এক কংকালের পিছে পিবিআইয়ের ৩৬৫ দিন..
জালালউদ্দিন সাগর : নিখোঁজের পর সপ্তাহ পেরিয়ে মাস তবুও অপেক্ষার প্রহর শেষ হয় না। এরপর জীবিত নয় অন্তত মরদেহ কিংবা কংকাল উদ্ধার করে হলেও যেন পরিবারের শেষ ইচ্ছা পূরণের প্রানান্তর চেষ্টা! এভাবে এক মানব কংকালের খুঁজে ৩৬৫ দিনের দীর্ঘ এক সফর শেষ করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই),চট্টগ্রাম জেলার পুলিশ কর্মকর্তারা। দীর্ঘ এই সফরে শুধু দায়িত্বের ভার নয় মানবিকতার ব্যাপারটিও তাড়িয়ে বেড়িয়েছে পিবিআইকে।
নিখোঁজ ব্যক্তির স্বজনদের কাছে ‘বাঁচা-মরার’ খবরটি পৌঁছে দিতে চেয়েছিলেন পিবিআই। দীর্ঘ এক বছর পর অন্তত হতভাগার কংকালটি হলেও তুলে দিতে পেরেছেন স্বজনদের হাতে-এটাই তৃপ্তি পিবিআই’র ।
পিবিআইয়ের দুসাধ্যের এই উদ্ধার অভিযানকে মানবিকতার অনন্য দৃষ্টান্ত উল্লেখ করে চট্টগ্রাম জেলার সাবেক পিপি ও বর্তমান সুপ্রিম কোর্টের এটর্নি জেনারেল, আবুল হাশেম বলেন, দায়িত্ববোধ থেকে পিবিআই হেলালের কংকাল উদ্ধার করে যে দৃষ্টান্ত স্থাপন করেছে তা অনন্য। তিনি আরও বলেন, এক বছর আগে নিখোঁজ হওয়া একজন মানুষের কংকাল খুঁজে বের করতে যে সময় ও পেশাগত নিষ্ঠার পরিচয় দিয়েছেন তা বাংলাদেশ পুলিশে উদাহরণ হয়ে থাকবে।
উল্লেখ্য, ঢাকা থেকে ফটিকছড়িতে এসে গত বছর (২০১৯) ১৯ নভেম্বও হেলাল উদ্দিন নামের ঐ ব্যক্তি নিখোঁজ হয়েছিলেন ভূজপুর থানার বাংলাদেশ-ভারত সীমান্তবর্তী বাগানবাজার ইউনিয়নের নুরপুর এলাকার জঙ্গলে। নিখোঁজের ঠিক এক বছর পর সেই হেলালের কংকালই জঙ্গলের ৫০ফুট গভীর গর্তের ভেতর থেকে উদ্ধার করে পিবিআই।
পারিবারিক অশান্তি,ব্যবসার উচ্চাভিলাস,অপহরণ চক্রের লোভ এবং ভূজপুর থানা পুলিশের অবজ্ঞায় যে মানুষটি ৩৬৫ দিন আগে হারিয়ে গিয়েছিলেন নুরপুর এলাকার গভীর জঙ্গলে-সে মানুষটিকে খুঁজে বের করার কী এমন দায় ছিল পিবিআই’র-এমন প্রশ্নের জবাবে পিবিআইয়ের চট্টগ্রাম জেলার পুলিশ সুপার (এসপি) নাজমুল হোসেন বলেন, ঠিক দায়িত্ব নয়,মানুষের অর্পিত কাজের বাইরেও কিছু মানবিকতার বিষয় থাকে ।
এর পর দীর্ঘশ্বাস নিয়ে এসপি নাজমুল হোসেন বললেন, পেশাগত দায়িত্বের বাইরে গিয়েও মাঝে মাঝে কিছু কাজ করতে হয় আমাদের। যে কাজ শুধুই দায়। এ দায় চাকরী বা পেশাদারিত্বের নয়-এ দায় মনের,মানবিকতার ও মনুষত্বের।
তিনি আরও বলেন, যে মানুষটি নিখোঁজ হয়েছিলেন তার তো ঘরে স্বজন আছেন, বাবা আছেন,স্ত্রী-সন্তান আছেন। ষাটোর্ধ বাবা কী ছেলের ফিরে আসার প্রতীক্ষায় বাড়ির আঙিনায় পথ চেয়ে থাকবেন না? সন্তানরা বাবার প্রতীক্ষায় কেঁদে-কেঁদে ক্লন্ত হবে প্রতি রাতে? স্ত্রীর দুটো চোখ প্রতিনিয়ত চেয়ে আছে স্বামীর পানে? আমরা এসব বেদনা আর হাহাকারের অবসান চেয়েছি।
পুলিশ সূত্রে জানা যায়, হেলাল বিবাহিত জীবনে তিনি দুই স্ত্রীর স্বামী । দুই পরিবারে ৩ সন্তানের জনক ছিলেন তিনি। চাকুরি করতেন ঢাকার একটি এনজিওতে। বড় বউ ঝর্ণা বেগম ও বন্ধু বাবুলকে সাথে নিয়ে ঢাকা থেকে চট্টগ্রামে এসেছিলেন তক্ষকের সন্ধানে। গত বছর ১৮ নভেম্বর নিখোঁজ হওয়ার আগে খাগড়াছড়ি ও ফটিকছড়ির বিভিন্ন হোটেলে রাত-যাপন করেছিলেন তারা।
বিপিআই থেকে পাওয়া তথ্যে জানা যায়, গত বছরের ১৮ নভেম্বর তক্ষক কেনার জন্য ঢাকা থেকে চট্টগ্রামের ভূজপুরে এসে হেলাল নিখোঁজ হন। এ ঘটনায় ২০১৯ সালের ৬ ডিসেম্বর হেলালের স্ত্রী কানিজ ফাতেমা পিংকি ভূজপুর থানায় মামলা দায়ের করেন।
অভিযোগ রয়েছে, হেলাল ঢাকা থেকে চট্টগ্রাম এসে নিখোঁজ হওয়ার অজুহাতে প্রথমে ভূজপুর থানা পুলিশ মামলা না নিয়ে ঢাকার সবুজবাগ থানায় মামলা করার পরামর্শ দেন স্বজনদের। পরে পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশে নিখোঁজ হওয়ার আঠারো দিন পর (৬ (ডিসেম্বর) মামলা নেয় ভূজপুর থানা পুলিশ।
তবে মামলা না নেওয়ার বিষয়টি অস্বীকার করে ভূজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ আবদুল্লাহ বলেন, হেলালের বন্ধু বাবুলের সাথে অবৈধ সম্পর্ক ছিলো ঝর্ণা বেগমের। স্বামীর চোখকে ফাঁকি দিয়ে বিভিন্ন হোটেলে একসাথে রাতও কাটিয়েছেন তারা। বড় স্ত্রী ঝর্ণা বেগম ও বন্ধু বাবুলকে সাথে নিয়ে তক্ষকের খোঁজে চট্টগ্রাম এসে অপহরণকারীদের খপ্পরে পড়েন হেলাল।
তিনি আরও বলেন, ঘটনার পর আমাদের সাথে কেউ যোগাযোগ করেনি। পরে নিখোঁজ হেলালের দ্বিতীয় স্ত্রী কানিজ ফাতেমা পিংকি গত বছর ৬ ডিসেম্বর থানায় মামলা করেন।
তথ্যানুসন্ধানে জানা যায়, থানায় মামলা হওয়ার দুই মাস পর গত ফেব্রুয়ারি মাসে পিবিআইকে তদন্তে নির্দেশ দেন আদালত। এর অঅগ পর্যন্ত মামলাটির ছায়া তদন্ত করছিলো পিবিআই।
চলতি বছরের ২৩ জুলাই রামগড় বাগানবাজার এলাকা পথকে যাত্রী বহনকারী মোটরসাইকেল চালক জাকির হোসেন রবেলকে গ্রেফতার করার পর গহীণ অরণ্যে আলোর রেখা খুঁজে পায় পিবিআই। ২৫ জুলাই স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন রুবেল। বলেন,গত বছরের ২৩ নভেম্বর সকাল ১০টার দিকে বাগানবাজার ইউনিয়নের লালমাই গ্রামের জনৈক ‘রাজা ভাই’ তাকে বলেন পার্শ্ববর্তী চিকনছড়া বাজারে হেলাল নামে এক লোক এসেছেন, তাকে যেন মোটরসাইকেলে করে তার (রাজা) বাড়িতে পৌঁছে দেওয়া হয়। আমি যখন হেলালকে নিয়ে রাজা ভাইয়ের বাড়িতে যান, সেখানে ইসমাইল, সাদ্দাম ও বিল্লালকে দেখি। স্বীকারুক্তিতে যোগ করেন রুবেল।
রুবেলের দেওয়া তথ্যের ভিত্তিতে তক্ষকের ক্রেতা সেজে বিল্লালকে গ্রেফতার করে পিবিআই। প্রাথমিক জিজ্ঞাসাবাদে বিল্লাল জানান, হেলালকে হত্যা করে লাশ খাগড়াছড়ির কাছে ফটিকছড়ির বাগানবাজার ইউনিয়নের নুরপুর এলাকার পাহাড়ে মাটি চাপা দেওয়া হয়। বিল্লালের সাথে নিয়ে গত ২০ নভেম্বর বৃহস্পতিবার দীর্ঘ ১৭ ঘণ্টার অভিযানে ৫০ ফুট গভীর খাদে মাটি খনন করে হতভাগা হেলালের কঙ্কাল উদ্ধার করে পিবিআই।