ভ্রমণলিড

যাবেন নাকি ‘বোড়া গুহা’য় !

নিয়াজ সুমন  :: ‘বোড়া’ শব্দটি ওড়িষ্যা ভাষা থেকে নেওয়া। এর অর্থ ফুটো। ‘গুহালা’ তেলেগু ভাষা। এর অর্থ গুহা। এটি দেখতেই একদিন সকাল বেলায় ভিশাখাপতনম শহর থেকে রওনা হলাম। বহুদিনের লালিত স্বপ্ন পুরণ করার চেষ্টা করলাম। শুনতে পেলাম বোড়া গুহা বা বোড়া গুহালা নামক অত্যন্ত প্রাচীন একটি গুহা রয়েছে। যেটা ভারতের সবচেয়ে বড় গুহা বলে ব্যাপক পরিচিত। বোড়া গুহার অবস্থান ভারতের পূর্ব তীরে, ভিশাখাপতনম শহর থেকে ৯০ কিলোমিটার দূরে আরকুভ্যালির অনাথ গিরি পাহাড়ের উপর।

আমরা ভিশাখাপত্তনম শহর থেকে রওনা দিয়ে আরকুভ্যালি হয়ে দেড় ঘন্টার পথ। অনাথগিরি পাহাড়টি গোস্থানী নদী দ্বারা বেষ্টিত। সেখানে গিয়ে জানলাম প্রকৃতিগত ভাবেই গুহাটা তৈরি হয়েছে। সময়কাল ১৫০ মিলিয়ন বছর পূর্বে। দৈর্ঘ ২০০ মিটার। অন্ধ্র বিশ্ববিদ্যালয়ের জরিপ অনুযায়ী এখানে প্রায় ৩০০০০ থেকে ৫০০০০ বছর পূর্বে মানুষের বসবাস ছিলো। অনাথগিরি পাহাড়ের গড় উচ্চতা ৮০০ থেকে ১৩০০ মিটার (২৬০০ থেকে ৪৩০০ ফুট)। আর বোড়া গুহার উচ্চতা ৭০৫ মিটারের মত। আরকুর ট্রেন স্টেশনের ঠিক পাশেই এর অবস্থান। ভিশাখাপতনম জেলা পর্যটন পরিষদ গুহাটি অত্যন্ত যতœ সহকারে সংরক্ষণ করছে।টিকেট সংগ্রহ করে আমরা গুহাটির দিকে রওনা হলাম। মূল ফটক থেকে গুহায় প্রবেশের জন্য ৭০টির মত সিঁড়ি পেরোতে হয়। গুহা প্রবেশের সময় চুনের বিভিন্ন ঝুলন্ত আবরণ দেখা যায়। 

প্রকৃতির এক রহস্যময় উপহার এটি। গুহার ভিতরে উপরিভাগ থেকে পানি চুইয়ে চুইয়ে পড়ে। দীর্ঘদিন পানির এমন প্রবাহের ফলে এতে চুন কিছুটা দ্রবীভূত হয়ে বিভিন্ন রূপ ও আকার ধারণ করেছে। গুহাটির ভিতরে বিভিন্ন স্থানে লাউড স্পিকার লাগানো আছে। সেখানে গুহাটি সম্পর্কে বিভিন্ন তথ্য দেওয়া আছে। এছাড়া গুহাটির ভিতরে জায়গায় জায়গায় গাইড দাঁড়িয়ে আছে। বিভিন্ন আলোক সজ্জার মাধ্যমে গুহাটির মধ্যে মনোরম এক পরিবেশ সৃষ্টি করেছে কর্তৃপক্ষ। গুহাটির গভীরে বাদুড় রয়েছে। আছে শিবলিঙ্গও। হিন্দু ধর্মাবলম্বীরা শিবলিঙ্গর কাছে দাঁড়িয়ে উপাসনা করেন।

গুহাটির ভিতর বিভিন্ন মুখায়ববের মত আকৃতি প্রকৃতিগতভাবে সৃষ্টি হয়েছে। পর্যটকদের চলাফেরার জন্য রেলিংসহ সিঁড়ির ব্যবস্থা করা হয়েছে। পানিতে থাকা হিউমিক এসিড ক্যালসিয়াম কার্বনেটের (লাইমস্টোনে থাকা) সাথে বিক্রিয়া করে এই আকরিককে ধীরে ধীরে পরিবর্তন করে ফেলে। যার ফলে পাহাড় স্বাভাবিক আকার থেকে বিচ্যুত হয়ে গুহায় পরিণত হয়।

1১৮০৭ সালে উইলিয়াম কিং এর পুত্র উইলিয়াম কিং জুনিওর এটি আবিস্কার করেন। তিনি জিওলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়ায় কাজ করতেন। এছাড়াও গুহাটি আবিস্কার নিয়ে রয়েছে নানান উপখ্যান।

যে সমস্ত গ্রামবাসী গুহাটির আশেপাশে বসবাস করত (যেমনÑ যাতাপু, পরজা, কন্ডাডোরা, নোকাডারা, ভাল্মিকি) তারা এসমস্ত উপখ্যান ব্যাখ্যা করে থাকে। তবে, এর মাঝে সবচেয়ে জনপ্রিয় উপাখ্যান হচ্ছে, একটি গরু অনাথগিরি পাহাড়ের উপর দাঁড়িয়ে ছিল। গরুটি হঠাৎ পাহাড়ের ৬০মিটার উচ্চতা থেকে পড়ে যায়। গরুটিকে খুঁজতে গিয়ে রাখাল পাহাড়ের নিচে এসে গুহাটির সন্ধান পায়। গুহাটিকে ঘিরে স্থানীয়রা বিভিন্ন দোকানপাট গড়ে তুলেছেন। প্রতিদিনই শতশত মানুষ ভিড় করেন সেটি দেখার জন্য।