হুমকীতে আমি ভয় পাইনা : ড. অনুপম সেন
কামারুন নাহার :: যাদের অবদানে সারা বিশ্বে সমাদৃত হয়েছে বীর চট্টলা তাদের মধ্যে অন্যতম একজন ড. অনুপম সেন। তাঁর মেধা আর ব্যক্তি ইমেজ চট্টগ্রামকে এগিয়ে নিয়ে গেছে অনেকদূর। ঢাকা বিশ্ববিদ্যালয়, বুয়েট ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি অধ্যাপনা করেছেন কানাডার ম্যাকমাস্টার বিশ্ববিদ্যালয়েও। প্রকাশিত হয়েছে তাঁর লিখিত অনেক গ্রন্থ ও প্রবন্ধ। তাঁর তত্ত্বাবধানে দেশে বিদেশের অনেকেই অর্জন করেছেন পিএইচডি সনদ।
ড. অনুপম সেনের পৈত্রিক বাড়ি বোয়ালখালী উপজেলার ধলঘাট গ্রামে হলেও তাঁর জন্ম ১৯৪০ সালের ৫ আগস্ট চট্টগ্রাম মহানগরীতে। পিতা বীরেন্দ্রলাল সেন পেশায় ছিলেন একজন আইনজীবী। মা স্নেহলতা সেন । মাত্র আট বছর বয়সে পিতাকে হারান অনুপম সেন।
ধলঘাট ইংলিশ উচ্চ বিদ্যালয়ে শুরু হয় অনুপম সেনের শিক্ষা জীবন। এরপর চট্টগ্রামের কলেজিয়েট স্কুল, কলকাতার সেন্ট ক্যাথিড্র্যাল মিশনারী স্কুল ও চট্টগ্রাম মিউনিসিপ্যাল এইচ ই স্কুলে পড়াশোনা করেন।
ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ১৯৬২ সালে সমাজতত্ত্বে স্নাতক ডিগ্রী এবং ১৯৬৩ সালে স্নাতকোত্তর ডিগ্রী সম্পন্ন করেন তিনি। কানাডার ম্যাকমাস্টার বিশ্ববিদ্যালয় থেকে ১৯৭৫ সালে সমাজতত্ত্বে এম.এ. ডিগ্রী ও ১৯৭৯ সালে ‘দি স্টেট, ইনডাস্ট্রিলাইজেশন এন্ড ক্লাস ফরমেশনস ইন ইন্ডিয়া’ বিষয়ে পিএইচ.ডি. ডিগ্রি লাভ করেন।
মাত্র ২৫ বছর বয়সে ১৯৬৫ সালে পূর্ব পাকিস্তান প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বর্তমান বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বা বুয়েটে) সমাজতত্ত্ব ও রাজনীতি বিজ্ঞান বিষয়ের প্রভাষক হিসেবে যোগদেন গুণি এই শিক্ষাবিদ।
এছাড়া ১৯৬৬ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সমাজতত্ত্ব বিভাগের প্রভাষক। ১৯৬৯ সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সমাজতত্ত্ব বিভাগে সহকারী অধ্যাপক, ১৯৭৩ সালের সেপ্টেম্বর থেকে ১৯৭৯ সালের এপ্রিল পর্যন্ত কানাডার ম্যাকমাস্টার বিশ্ববিদ্যালয়ের সমাজতত্ত্ব বিভাগে শিক্ষা সহায়ক (টি.এ.) ও টিউটরের দায়িত্ব পালন করেন।
১৯৭৯ সালে দেশে ফিরে আবারও যোগদেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যোগ দেন। ১৯৮৪ সালের জুন থেকে ২০০৬ সালের সেপ্টেম্বর পর্যন্ত তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক পদে কর্মরত ছিলেন। ২০০৬ সালের ১ অক্টোবর থেকে এখন পর্যন্ত চট্টগ্রামের প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ে (বেসরকারী) উপাচার্য হিসেবে কর্মরত আছেন।
ব্যক্তিজীবনে অনেক পদক ও সম্মননা অর্জন করেছেন ড. অনুপম সেন। একুশে পদক ’২০১৪, আলোকিত বোয়ালখালীর বর্ষপূর্তি সংবর্ধনা ২০০৭, অবসর সাহিত্য পুরস্কার ২০০৭, একুশে মেলা পরিষদ-চট্টগ্রাম এর একুশে পদক-২০০৭, বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন পদক ২০০৭, গ্র“প থিয়েটার ফেডারেশন সম্মাননা ২০০৬, পটিয়া সমিতি-চট্টগ্রাম এর গুণীজন সংবর্ধনা ২০০৬, ইউনাইটেড নেশনস ডে অ্যাওয়ার্ড ২০০২, বৃহত্তর চট্টগ্রাম উন্নয়ন সংগ্রাম কমিটির চট্টগ্রাম সম্মিলন ২০০১, চট্টগ্রামের প্রেসক্লাবের গুণীজন সংবর্ধনা ১৯৯৯, জাহানারা ইমাম স্মারক পদক ২০১০, উদীচী শিল্পী গোষ্ঠীর সংবর্ধনা ১৯৯৫, চট্টগ্রাম পরিষদ-কলকাতার বিশিষ্ট বুদ্ধিজীবী সম্মাননা, ধ্রুব পরিষদের শাস্ত্রীয় সঙ্গীত সম্মাননা, শাপলা সংঘের গুণীজন সংবর্ধনাসহ আরো বহু সম্মাননা পেয়েছেন তিনি ।
ড. অনুপম সেন ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের সময় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক হিসাবে স্বাধীনতা সংগ্রামে প্রত্যক্ষভাবে যুক্ত হন। ১৯৮৪-৮৫ এবং ২০০০-২০০১ সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি এবং ১৯৮৪-৮৫ সালে বাংলাদেশের সকল বিশ্ববিদ্যালয়ের প্রতিভূ প্রতিষ্ঠান বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি-ফেডারেশনের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন।
বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা ও শিক্ষক সমিতির বিভিন্ন পদে দায়িত্বকালীন সময়টিকেই জীবনের সেরা সময় বলে করেন ড. অনুপম সেন। তিনি জানান, ১৯৮২ সাল থেকে ১৯৯০ পর্যন্ত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সমাজতত্ত্ব বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালনকালিন সময়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি, বাংলাদেশ শিক্ষক সমিতির সভাপতি, বাংলাদেশ সোশ্যাল এসোসিয়েশন এর সভাপতি হিসেবে দায়িত্বপালন করেছিলাম আমি।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আজ এমন পর্যায়ে এসে পৌছাবো-এমন কোনো প্রত্যাশা ছিলো না। শুধু আকাঙ্খা ছিলো শিক্ষক হবো। চট্টগ্রাম একটি অসাধারণ জায়গা উল্লেখ করে তিনি বলেন, চট্টগ্রামের নদী, পাহাড় ঘেরা সবুজ অরণ্য সবই অসাধারন।
চট্টগ্রাম বন্দরকে উপমহাদেশের সবচেয়ে প্রাচীনতম বন্দও গুলোর মধ্যে একটি উল্লেখ করে তিনি আরও বলেন, অন্যসব বন্দরগুলো এখন আর না থাকলেও চট্টগ্রাম বন্দর এখনো তার স্বস্থানে বজায় আছে।
অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, তরুদের মধ্যে মানবিক গুণাবলি থাকবে, দেশের জন্য উম্মাদনা থাকবে এটাই তারুণ্য।
সম্পদের সুষম বন্টন প্রয়োজন জানিয়ে খ্যাতিমান এই সমাজ বিজ্ঞানী বলেন, দেশের অর্জনগুলো কিছু লোকের হাতে সীমিত। সবকিছুর মালিক গুটি কয়েক মানুষ। এই অবস্থা থেকে আমাদের বেড়িয়ে আসতে হবে। সম্পদের সুষম বন্টন করতে হবে। প্রত্যেক মানুষকে মানুষের মতো হতে হবে।
মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ করতে গিয়ে তিনি বলেন, ১৯৭১ এর ১৭ থেকে ২৩ মার্চ লালদীঘির প্যারেড গ্রাউন্ডে আমরা শিক্ষক সমিতির পক্ষ থেকে আমরা একটি সভার আয়োজন করি। সেসময় আমি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ছিলাম। এ সভার মাধ্যমে চট্টগ্রামে অসহযোগ আন্দোলন শুরু হয়।
মুক্তচেতনার মানুষ ড. অনুপম সেনকে সম্প্রতি প্রাণনাশের হুমকী দিয়েছেন আনসারউল্লাহ বাংলা টিমের সদস্যরা। হুমকীর বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, হুমকীতে আমি ভয় পাইনা। তিনি বলেন, জন্মেছি যখন মরবোই। হুমকিতে ভয় পেলে সামনে এগুবো কী করে।