লাইফস্টাইললিড

ইফতারের আয়োজনে থাকুক হরেকরকমের উপকরণ

ওয়াহিদ বিন আবির : বিকেল হলেই সন্ধের জলখাবারে চায়ের সঙ্গে মন ভরাতে অনেকেরই লাগে একটু তেলেভাজা। তাই মুড়ির সঙ্গে পকোড়া বা চপ জমে ভালো। কিন্তু সবসময় দোকানের কেনা তেলেভাজাই বা কেন খাবেন?

আবার আলুর চপ বা পেঁয়াজের পকোড়াই শুধু কেন? ভিন্ন স্বাদ আনতে এবার নিজেই উঠেপড়ে লাগুন। তার মধ্যে আবার করোনার সময়ে বিপদ থেকে বাঁচতে বাড়ির বাইরে দরকার ছাড়া না বেরোনোই ভালো।

এই সময়ে তাই বাইরের খাবার যতটা পারবেন না খেয়ে থাকাই ভালো। রাস্তার দোকানের তেলেভাজার মতো স্বাদ না হলেও তা হবে যথেষ্ট স্বাস্থ্যকর। চপের দোকানের কাকুর হাতের জাদু আনুন নিজের হাতের বানানো পকোড়ায়। চটজলদি বানান ঝিঙের পকোড়া। রইলো পরিবারের মন ভরাতে এক সহজ রেসিপি।

ঝিঙে নামক এই সব্জিতে প্রচুর পরিমাণে খাদ্য আঁশ, ভিটামিন সি, রিবোফ্লাবিন, জিংক, আয়রন, ম্যাগনেসিয়াম উপস্হিত রয়েছে। তবে ইরিটেবল বাওয়েল সিনড্রোম থাকলে একটু বিবেচনা করে খেতে হবে।

উপকরণ: মাঝারি আকারের ১টি ঝিঙে, ১/২ কাপ বেসন, ২ টেবিল চামচ চালের গুঁড়ো, ১ চা-চামচ চিলি ফ্লেক্স, ১ চিমটি বেকিং সোডা, নুন স্বাদ মত এবং জল প্রয়োজন মত।

কীভাবে বানাবেন: কচি ঝিঙে খোসা সহ ধুয়ে নেবেন ভালো করে। ঝিঙেটি তেতো হলে সেই অংশ বাদ দিতে হবে। ধারালো অংশ ফেলে খোসা সহ পাতলা করে গোল গোল আকারে কেটে তার জল শুকিয়ে নিতে হবে।

এবার একটি বাটিতে বেসন, চালের গুড়ো, চিলি ফ্লেক্স, বেকিং সোডা, স্বাদ মত নুন এবং ঠান্ডা জল দিয়ে ভাল করে গুলে ঘন একটি মিশ্রণ তৈরি করে নেবেন।

এরপর প্যানে তেল গরম করে ঝিঙের টুকরাগুলো মিশ্রনটিতে ডুবিয়ে ডুবো তেলে ভাজতে হবে। টুকরোগুলি সোনালি করে ভেজে তুলে রাখুন। তৈরি হয়ে গেলো পকোড়া। এবার তা নামিয়ে নিয়ে চিলি সস অথবা টমেটো সস দিয়ে গরম গরম পরিবেশন করতে পারেন। আবার মুড়ি দিয়েও খেতে পারেন পকোড়া।