মেয়েদের ‘ফ্রি সেল্ফ ডিফেন্স ওয়ার্কশপ’
ক্লিক প্রতিবেদক :: দেশব্যাপী ক্রমবর্ধমান নারী নির্যাতন ও নিপীড়নের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া ও সামাজিক প্রতিরোধের আগে নারীর আত্মরক্ষা গুরুত্বপূর্ণ। তাই আত্মরক্ষার অত্যাবশকীয় কৌশলগুলো শিখতে এই কর্মশালার আয়োজন করেছে নগরীর আসকার দীঘির উত্তর পাড়স্থ ফ্রেন্ডস ক্লাব কারাতে একাডেমি।
শুক্রবার নগরীর আসকার দীঘির উত্তর পাড়স্থ ফ্রেন্ডস ক্লাব কারাতে একাডেমিতে চট্টগ্রামের মেয়েদের জন্য অনুষ্ঠিত হয় ‘ফ্রি সেল্ফ ডিফেন্স ওয়ার্কশপ’।
হোনকে সোতোকান কারাতে দো অ্যাসোসিয়েশন (এইচএসকেএ) ও নারী সংগঠন গার্লস গ্যাং যৌথভাবে আয়োজন করে কোনোরকম ফি-বিহীন এই কর্মশালার।
সকাল ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত এই কর্মশালায় স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় পড়–য়া মেয়েরা ছাড়াও বিভিন্ন শ্রেণীর পেশার নারীরা অংশগ্রহণ করেন।
‘এখানে শুধু আত্মরক্ষার কৌশলই শিখিনি, বাড়তি আত্মবিশ্বাস নিয়ে বাসায় ফিরছি।’ ওয়ার্কশপে যোগদানের পর এভাবেই নিজের অনুভূতি ব্যক্ত করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষয়িত্রী সায়মা আলম।
তিনি বলেন, আমি শুধু নিজেই আসেননি, নিজের ছোট্ট মেয়েটিকেও সঙ্গে করে নিয়ে এসেছি।
কর্মশালায় ‘এসেনশিয়াল মিক্সড মার্শাল আর্ট ট্যাকটিক্স’ প্রশিক্ষণ দেন শিহান রতন তালুকদার। সহযোগী হিসেবে ছিলেন, সেনসেই মারিয়া চক্রবর্তী, সোনামণি চাকমা, শ্যামল বণিক, স্যামপাই রাজিব দাশ, সামান্থা বি. চৌধুরী, স্যামপাই সাবিহা নাসরিন, শাহপারা অন্বেষা, এস. বি. টুপসি প্রমুখ।
উল্লেখ্য, নারী নির্যাতন ও যৌন নিপীড়নবিরোধী সংগঠন গার্লস গ্যাং ২০১৫ সালের ২২ থেকে ২৪ মে এইচএসকেএ’র প্রশিক্ষকদের সহযোগিতায় বাংলাদেশে সর্বপ্রথম মেয়েদের জন্য ‘ফ্রি সেল্ফ ডিফেন্স ওয়ার্কশপ’ শুরু করে।
এরপর এই বছরের জানুয়ারি মাসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কবি সুফিয়া কামাল হলে তায়কোয়ান্দো শুরু হয়। মার্চের শেষে চট্টগ্রামে মেয়েদের সেল্ফ ডিফেন্স ডেমো দেখানো শুরু করে ‘ক্র্যাক প্লাটুন’ নামের একটি সংগঠন। এপ্রিল মাসে নারী সংগঠন ‘শক্তি’ ৩,০০০ টাকা ফি’র বিনিময়ে ঢাকায় সেলফ ডিফেন্স কোর্স শুরু করে। মে মাসে ঢাকায় মেয়েদের সেল্ফ ডিফেন্স ট্রেইনিং শুরু করে প্রীতিলতা ব্রিগেড।
কর্মশালার প্রশিক্ষক শিহান রতন তালুকদার জানান, ‘এইচএসকেএ এবং গার্লস গ্যাং যৌথভাবে আগামীতেও এই কর্মশালা চালু রাখবে। অন্তত ছয় মাস পরপর হলেও চট্টগ্রামের মেয়েদের ফি ছাড়া আত্মরক্ষার প্রয়োজনীয় কৌশল শেখাব আমরা।’
এএইচআর / জেএস