‘করার আগে ভাইবো বন্ধু, কইরা ভাইবো না’
জালালউদ্দিন সাগর :: ভালো লাগা, ভালোবাসার নিবিড় অনুভূতিগুলো আমাদের মনের গহীনে রঙধনুর রঙ ছড়ায়। এ রঙ কখনো কখনো প্রকাশ অযোগ্য। মানুষের সাধ্যি নেই এর ব্যাখ্যা-বিশ্লেষণ দাঁড় করায়। তাই কেউ কেউ বলেন, প্রেম আসে স্বর্গ থেকে। আবার কেউ কেউ বলেন, প্রেম আসলে মানুষের সৃষ্টি -এবং এই বিতর্কও হাজার হাজার বছরের পুরনো। মনোবিজ্ঞানীদের মতে, জীবনে পূর্ণতারই অপর নাম প্রেম। তবে কখনো কখনো প্রেমের অপূর্ণতাও জীবনকে দামি ও মহৎ করে তোলে। প্রাপ্তি-অপ্রাপ্তির হিসেবে-নিকেশের মেলবন্ধনে এই প্রেম তাই কখনো হয়ে ওঠে স্বর্গীয় আবার কখনো দুঃস্বপ্নের মতোন যন্ত্রণার।
ঘটনা:১
আনোয়ারের থেকে বয়সে চার বছরের বড় জাহান (ছদ্মনাম)। প্রতিবেশি হওয়ায় দুজনের মধ্যেই ছোটোবেলা থেকেই বোঝাপড়া ছিলো স্বাভাবিক। স্থানীয় একটি কলেজের শেষ বর্ষের ছাত্রী জাহান আর সবে মাত্র স্কুলের গণ্ডি পেরিয়ে কলেজে ভর্তি হয়েছে আনোয়ার। পাশাপাশি থাকার কারণে এক সময় দু’জনের মধ্যে হৃদ্যতা বাড়ে। বাড়ে ঘনিষ্টতা। একসময় দু’জনের ভালোলাগা ভালোবাসায় পরিণত হয়। আনোয়ার স্কুল ফাঁকি দিয়ে প্রতিদিন সময় কাটাতো জাহানের সাথে। পতেঙ্গা থেকে পারকির চর সবখানেই ঘুরে বেড়াতো ওরা। মাঝে মাঝে বসা হতো আলোআঁধারি রেস্টুরেন্টে। এভাবে কেটে যায় তিনটি বছর।
একদিন ঘুম থেকে ওঠে আনোয়ার জানতে পারে ঘর ছেড়ে পালিয়েছে জাহান। কলেজের এক সহপাঠির সাথে রাতের অন্ধকারে ঘর ছেড়েছে সে। সেই থেকে নগরীর একটি মনোরোগ ক্লিনিকের বাসিন্দা আনোয়ার।
ঘটনা : ২
নগরীর হালিশহর আবাসিক এলাকার নবম শ্রেণির ছাত্রী শাহানা (ছদ্মনাম)। দুই ভাইয়ের একবোন সে। দুই ভাই পড়েন ঢাকা ইউনিভার্সিটিতে এবং থাকেন ঢাকাতেই। বাবা আরিফুল ইসলাম ব্যবসায়ী। মা রাজনৈতিক নেত্রী।
শাহানাকে বাসায় এসে প্রাইভেট পড়াতেন জাহিন। বয়স ৩০ ছুঁই ছুঁই। নগরীর একটি স্কুলের বিজ্ঞানের শিক্ষক তিনি। বিবাহিত। প্রাইভেট পড়ার কোনো এক সময়ে সুদর্শন শিক্ষকের প্রেমে পড়েন শাহানা। শাহানা প্রায়ই বাসায় একা থাকতেন। একসময় সেই একাকিত্বের অংশীদার করেন গৃহশিক্ষককে।
বছর পেরোনোর আগেই শরীরের ভেতর আরেকটি শরীর অনুভব করতে শুরু করেন শাহানা। বিষয়টি বুঝে ওঠার আগেই নিরুদ্দেশ চতুর গৃহশিক্ষক জাহিন।
ঘটনা :৩
পঁচিশ বছরের মায়শা (ছদ্মনাম)। সুশ্রী। স্মার্ট। চাকরি করতেন একটি কর্পোরেট হাউজে। নগরীর বেসরকারি একটি ইউনিভার্সিটি থেকে এমবিএ সম্পন্ন করে চাকরি শুরু করেছিলেন বছর চারেক আগে।
মায়শার বস ফারহানের বয়স ৫০ পেরিয়েছে। দেখলেই আন্দাজ করা যায়। দুই সন্তানের জনক তিনি। বড় মেয়ে সাবিলা (ছদ্মনাম) বিবিএর ছাত্রী আর ছোট ছেলে নাবিল একটি সরকারি কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র।
পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে মায়শাকে দিনের বেশিরভাগ সময় কাটাতে হতো অফিসে। কখনো সখনো মধ্যরাত পর্যন্ত। কাজ করতে করতে এক সময় ফারহানের সাথে সম্পর্ক সহজ হয়ে উঠে মায়শার। বাড়ে ঘনিষ্টতা।
অফিসের কাজে ট্যুরে যাওয়ার নাম করে একান্ত সময় কাটানো কিংবা মধ্যরাতে একই গাড়িতে করে ঘরে ফেরা- বিষয়টি এক সময় পৌঁছে যায় ফারহানের ঘরে। স্ত্রী-সন্তানদের কাছে। স্ত্রীর চাপে পড়ে মায়শাকে চাকরি থেকে অব্যাহতি দেয় ফারহান।
একটি বিশ্লেষণ :
প্রেমিক-প্রেমিকাদের ধারণা ‘ভাবনা চিন্তা করে প্রেম হয় হয়না। প্রেম আসে স্বর্গ থেকে।’ তবে মনোবিজ্ঞানীদের মতে, প্রেমের জন্ম মানুষের মস্তিষ্ক থেকে। সে কারণে প্রেম করার বা পড়ার আগে অনেক কিছুই ভেবে নেওয়া উচিত।
মনোরোগ চিকিৎসক আব্দুল মোতালেব বলেন, আমার কাছে আসা বেশিরভাগ রোগীর হিস্ট্রি প্রেমঘটিত। তিনি বলেন, পারিবারিক ও মানসিক ব্যবধানের কারণে অসম প্রেম এক সময় ভয়ঙ্কর হয়ে ওঠে, যার করুণ পরিণতি হাসপাতালের চার দেয়াল।
তিনি বলেন, অসম সম্পর্ক প্রথম দিকে তীব্র আনন্দ দিলেও এক পর্যায় নিজেকে অপরাধী করে তোলে। সময়ে সম্পর্ক থেকে বেরিয়ে আসলেও অপরাধ বোধ থেকে যাবে সারা জীবন। বিশেষ করে এতে যদি কাউকে ঠকানো হয়।
বিজ্ঞানীদের মতে, প্রেমে পড়লে মানুষের মস্তিষ্কে সেরেটনিন কমে যায়। সেরেটনিন হলো মস্তিষ্কের এমন এক নিউরোট্রান্সমিটার যার পরিমাণ কমে গেলেই বিষন্নতা, অবসাদ, খিটখিটে মেজাজ এবং ওসিডির মতো মানসিক রোগ দেখা দেয়। তাই যৌক্তিকভাবেই বলা যায় প্রেমে পড়লে মানুষ অন্ধ আবেগে ঝাঁপিয়ে পড়ে ভুল সিদ্ধান্ত নেয়।
মনোরোগ বিশেষজ্ঞদের মতে, কাউকে ভালোলাগাটা স্বাভাবিক। তবে কাউকে ভালোবেসে প্রেমের সম্পর্কে জড়ানোর আগে চিন্তাভাবনা করে জড়ানো উচিত। কেননা আবেগের কারণে আমরা অনেক সময় ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলি যার কারণে পরবর্তিতে আমাদের মাশুল দিতে হয়।
সুতরাং, সব প্রেমই স্বর্গ থেকে আসে বলা উচিত নয়, বরং যে প্রেমে আবেগের সাথে যৌক্তিকতা ও উভয় মনে পারিপার্শ্বিক ভাবনার বিস্তার থাকেÑ সেই প্রেমই স্বর্গীয়। শিল্পী নকুল কুমার বিশ্বাসের সাথে কণ্ঠ মিলিয়ে আমরা তাই বলতে পারি ‘প্রেম করার আগে ভাইবো বন্ধু, কইরা ভাইবো না।’
মডেল : চৈতি / নিঝুম / নির্জনা / জুয়েল
ছবিওয়াল : দূর্জয়