রান্নাঘরলাইফস্টাইললিড

ভিন্ন স্বাদে কষা মাংস!

ওয়াহিদ বিন আবির : মাংস খেতে আমরা সকলেই ভালোবাসি। উৎসব অনুষ্ঠানে হোক বা জন্মদিনে মাংস থাকা মাস্ট। মাংস বলতে মূলত চিকেন ও মাটনের কথাই প্রথম মাথায় আসে। কারণ বেশিরভাগ ক্ষেত্রেই এই দু রকমের মাংসই আমরা খেয়ে থাকি। চিকেন বা মাটনের বিভিন্ন রকম পদ স্বাদ বদলে আমাদের কাছে প্রিয়। রুটির সঙ্গে মাংসের টুকরো বা ভাতের গরম গরম মাংসের ঝোল এর প্রতি বাঙালির আলাদাই দুর্বলতা আছে। অনেক মাংস খাওয়ার পাশাপাশি মাংস রান্না করতেও ভালোবাসেন। আজ আপনাদের জন্য রইল এমন এক মাংসের রেসিপি যা রুটি বা পরোটার সঙ্গে সহজেই যায় এবং খেতেও সুস্বাদু। মাটন কষা। আসুন দেরি না করে দেখে নিই মাটন কষা বানানোর রেসিপি।

উপকরণ: ৭৫০ গ্রাম মাটন, ২ টি আলু, ৩ টি পেঁয়াজ, ১ টেবিল চামচ গরম মসলা, হাফ চামচ মিট মসলা, ১২ টি গোল মরিচ, ৩ টি তেজ পাতা, ৪ টি এলাচ, ৫ টি লবঙ্গ, ১ টি দারচিনি, ১ চা চামচ চিনি, ৩/৪ কাপ সর্ষের তেল। ম্যারিনেশনের জন্য আদা রসুন বাটা ২ টেবিল চামচ, ২ টেবিল চামচ হলুদ গুঁড়ো, হাফ টেবিল চামচ লাল লঙ্কা গুঁড়ো, হাফ টেবিল চামচ ধনে গুঁড়ো, হাফ টেবিল চামচ নুন, ৪ টেবিল চামচ টক দই।

কীভাবে বানাবেন: প্রথমে মাংসটা ভালো করে ধুয়ে নিন। এবার ম্যারিনেশনের জন্য যাবতীয় উপকরণ দিয়ে একটি পাত্রে মাংসটি মাখিয়ে ফ্রিজে রেখে দিন। এবার কড়াইতে তেল গরম করে আলু গুলো দু টুকরো করে কেটে লালচে হওয়া অবধি ভেজে তুলে নিন। এবার তেল দিয়ে পেস্ট করে রাখা পেঁয়াজ ও আদা রসুন ভালো দিয়ে ভালো করে কষিয়ে নিন। এবার এতে একে একে যাবতীয় মসলা দিয়ে ভালো করে কষান। মসলা থেকে তেল ছেড়ে এলে ফ্রিজ থেকে ম্যারিনেট করা মাংস বের করে দিয়ে দিন। ভালো করে মাংসটা মসলার সঙ্গে মিশিয়ে দু কাপ জল দিন। এবার ঢাকা দিয়ে মাঝারি আঁচে ১ ঘণ্টা রান্না করুন। এবার ভেজে রাখা আলু দিয়ে দিন। আরও ৫ মিনিট রান্না করুন। ওপর দিয়ে গুঁড়ো গরম মসলা গুঁড়া ছড়িয়ে দিন। মাটন কষা তৈরি।