রূপের টানে……
রুহুল আমীন :: ছুটির দিন সকালে বন্ধু প্রতীম উপজেলা সহকারি প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ফারুক ভাই ফোন করে জানতে চাইলেন আমি তাদের সাথে রূপসীকে দেখতে যাবো কী না। জিজ্ঞেস করলাম, রূপসী কে? কোথায় থাকে ? তিনি বললেন, কাছের পাহাড়েই। চলেন। বললেন, দেখলে খারাপ লাগবেনা।
সমতলের রূপসি দেখেছি অনেক কিন্তু দেখা হয় নি পাহাড়ের রূপসি সে লোভেই রাজি হয়ে গেলাম। পাঁচ সদস্যের ছোটখাটো কাফেলার সাথে ষষ্ঠ সদস্য হিসেবে দাখিল হয়ে গেলাম ট্যুরে। বের হয়ে পড়লাম রূপসীর দর্শনে।
সীতাকুণ্ড উপজেলা কমপ্লেক্স থেকে সোজা চলে গেলাম ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বারৈয়াঢালা ইউনিয়নের বড় দারোগাহাট । বড় দারোগাহাট থেকে হাতের বাঁ দিকে (ঢাকা চট্টগ্রাম রোড) একটা পাকা রাস্তা ফুলগাজি গ্রামের দিকে চলে গেছে। সেই রাস্তা দিয়ে ঢুকে পড়লাম, কিছুদূর যাবার পর হাতের বা দিকের আরেকটা ইট বিছানো রাস্তা ধরলাম-যেটা রেললাইন পর্যন্ত গিয়ে শেষ হয়েছে। এবার রেললাইন পার হয়ে মাটির রাস্তায় নেমে গাড়ি থামাতে হল,কারণ গাড়ি চলাচলের রাস্তা শেষ,এরপর হাঁটা পথ।
গাড়ি থেকে নামতেই চোখে পড়্ল বিস্তৃত ফসলের মাঠ, মাঠের পরেই গাছপালায় ঢাকা বিশাল বিশাল পাহাড়। যে পাহাড় দেয়ালের মত সীতাকুণ্ড উপজেলাকে ফটিকছড়ি থেকে আলাদা করে রেখেছে।
ফসলের মাঠ ছাড়িয়ে পাহাড়ি জংগলের পথ ধরলাম। পাহাড়ি পথে ঢুকেই মনে হল এক নৈশব্দতার অন্যরকম এক জগতে ঢুকে পড়েছি আমরা। ঝিঁঝিঁ পোকা আর পাহাড়ি পোকার ক্রমাগত একটানা ডাকও এই নৈশব্দতা দূর করতে পারেনি।
জনমানবহীন এই পাহাড়ে পোকার ডাক ছাড়া আর কোনো শব্দ নেই যেনো । নেই লোকজনের আনাগোনা। শহরের কোলাহল নেই। নেই হাইওয়ে দিয়ে ভয়ানক গতিতে ছুটে যন্ত্রদানবের সাইরেণ।
অনেকক্ষণ পরপর পাহাড়ে জীবিকার সন্ধানে যাওয়া স্থানীয়দের সাক্ষাৎ মেলে , তাও নিতান্তই কম। ছোট্ট একটা খাল পাড় হয়ে,দুই পাহাড়ের মাঝ দিয়ে খাড়া সরু পথ বেয়ে পাহাড়ে উঠে এসে পাহাড়ি ছড়ার দেখা মিললো। ফারুক ভাই জানালেন, এই বয়ে চলা ছড়ার শেষ প্রান্তেই আছে সেই রূপসী।
কোনো ভাবেই যেনো বিস্ময় শেষ হচ্ছে না আমার। যে রূপসী দর্শনের উদ্দেশ্যেই আমাদের যাত্রা, তাকে দেখার আকুলতা যেনো বাড়ছেই। রূপসী নামকরণ কে করেছে সেই তথ্য পাওয়া যায় নি। স্থানীয়রা জানালেন, রূপ্সী ঝরর্ণা। আগে থেকেই নাম জানেন এমন কেউ ভাল করে উচ্চারণ না করে দিলে প্রথমবার শুনে আসল নাম ঠাওর করা মুশকিল।
রূপবতী কন্যার দেখা পেতে হলে যেমন কাঠখড় পোড়াতে হয়। রূপবতী ঝর্ণার বেলায়ও সে কথার সত্যতা মিলল পাহাড়ে। রূপসী নামের স্বাথর্কতা অবশ্য রূপসীর কাছে না গেলে বোঝার উপায় থাকতো না ।
ছড়া দিয়ে প্রায় একঘন্টা হাঁটার পর পথ যেখানে শেষ সেখানটাতেই রূপসীর দেখা দিবে আপনার সাথে। এই পায়ে হাঁটা যাত্রা অবশ্য উপভোগ্য এবং রোমাঞ্চকর। একদল তরুণ-তরুণীকে দেখা গেল দেশের পতাকা হাতে দলবেঁধে গান গাইতে। হাতে পাহাড়ি বাশেঁর লাঠি।
কোথাও কোথাও শ্যাওলা জমে পিচ্ছিল হয়ে আছে পাথরের পথ। এক্ষেত্রে পা পিছলে পড়ার সম্ভাব্য পতন রোধে বাশের লাঠি বেশ কাজ দেয়। দুই পাহাড়ের দেয়ালের মাঝ দিয়ে বয়ে চলা স্বচ্ছ কাঁচের মত পানির ধারায় উজানে হাঁটতে হবে।
পাহাড়ি রূপসী উজানে বাস করে ভাটিতে না। আমাদের কাফেলার এক রসিক জানালেন, রূপসীর সাক্ষাৎ পেতে হলে ¯্রােতে গা ভাসানো যাবে না । পানির উৎসে খোঁজে হাঁটলেই রূপসীর দেখা মিলবে কেবল।
বিশ্বাসে মিলায় তরী তর্কে বহুদূর অনেকটা সে বিশ্বাস বুকে রেখেই এগিয়ে চললাম সামনের দিকে-রূপসী দর্শনে। পাহাড়ি ছড়ার শেষ মাথায় যাওয়ার পর মনের অজান্তেই বলে উঠলাম, বাহ্! এত কাছে এত্ত সুন্দর ঝর্ণা এর আগে দেখা হয়নি আমার ? ২০-৩০ ফুট উপর থেকে ঠান্ডা স্বচ্ছ পানির ধারা আছড়ে পড়ছে পাথরের উপর। ক্লান্ত পথিক ঝর্ণার নিচে দাঁড়ালেই ঘন্টার ক্লান্তি মুহুর্তেই নাই হয়ে যাবে।
পানি পড়ে পড়ে একটা ছোট্ট ঝলাধারের মত তৈরি হয়েছে সেখানে। খুব ছোট্ট হলেও সাঁতার কাটা যায়-ভেসে থাকা যায়-ডুবে থাকা যায়। এডভেঞ্চার প্রিয় দশর্নাথীরা সাথে হালকা খাবার এবং পানি নিয়ে যেতে পারেন। কারন যাওয়া ,আসা এবং ঝর্ণা উপভোগ সব মিলিয়ে অন্তত ঘন্টা তিনেক সময় তো লাগবেই। স্থানীয় পরিচিত কাউকে গাইড হিসেবে আপনার সাথে নিয়ে গেলে ভালো। পথ চিনিয়ে এগিয়ে যেতে সাহায্য করবে সে। ৬/৭ জন দল বেধে গেলে পায়ে হাটার ক্লান্তিটুকু টের পাওয়া যাবে না।
এডভেঞ্চারের সাথে ঝর্ণার উপচে পড়া জল আপনাকে ফিরিয়ে দিতে পারে ফেলা আসা শৈশবের ভুলে যাওয়া কোনো স্মৃতি।
লেখক: রুহুল আমীন, উপজেলা নির্বাহী কর্মকর্তা, সিতাকুন্ড, চট্টগ্রাম।