেওয়াজ সভাপতির দায়িত্ব পালন করছেন চট্টগ্রাম মিউজিক্যাল ব্যান্ড এসোসিয়েশনের। এছাড়া বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি চট্টগ্রাম অঞ্চলের সাবেক সাধারণ সম্পাদকও ছিলেন তিনি। ছিলেন অরিন্দম নাট্য সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা সদস্য।

চিত্রশিল্পীর বাইরে দেশের একজন খ্যাতনামা ইন্টেরিয়র ডিজাইনার হিসেবেও তাঁর খ্যাতি রয়েছে। দেশ ও দেশের বাইরে একাধিক প্রতিষ্ঠানের নান্দনিক ইন্টেরিয়র ডিজাইন করে সুনাম কুড়িয়েছেন এই শিল্পী। ব্যবসা প্রতিষ্ঠান, ফ্ল্যাটবাড়িসহ বিভিন্ন সামাজিক অনুষ্ঠান এবং মেলার প্যাভিলিয়ন ডিজাইন করে পেয়েছেন সেরা হওয়ার পুরষ্কার। চট্টগ্রাম চেম্বার এন্ড কমার্স এ্যান্ড ইন্ডাস্ট্রিজ’র বাণিজ্য মেলার সেরা প্যাভিলিয়ন ডিজাইনার (পিএইপি ফ্যামেলি) হিসেবে সম্মাননা- ২০০৪ ও ২০০৫ পেয়েছেন। ২০০৯ থেকে ২০১২ পর্যন্ত টানা চার বছর কাফেক্সপো’র সেরা প্যাভিলিয়ন ডিজাইনার (ওয়েল গ্র“প) হিসেবে স্বীকৃতিও পান তিনি। 

ব্যক্তি ইমেজ ও স্বতন্ত্র বৈশিষ্ট্যের কারণে শিক্ষার্থীদের কাছে অত্যন্ত প্রিয় একজন মানুষ ছিলেন তিনি। চট্টগ্রাম চারুকলা কলেজের সাবেক শিক্ষার্থী সামিনা নাফিজ বলেন, নেওয়াজ স্যারের সাথে আমাদের আত্মার একটি সম্পর্ক ছিলো- এখনো আছে।

চিত্রশিল্পী হিসেবে আহমেদ নেওয়াজ জনপ্রিয়তা পান মুক্তিযুদ্ধ পরবর্তী সময়ে। তবে তাঁর চিত্রকর্মের একক প্রদর্শনী সূচনা হয় ১৯৭১ সালে। চট্টগ্রাম মিউনিসিপ্যালিটি স্কুলের প্রাচীরে তাঁর চিত্রকর্মের প্রথম একক প্রদর্শনী হয় একাত্তরের মার্চে। এরপর ১৯৭৪ সালে দ্বিতীয় একক প্রদর্শনী হয় চট্টগ্রামের রাউজানে। প্রদর্শনীর উদ্বোধন করেন জাতীয় চার নেতা সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দিন আহমেদ, এম. মুনসুর আলী, ও এইচএম কামরুজ্জামান। এরপর ১৯৭৭ সালে তাঁর তৃতীয় একক প্রদর্শনি হয় চট্টগ্রাম প্রেস ক্লাবে।

35
আহমেদ নেওয়াজ বলেন, একক প্রদর্শনী ছাড়াও এ পর্যন্ত আমার চিত্রকর্মের চারটি দ্বৈত প্রদর্শনী হয়েছে। স্পেনের চিত্রশিল্পী ডুলচে কুচেডা ম্যাগরো’র সাথে ২০১২ সালে দু’টি এবং ২০১৩ সালে একটি। এর মধ্যে প্রথম দ্বৈত চিত্র প্রদর্শনী চট্টগ্রামে হলেও অপর দুটি প্রদর্শনি হয়েছে স্পেনে।

সফলাতার স্বীকৃতি সরূপ এ পর্যন্ত একাধিক পুরষ্কার পেয়েছেন চট্টগ্রামের খ্যাতিমান এই চিত্রশিল্পী। ১৯৭৭ সালে সেরা চিত্র পুরস্কার পান অলিয়ঁস ফ্রঁসেজ, চট্টগ্রাম থেকে। এরপর ১৯৮৯ সালে ইলাস্ট্রেশন বিভাগে একুশে পদক পান মুক্তধারা থেকে।

ছবিয়াল : দূর্জয় বড়–য়া