
জালালউদ্দিন সাগর: নিভৃতেই চলে গেলেন জেলার সীতাকুণ্ড উপজেলার বর্ষীয়ান কর্মবীর, সমাজকর্মী ও শিল্পপতি আলহাজ শাহ আলম চৌধুরী। গত ১৫ অক্টোবর,বৃহস্পতিবার সকাল ১০টায় নগরীর আমিরবাগস্থ নিজ বাসভবনে বার্ধক্যজনিত কারণে মারা যান তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯২ বছর। তিন পুত্র ও দুই কন্যা সন্তানের জনক ছিলেন তিনি। স্ত্রী আলহাজ নাসরিন আলম চৌধুরী।
চট্টগ্রাম জেলার জনপদ সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের ইমামনগর গ্রামের এক সম্ভ্রান্ত জমিদার পরিবারে তাঁর জন্ম। চিন্তা-চেতনায় সঠিক কর্মযজ্ঞের কারণে কর্মবীর মানুষটি আলোকিত ওই জনপদের আলোকিত একজন মহাবীর। মিষ্টি হাসি, শিশুসুলভ আচরণ স্পষ্ট ছিল তাঁর চোখে-মুখে । সবার কাছে অত্যন্ত প্রিয়ভাজন তিনি।
১৯৩০ সালের ১ জানুয়ারি জন্ম গ্রহণ করেন সীতাকুণ্ডের এই কৃতি সন্তান। পিতা মরহুম তবারক আলী চৌধুরী ছিলেন একজন প্রজা-বৎসল জমিদার এবং মা মরহুম ফাতেমা বেগম বিদূষী নারী। চট্টগ্রাম সরকারি কলেজ থেকে কৃতিত্বের সাথে লেখাপড়া শেষে তিনি কর্মজীবনে প্রবেশ করলেও সাধারণ মানুষের কল্যাণ সাধনই ছিল কর্মতৎপরতার মূল উদ্দেশ্য। কর্মজীবনে তিনি ছিলেন চট্টগ্রাম জেলা পরিষদের প্রভাবশালী সদস্য, সীতাকুন্ড থানা পরিষদের সুযোগ্য সচিব। ভাটিয়ারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান।
এসব পদে থাকাকালীন সময়ে জাতি-ধম-বর্ণ নির্বিশেষে মানুষের কল্যাণে নিবেদিত প্রাণ ছিলেন তিনি। সামাজিক দায়বদ্ধতা থেকে আলহাজ শাহ আলম চৌধুরী তাঁর মরহুম পিতার নামে ভাটিয়ারী টি.এ সি উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠা করেন। যার মধ্য দিয়ে ভাটিয়ারী এলাকায় ঘরে ঘরে জ্ঞানের আলো ছড়িয়ে পড়ে। বিদ্যালয় প্রতিষ্ঠাকালীন সময় থেকে বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতির দায়িত্ব পালন করেছেন তিনি।
এছাড়া বানুর বাজারেররহমানিয়া সুন্নিয়া মাদ্রাসা তারই হাতে গড়া একটি ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান। সীতাকুণ্ড ডিগ্রি কলেজ, বিজয় স্মরণী বিশ্ববিদ্যালয় কলেজ, ফৌজদারহাট কে, এম উচ্চ বিদ্যালয়, কুমিরা আবাসিক উচ্চ বিদ্যালয়, কুমিরা আবাসিক বালিকা স্কুল এন্ড কলেজ, হযরত ডাল-চাল মিয়া (র:) ইসলামী কমপ্লেক্স, কুমিরা আবাসিক স্কুল,অডিটরিয়াম ইত্যাদি প্রকল্প প্রতিষ্ঠা ও উন্নয়নে তার অপরিসীম অবদানের কথা সর্বজনবিদিত। কর্মবীর এই মানুষটি দিন বদলের একজন অনুঘটক হিসেবে কাজ করেছেন প্রতি নিয়ত।
খোঁজ নিয়ে জানা যায়, শাহী ট্রেডিং এন্ড কোং তার প্রথম ব্যবসায় প্রতিষ্ঠান। এরপর শাহ আলম চৌধুরী বহু সংখ্যক শিল্প কারখানা গড়ে তুলেছেন নিজ উদ্যোগ ও চেষ্টায় । বানুর বাজারে ১০০% রপ্তানিমুখি কম্পোজিট পোশাক শিল্প বি এম গার্মেন্টস লি:, নেমসন ফ্যাশন ম্যানেজমেন্ট লি:, ফুয়েল প্লাস ফিলিং এন্ড সার্ভিসিং সেন্টার (সিএনজি ফিলিং স্টেশন) ফুয়েল প্লাস, নেমসন কন্টেইনার ডিপো লি: এবং নাছরিন এন্ড আলম এগ্রো লি: ইত্যাদি তার হাতে গড়া প্রতিষ্ঠান।
এক বুক স্বপ্ন ও কিছু সহযোগীকে নিয়ে একটি মাটির পিদিম জ্বালিয়ে শাহ আলম চৌধুরী শিক্ষা প্রতিষ্ঠান গড়ার যাত্রা শুরু হয়। একসময় তিনি নিজেই গ্রামে গ্রামে গিয়ে ছাত্র-ছাত্রী সংগ্রহ করতেন। বিত্ত-বৈভবের মাঝে থেকেও কখনও বিলাসীতাকে কাছে ভিড়তে দেননি নিজের কাছে।
কথিত আছে, এলাকায় কোনো শিক্ষা প্রতিষ্ঠানের জন্য তার কাছে গেলে কাউকে খালি হাতে ফিরতে হয়নি কখনো। সীতাকুন্ড উপজেলায় এমন কোন শিক্ষা প্রতিষ্ঠান রনই যার অবকাঠামো নির্মাণে শাহ আলম চৌধুরীর ব্রিক ফিল্ডের বিনামূল্যে দেওয়া ইট লাগেনি দেওয়ালে।
শাহ নেওয়াজ বাবা সম্পর্কে বলতে গিয়ে জানান, চট্টগ্রামের মানুষের উন্নয়নে শিক্ষা প্রতিষ্ঠানসহ শিল্পগ্রুপ প্রতিষ্ঠা করলেও রাষ্ট্রীয়ভাবে কোনো সম্মান জানানো হয় নি। দেওয়া হয় নি কোনো স্বীকৃতি। জীবিত অবস্থায় কোনো স্বীকৃতি না পেলেও মৃত্যুর পরে হলেও তিনি যেন সমাজসেবা মূলক রাষ্ট্রীয় স্বীকৃতি পান-এমনটাই দাবী জানান শাহ আলম চৌধুরীর বড় সন্তান শাহ নেওয়াজ।