সংস্কৃতি

স্বদেশ পল্লী’র ‘চিলড্রেন ডিজাইনার প্রতিযোগিতা অনুষ্ঠিত

সংস্কৃতি ডেস্ক :: স্বেচ্ছাসেবী সমাজ উন্নয়ন সংগঠন প্রত্যাশী’র সহযোগী প্রতিষ্ঠান স্বদেশ পল্লী কর্তৃক আয়োজিত ‘চিলড্রেন ডিজাইনার প্রতিযোগিতা-২০১৬ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) সকালে ১০ টায় চট্টগ্রামস্থ চারুকলা ইনস্টিটিউট প্রাঙ্গনে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

প্রতিযোগিতায় চট্টগ্রাম শহরের ৩০ টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় ৫০৫ শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চট্টগ্রামের পুলিশ কমিশনার জনাব আবদুল জলিল মন্ডল, প্রত্যাশী ও স্বদেশ পল্লীর কর্মকর্তা।

স্বদেশ পল্লীর ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ শহীদ উদ্দিন বলেন, অনুষ্ঠান আয়োজন করতে গিয়ে এ শহরের প্রায় সকল স্কুল থেকেই স্বত:স্ফূর্ত সাড়া পেয়েছি। এ পেশার অনেক চাহিদা থাকলেও চট্টগ্রামের নামিদামি বুটিক্স হাইজে কাজ করছে ঢাকা বা অন্যান্য শহরের ডিজাইনারগণ। আমরা এ আয়োজনের মাধ্যমে এ শহরের অভিভাবকদের মনোজগতে নাড়া দিতে চেয়েছি, তাঁদের ভবিষ্যত ভাবনায় ছেলে মেয়েদের শুধুমাত্র ডাক্তার বা ইঞ্জিনিয়ার বানানোর আকাংখায় না থেকে সম্ভাবনাময় ফ্যাশণ ডিজাইনে পড়া লেখা করালে চাকুরীর জন্য দ্বারে দ্বারে না ঘুরে খুব সহজেই নিজকে প্রতিষ্ঠিত করা যায়।

অনুষ্ঠানে জুরি বোর্ডের সদস্য হিসেবে ছিলেন, চট্টগ্রাম আর্ট কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ সাবিউল আলম ও প্রখ্যাত ফ্যাশন ডিজাইনার চন্দ্র শেখর সাহা।

আয়োজনকারী কর্তৃপক্ষ জানান, অংশগ্রহণকারীদের মধ্য হতে ৫০ জন অংশগ্রহণকারীকে যোগ্যতার ভিত্তিতে বাছাই করে ২য় পর্বে উন্নীত করা হবে।

উত্তীর্ণদের স্ব স্ব বিদ্যালয়ের সম্মতিক্রমে ২টি দলে ভাগ করে সপ্তাহব্যাপী একটি কর্মশালা অনুষ্ঠিত হবে। কর্মশালায় তাঁদের মেধার বিকাশকে আরো প্রসারিত করার জন্য তাঁদেরকে হাতে কলমে প্রশিক্ষণ দিবেন জুরি বোর্ডের সদস্য। নির্বাচিত ৫০ জনের মধ্য হতে দক্ষতা যাচাইয়ের জন্য কর্মশালা শেষে পুনরায় আরো একটি অংশগ্রহণমূলক সৃজনশীল চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।

প্রতিযোগিতার ফলাফলের আলোকে প্রথম ৩০ জনের মধ্য হতে ১ম, ২য় ও ৩য় নির্বাচন করা হবে এবং ৩০ জন সবাইকেই পুরস্কারের জন্য নির্বাচন করা হবে ও সারা দেশে বিশেষভাবে সম্মানিত করা হবে। এছাড়াও তাঁদের সৃজনশীল কাজের উপর একটি এক্সিভিশন অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

পাশাপাশি সকল অংশগ্রহণকারীর জন্য থাকছে স্বদেশ পল্লীর পক্ষ হতে বিশেষ শুভেচ্ছা উপহার ও সনদ পত্র। যা ৫-১০ এপ্রিলের মধ্যে স্ব স্ব এডমিট কার্ড জমা দিয়ে অভিভাবকগণ স্বদেশ পল্লীর নির্ধারিত শো’রুম হতে সংগ্রহ করতে পারবেন।