ব্যতিক্রমী পুলিশ কর্মকর্তা মাহাবুবর রহমান
জালালউদ্দিন সাগর : ব্যতিক্রমী কিছু করার নেশা যেন তাকে ছাড়েই না। হোক ব্যক্তি জীবনে কিংবা পেশাগত। কদাচিৎ কখনো যদি সময় মেলে সহধর্মিণীকে নিয়ে বেরিয়ে পড়েন অরণ্যে। সবুজের কাছাকাছি। কখনো গাড়িতে আবার কখনো সখনো মোটরসাইকেল-এ। ছোট মেয়েটিকে নিয়ে যখন রিকশাভ্রমণে বের হন তখন হয়তো অনেকেই আড় চোখে তাকিয়ে থাকেন তাঁর দিকে। বিস্ময়ে হয়তো অনেকেই ভাবেন-এও কী সম্ভব? হ্যা পাঠক, সম্ভব। মানুষটি যদি হয় চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কমিশনার মাহাবুবর রহমান রিপন,বিপিএম,পিপিএম!
সরকারি সব সুবিধা থাকার পরও কেন এই ভিন্নধর্মী আয়োজন জানতে চাইলে তিনি বলেন, ঘুম থেকে উঠে শুরু হয় চাকরি। আবার ঘুমিয়ে ঘুমিয়েও সেই চাকরি-ই করতে হয়। নাগরিক নিরাপত্তা নিশ্চিত করতে কেটে যায় দিনের সবটুকু সময়। সে কারণে মাঝে মাঝে সব কিছু ঝেড়ে ফেলে কিছুটা সময়ের জন্য আমি হয়ে ওঠি পরিবারের একজন হয়ে। পিতা,বন্ধু,স্বামী। কিছুটা সময়ের জন্য আমি হয়ে উঠি তাদেরই একজন হয়ে। যাঁরা দিন শেষে প্রতীক্ষায় থাকে আমার। জানান মাহাবুবর রহমান।
শুধু কী পরিবার? ব্যতিক্রমী নানান উদ্যোগের জন্য পেশাগত জীবনেও প্রশংসিত তিনি। প্রশংসিত নিজ বাহিনীর সহকর্মীদের কাছে, প্রশংসিত নগরবাসীর কাছেও।সম্প্রতি ( ১৭ নভেম্বর-২০১৯) সিএমপি’র পরিদর্শক পদে পদোন্নতি পাওয়া ১১ কর্মকর্তাকে ব্যাজ পরিয়ে দেন সিএমপি কমিশনার। আগের যে কোনো সময়ের ব্যাজ পরানো অনুষ্ঠানের চেয়ে ১১ কর্মকর্তার ব্যাজ পরানো অনুষ্ঠানটি ছিলো ব্যতিক্রম। এসময় তিনি পদোন্নতিপ্রাপ্ত পুলিশ কর্মকর্তাদের বাবা,মাসহ পরিবারের সদস্যদের ব্যাজ পরানো অনুষ্ঠানে নিমন্ত্রণ জানান এবং পরিবারের সদস্যদের হাতে কর্মকর্তাদের ব্যাজ পরিয়ে ব্যতিক্রমী অয়োজনের জন্য অধীনস্থদের বাহবাও পান পুলিশের এই উর্ধ্বতন কর্মকর্তা।
সিএমপিতে কমিশনার হিসেবে যোগ দেয়ার পর সুবিধাবাদী পুলিশ সদস্যদের খুঁজে বের করার উদ্যোগ নিয়ে আলোচিত হন সিএমপি’র এই অধিকর্তা। ধানের গোলা থেকে চিটা খোঁজার মতো করে ভালো পুলিশ আর মন্দ পুলিশকে আলাদা করার উদ্যোগ নেন তিনি। যাঁরা ভালো কাজ করেন সাথে সাথে তাঁদেরকে নিজ কার্যালয়ে ডেকে আর্থিক পুরস্কারসহ একাডেমিক প্রশংসাপত্র দেন তিনি।
সফলতার মাপকাঠির বিচারে মাস শেষের অপরাধ সভায় কর্মঠ সফল পুলিশ সদস্যদের পুরস্কৃত করার নীতি বাহিনীতে থাকলেও সফলতার সাথে সাথে পুরস্কৃত করা কিংবা স্বীকৃতির রীতি চালু করেন তিনিই প্রথম। ক্রাইম ডিটেকটেড, ক্রিমিনাল অ্যারেস্ট করাসহ যে কোনো ভালো কাজের জন্য সাথে সাথে পুরস্কৃত করা কেন জানতে চাইলে তিনি বলেন, ভালো কাজের স্বীকৃতি সাথে সাথে দিলে পুনরায় ভালো কাজ করার উৎসাহ বাড়ে।
শুধু সহকর্মীদের জন্য ব্যতিক্রমী উদ্যোগ নয় মাহাবুবর রহমানের ব্যতিক্রমী উদ্যোগের সফলতার ছাপ পড়েছে পুরো নগরে। গত দেড় বছরের সিএমপির এই উর্ধ্বতন কর্মকর্তা শাসক থেকে পুলিশকে গড়ে তুলেছেন সেবক হিসেবে। পুলিশের কাছে গিয়ে মানুষ ভীত থাকে বলে পুলিশকে তিনি পাঠিয়েছেন মানুষের কাছে। লাল গোলাপ আর চকলেট নিয়ে। শুধু যে থানার ওসি কিংবা এসআই মানুষের দরজায় যাচ্ছে তা কিন্তু নয়;নগরবাসীর দরজায় যাচ্ছে পুলিশের ডিসি-এডিসি এবং এসি’রাও। সেই সাথে প্রতিটি থানায় সপ্তাহে একদিন করে ডিউটি অফিসারের দায়িত্ব পালন করার জন্য তিনি নির্দেশ দিয়েছেন ডিসি-এডিসি এবং এসি’দের।
উর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের থানাতে ডিউটি অফিসারের দায়িত্ব দেয়া কেন জানতে চাইলে তিনি বলেন, থানার ওসি’দের ব্যাপারেও অনেক অভিযোগ থাকে যে অভিযোগগুলো হয়তো ভয়ে সেবাপ্রার্থীরা আমাকে জানায় না। একই সাথে থানাতে সেবার মান কেমন সে বিষয়টি নিশ্চিত হতে এমন উদ্যোগ নেয়া হয়েছে। জানান মাহবুবর রহমান।
তিনি বলেন, আমি পুলিশ হয়েছি মানুষের সেবা করার জন্য। মানুষের উপকার করে বিনিময়ে তাঁদের কাছ থেকে দোয়া নেওয়ার জন্য। অনৈতিক সুবিধা নেওয়ার জন্য না। সে কারণে আমি চাই আমার (পুলিশের) দরজায় যাঁরা আসবেন তাঁরা যেন হাসিমুখে ঘরে ফিরতে পারেন।
মাহাবুবর রহমান রিপনের জন্ম জামালপুর জেলার মাদারগঞ্জ থানার চর পাকেরদহ গ্রামে ১ জানুয়ারি ১৯৬৫সালে। বাবা মৃত মো. মোজাম্মেল হক ছিলেন বেসরকারি প্রতিষ্ঠানের সহকারী প্রকৌশলীআর মা মমতাজ বেগম গৃহিণী।
১৯৮৪ সালে জামালপুরের মাদারগঞ্জ সরকারি হাই স্কুল থেকে এসএসসি,ময়মনসিংহ আনন্দমোহন কলেজে থেকে ১৯৮৬ সালে এইচএসসি এবং ঢাকা বিশ^বিদ্যালয় থেকে ১৯৯৪ সালে পদার্থবিজ্ঞানে এমএসসি সম্পন্ন করেন তিনি।
ব্যক্তিজীবনে তিন ছেলে ও এক মেয়ে সন্তানের পিতা তিনি। বড় ছেলে মাহিয়ান ইশরাকের জন্ম ২৮ মার্চ ১৯৯৯। সে কানাডার একটি বিশ^বিদ্যালয়ের শিক্ষার্থী। বড় মেয়ে সুমাইয়া মেহজাবিন’র জন্ম ২৯ অক্টোবর, ২০০৫সালে। সে মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুলের ৮ম শ্রেণির শিক্ষার্থী। মেজো ছেলে মো.মাহাথির ইশরাকের জন্ম ১২ অক্টোবর, ২০০৯ সালে । সে সেন্ট জোসেফ স্কুলের ৪র্থ শ্রেণিতে পড়েন। ছোট ছেলে মো.মায়াসির ইশরাকের জন্ম ১৪ আগস্ট, ২০১১ সালে। সে পড়ে প্রথম শ্রেণিতে।

একসময় কবিতা লিখতেন মাহাবুবর রহমান। সম্পাদনা করেছেন ‘কলি’ নামের একটি সাহিত্য ম্যাগাজিনও। নিজের সবটুকু সৃজনশীলতা, প্রজ্ঞা-মেধা দিয়ে নিরন্তর কাজ করছেন পুলিশের এই উর্ধ্বতন কর্মকর্তা। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার হিসেবে যোগ দিয়েছেন ২০১৮ সালের ২৭ মে। এর আগে ছিলেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার।
বাংলাদেশ পুলিশ সূত্রে জানা গেছে, ১৫তম বিসিএস পুলিশ ক্যাডার মাহাবুবর রহমান চাকরিতে যোগদান করেন ১৫ নভেম্বর ১৯৯৫ সালে। এরপর বুনিয়াদি প্রশিক্ষণ শেষে এ.এস.পি (সদর)নরসিংদী ৩০ জুন ১৯৯৭ থেকে ২০ সেপ্টেম্বর ১৯৯৮। এ.এস.পি (সদর সার্কেল) কিশোরগঞ্জ ৩০ সেপ্টেম্বর ১৯৯৮ থেকে ৯ ডিসেম্বর ১৯৯৯। এ.এস.পি (বাজিতপুর সার্কেল) কিশোরগঞ্জ ৯ ডিসেম্বর ১৯৯৯ থেকে ১০ জানুয়ারি ২০০২। এ.এস.পি (সদর সার্কেল) নেত্রকোনা ১৯ জানুয়ারি ২০০২ থেকে ৭ জুন ২০০৩। সহকারী কমিশনার, কেএমপি, খুলনা, ১৫ জুন ২০০৩ থেকে ১০ আগস্ট ২০০৩। সহ-অধিনায়ক,এপিবিএন,খুলনা ১০ আগস্ট ২০০৩। অতিরিক্ত পুলিশ সুপার র্যাব ২০০৩ থেকে ৩০ জুলাই ২০০৪। পুলিশ সুপার (চলতি দায়িত্ব)এপিবিএন,মহালছড়ি, খাগড়াছড়ি-২০০৪। পুলিশ সুপার হাইওয়ে পূর্ব,কুমিল্লা ১৪ অক্টোবর ২০০৬ থেকে ২৪ নভেম্বর ২০০৬। পুলিশ সুপার,এপিবিএন,বগুড়া ৪ ডিসেম্বর ২০০৬ থেকে ১৮ ফেব্রুয়ারি ২০০৭। উপ-পুলিশ কমিশনার (তেজগাও বিভাগ) ডিএমপি, ১৮ ফেব্রুয়ারি ২০০৭ থেকে ২৫ মার্চ ২০০৯। পুলিশ সুপার,বরিশাল ২৩ মার্চ ২০০৯ থেকে ৭ মার্চ ২০১০। উপ পুলিশ কমিশনার (ডিবি-উত্তর)ডিএমপি ১৭ মার্চ ২০১০ থেকে ১০ নভেম্বর ২০১২। পুলিশ সুপার,কুমিল্লা, ১২ নভেম্বর ২০১২ থেকে ২৯ এপ্রিল ২০১৩। অতিরিক্ত ডিআইজি,চট্টগ্রাম রেঞ্জ ২ মে ২০১৩ থেকে ২ এপ্রিল ২০১৬। অতিরিক্ত ডিআইজি ঢাকা রেঞ্জ ৩ এপ্রিল ২০১৬ থেকে ১২ আগস্ট ২০১৭। পুলিশ কমিশনার,রাজশাহী ১৩ আগস্ট ২০১৭ থেকে ৬ জুন ২০১৮। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার হিসেবে যোগ দেন গত ২৭ মে ২০১৮সালে।