কনট্যাক্ট লেন্স পরছেন, চোখের মেকআপে খেয়াল রাখুন এগুলি
ওয়াহিদ বিন আবির : যারা চশমা পরেন নিয়মিত, তাদের মেকআপে সমস্যা একটাই তা হলো যে চোখ ঢেকে যায় ও চোখের মেকআপ বোঝা যায় না। এই সমস্যা থেকে মুক্তি পেতে হলে কন্ট্যাক্ট লেন্স ছাড়া নেই কোনো উপায়। চোখের সৌন্দর্য প্রায় দ্বিগুণ বাড়িয়ে দেয় এই অনুষঙ্গটি। তবে তাদের মেকআপ করার সময় একটু বেশি সাবধানতা অবলম্বন করা উচিত। কারণ সামান্য অসাবধানতাতেও চোখের ক্ষতি হতে পারে।
১. আপনি যদি কনট্যাক্ট লেন্স ব্যবহার করেন, তবে চোখের মেকআপ করার সময় পাউডার আইশ্যাডো ব্যবহার করবেন না। এক্ষেত্রে, আপনি বিশেষ কিছু ওয়েট বা ক্রিমি আইশ্যাডো ব্যবহার করতে পারেন। পাউডার আইশ্যাডো ব্যবহার করলে চোখের ভেতরে ঢুকে যেতে পারে। যার ফলে লেন্সের জন্যে চোখে জ্বালা এবং ইনফেকশন হতে পারে।
২. লেন্স পরার আগে হাত যেন একদম পরিষ্কার থাকে সেদিকে খেয়াল রাখবেন। পাশাপাশি, হাতে কোনো ধরনের মেকআপ বা নোংরা যাতে না লেগে থাকে সেদিকেও নজর দিন। লেন্স খোলার সময়েও এই বিষয়টা মাথায় রাখবেন।
৩. মাস্কারা পরতে গিয়ে অনেকেই সমস্যায় পড়েন। চোখের পাতার সঙ্গে ব্রাশ জড়িয়ে চোখের ভিতর কালি ঢুকে যায় অনেকের। তাই মাস্কারা লাগানোর সময়ে বেশি সচেতন থাকুন। হালকা হাতে এক কোট মাস্কারা পরলেই যথেষ্ট।
৪. লাইনার লাগানোর সময়ও সতর্ক থাকবেন। অবশ্যই খেয়াল রাখবেন যাতে লাইনারটি চোখের ভিতরে না ঢুকে যায়। চোখে লাইনার ঢুকলে জ্বালা করে এবং চোখে জল আসে। এর ফলে আপনার লেন্স নষ্ট হতে পারে। চোখের ওয়াটারলাইনে কাজল বা আইলাইনার পরবেন না।
৫. আপনি যদি কনট্যাক্ট লেন্স পরেন, তবে মেকআপ তোলার আগে কনট্যাক্ট লেন্স খুলে ফেলুন। এর পরে লেন্স পরিষ্কার করে এর জায়গায় রাখুন। কনট্যাক্ট লেন্স পরে ঘুমিয়ে পড়বেন না। চোখের মেকআপ সর্বদা তুলোর সাহায্যে তুলবেন।