ব্যক্তিগত বায়োগ্রাফিলিডসফলতার গল্প

বাবার মতো সেবক হতে চাই- সালেহীন

জালালউদ্দিন সাগর : কী হতে চান-এমন প্রশ্নের সাদামাটা জবাব ‘সেবক’ হতে চাই। বাবার মতো মানুষের সেবা করতে চাই। ভালোবেসে কাছে থাকতে চাই মানুষের। মানুষের জন্য ঘরে ঢোকার দরজাটা (প্রধান ফটক) খুলে দিয়েছিলেন বাবা। সে দরজাটা এখনো খোলা। খোলা থাকবে সব সময়। চট্টগ্রামের মানুষের জন্য যে দরজা বাবা খুলে দিয়েছেন সে দরজা কখনো বন্ধ হবে না-জানান বোরহানুল হাসান চৌধুরী সালেহীন।

চট্টগ্রামের সাধারণ মানুষের নেতা, চট্টলার বীর, এ বি এম মহিউদ্দিন চৌধুরীর ছোট ছেলে আরও বলেন,আমি নেতা হতে চাই না। আমি শুধুই সেবক হতে চাই। বাবা যেমন ছিলেন।

বাবা মহিউদ্দিন চৌধুরীকে স্মরণ করতে গিয়ে ক্লিক ম্যাগাজিনের কাছে এমন মন্তব্য করেন তিনি। তিনি বলেন, চট্টগ্রামে মহিউদ্দিন চৌধুরী একজনই ছিলেন। চট্টগ্রামে আর একজন মহিউদ্দিন চৌধুরীর জন্ম কখনোই হবে না। কেউ চাইলেও মহিউদ্দিন চৌধুরী হতে পারবে না। আমি কিংবা আমরা ভাই শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলও না। মহিউদ্দিন চৌধুরী একজনই । চট্টগ্রামের অভিভাবক।

বোরহানুল হাসান চৌধুরী সালেহীন আরও বলেন, চট্টগ্রামের মানুষের পাশে থাকতে এবং চট্টগ্রামের মানুষকে ভালোবাসতে বাবা আমাদের যে দীক্ষা দিয়েছেন যেদিন তার ৫০ভাগ পালন করতে পারবো সেদিন নিজের জন্ম সার্থক বলে মনে হবে।
বোরহানুল হাসান চৌধুরী সালেহীন বাবা মহিউদ্দিন চৌধুরীর আদর্শকে লালন করে চট্টগ্রামের মানুষের ভাগ্য পরিবর্তনের স্বপ্ন দেখেন। স্বপ্ন দেখেন পরিচ্ছন্ন একটি আধুনিক নগরী গড়ার। তবে তা শুধু রাজনীতি করেই করা সম্ভব এমন কথা মানতে নারাজ বোরহান। তিনি বলেন, আমরা যদি স্ব স্ব জায়গায় প্রতিজ্ঞাবদ্ধ হই তবে ব্যক্তি উদ্যোগে এই নগরীকে বদলে দেয়া সম্ভব। সে জন্য এই নগরের প্রতি কমিটমেন্ট থাকা জরুরি।

বোরহানুল হাসান চৌধুরী সালেহীনের জন্ম ১৯৮৮ সালের ২৭ জানুয়ারি। বেড়ে ওঠেছেন মেয়র গলিতে। মা হাসিনা মহিউদ্দিন। ২ভাই আর ৪বোনের মধ্যে চতুর্থ বোরহান। বড় বোন জেবুননেসা লিজা ব্যবসায়ী ও নারী উদ্যোক্তা। বড় ভাই মহিবুল হাসান চৌধুরী নওফেল গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা উপমন্ত্রী। মেজ বোন মৃত ফৌজিয়া সুলতানা টুম্পা। আর ছোট দুই বোন ইসরাত শারমীন ও নুসরাত শারমীন চট্টগ্রামের একটি বেসরকারি বিশ^বিদ্যালয়ের সহকারী প্রভাষক। স্ত্রী নাদিয়া ইসলাম গৃহিণী।

সালেহীনের ধারাপাতের হাতেখড়ি চট্টগ্রাম মহিলা সমিতি (বাওয়া) স্কুলে। তখন বাওয়া স্কুলে ছেলেদের পড়ালেখা করার সুযোগ ছিলো। সেখানে পড়েছেন দ্বিতীয় শ্রেণি পর্যন্ত। এর পর সানসাইন গ্রামার স্কুল। সেখান থেকে ২০০৫ সালে ও লেভেল সম্পন্ন করেন তিনি। লন্ডনের আলবিয়ন কলেজ থেকে অ্যাডভান্স ডিপ্লোমা ইন বিজনেস ম্যানেজমেন্ট কোর্স সম্পন্ন করে ইউনিভার্সিটি অব গ্রিনউইচ, লন্ডন থেকে ২০১০ সালে বিজনেস ম্যানেজমেন্ট অ্যান্ড মার্কেটিং এ বিবিএ সম্পন্ন করে ফিরে আসেন দেশে। ভর্তি হন চট্টগ্রাম ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি (সিআইইউ)।

সালেহীন বলেন, ছোটবেলা থেকেই আমি আত্মনির্ভরশীল একজন ছেলে। নিজ প্রচেষ্টায় এগিয়ে যাওয়ার স্বপ্ন দেখতাম। সে কারণে পড়ালেখা শেষ করে বিদেশ থেকে ফিরেই নিজে কিছু করার চেষ্টা করেছি।

তিনি আরও বলেন, সম্পূর্ণ ব্যক্তিগত উদ্যোগে চট্টগ্রাম ও ঢাকাতে শুরু করেছি ফুড অ্যান্ড বেভারেজ বিজনেস। ২০১১ সালে সি.পি ফ্রেঞ্চাইজি নিয়ে ব্যবসা শুরু করি । ২০১৫ সালে প্রতিষ্ঠা করি ক্যাফে মিলানো। এরপর মিলানো এক্সপ্রেস, লিটল এশিয়া ও ঢাকার গুলশানে মিলানো রেস্টুরেন্ট এখন ভোজন রসিকদের প্রছন্দের রেস্টুরেন্ট। জানান সালেহীন। তিনি আরও বলেন, এ ছাড়া গ্রিনভেস্ট নামে আমার একটি কনস্ট্রাকশন কোম্পানি আছে।

গত অর্ধ যুগ ধরে চট্টগ্রামে রেস্টুরেন্ট ব্যবসার আমূল পরিবর্তন হয়েছে জানিয়ে সালেহীন বলেন, রেস্টুরেন্ট ব্যবসার সাথে জড়িত উদ্যোক্তাদের এই সুনামটি ধরে রাখতে হবে।

উদ্যোক্তাদের পরিচ্ছন্ন ব্যবসা করার অনুরোধ জানিয়ে তিনি আরও বলেন, দুই নাম্বারি করে সাময়িক লাভবান হওয়া যায় কিন্তু কখনোই দীর্ঘস্থায়ী হওয়া যায় না। সে কারণে সৎ উপায়ে ব্যবসা করতে হবে।

বাবা মহিউদ্দিন চৌধুরীর মৃত্যুর পর ২০১৮ সালে বাবার নামে এ.বি.এম মহিউদ্দিন চৌধুরী ফাউন্ডেশন গড়ে তুলেছেন সালেহীন। ওই ফাউন্ডেশন থেকে চট্টগ্রামের অবহেলিত ও দুস্থ মানুষকে সহযোগিতা করেন তিনি।

এ ছাড়া মেম্বার সেক্রটারি, চট্টগ্রাম প্রিমিয়ার ইউনিভার্সিটির। পরিচালক, চট্টগ্রাম মেম্ট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ লিমিটেড। পরিচালক, বেসরকারি টেলিভিশন চ্যানেল বিজয় টিভি। পরিচালক, এন.আর.বি ব্যাংক এবং বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট চট্টগ্রাম মহানগর কমিটির সমাজকল্যাণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন চট্টগ্রামের অবিসংবাদিত নেতা, চট্টলবীর এ.বি.এম মহিউদ্দিন চৌধুরীর সুযোগ্য পুত্র বোরহানুল হাসান চৌধুরী সালেহীন।