এলো বৈশাখ, বাঙালিয়ানায় মাতোয়ারা চট্টগ্রাম
ক্লিক প্রতিবেদক:: শহরের কৃত্রিমতা আর গ্রামীণ ঐতিহ্যের মিলনে বাংলাদেশের একমাত্র অসাম্প্রাদায়িক সার্বজনীন উৎসব বাংলা নববর্ষ। সেই মোঘল আমল থেকেই বাঙালি জাতি বাংলা বর্ষবরণের এই উৎসবটিকে নিজেদের মতো উদযাপন করে একটা সাংস্কৃতিক ঐতিহ্যে রূপদান করেছে।
বাঙালি জাতির কাছে পহেলা বৈশাখের উৎসব বা তাৎপর্য তাই দিন দিন বাড়ছেই। বাড়ছে জাতিধর্ম নির্বিশেষে সবার সম্পৃক্ততা। এদেশে ইংরেজি বা হিজরি নববর্ষ যেভাবে পালিত হয় তার চেয়েও বেশি আবেগ মিশিয়ে পালিত হয় বাংলা নববর্ষ। শৈশব থেকে শুরু করে বার্ধক্য সব বয়সি মানুষের কাছে বাংলা বর্ষবরণ জাগিয়ে তুলে প্রাণের স্পন্ধন।
হালখাতা পহেলা বৈশাখের অন্যতম প্রধান আয়োজন। গ্রামে-গঞ্জে হালখাতার বহু প্রচলন হলেও শহুরে জীবনে এর প্রভাব অনেক কম। তারপরেও বর্ষ বরণের শুরুতে এই হালখাতা আয়োজন ব্যস্ততা বাড়িয়ে দেয় ব্যবসায়ীদের।
উপজাতীয়দের বেশির ভাগই বৌদ্ধের অনুসারী। তারা পুরাতন বর্ষকে বিদায় এবং নববর্ষকে বরণ করতে ৪/৫দিনব্যাপী অনুষ্ঠানেরও আয়োজন করে থাকে। তেমনি একটি আয়োজন তাঁদের বৈসাবি উৎসব। তাঁদের অন্যতম প্রধান উৎসব এটি। এ উপলক্ষ্যে বান্দরবান, রাঙামাটিতে পাঁচদিনব্যাপী ঐতিহ্যবাহী সাংগ্রাই উৎসবের আয়োজন করে উপজাতিয় সম্প্রদায়। এর মধ্যে দুইদিন ‘জলখেলী’ বা ‘মৈত্রী পানি খেলা’ অনুষ্ঠিত হয়।
চৈত্র মাসের বছরের শেষ তিনদিন এবং নতুন বছরের প্রথম দুইদিন বৈসাবীকে মারমা সম্প্রদায় ‘সাংগ্রাই’, ম্রো সম্প্রদায় ‘চাংক্রান’, খেয়াং ও ঢাক সম্প্রদায় ‘সাংগ্রান’, খুমী সম্প্রদায় সাংগ্রায়’, চাকমা ও তঞ্চঙ্গ্যা সম্প্রদায় ‘বিজু’ এবং ত্রিপুরা সম্প্রদায় ‘বৈসু’ নামে বর্ষবরণ এবং বর্ষ বিদায় উৎসব পালন করে থাকেন।
চৈত্র-বৈশাখের গরমে পেট ঠান্ডা রাখতে পান্তা-ভাত খাওয়া হতো একসময় পরে ধীরে ধীরে যোগ হয় বাঙালির বর্ষবরণ অনুষ্ঠানে। কালক্রমে সে পান্তাভাতে যোগ হলো ইলিশ।
বৈশাখের পোশাকে লাল রঙ থাকবে এ বিষয়টি এসেছে অনেক পরে। কৃষ্ণচুড়া গাছগুলিতে অপ্রস্ফুটিত কৃষ্ণচূড়া। কৃষ্ণচূড়ার লাল রঙটি-ই হয়তো কেউ ব্যবহার করেছিলো পহেলা বৈশাখের পোশাকের রঙ হিসেবে। আস্তে আস্তে এটি গ্রহণযোগ্য হয়ে গেছে বাঙালিপনায়। হয়তো একারণেই উৎসব উচ্ছল মানুষের পোশাকের বেশিরভাগ অংশ জুড়ে থাকে লাল। নইলে অন্য রঙের সাথে রয়েছে লালের ছটা। বৈশাখে সারা দেশ যেন মত্ত হয়ে পড়ে এক লোহিত উৎসবে।
বৈশাখে সারাদিন রাজপথে থাকে মানুষের স্রোত চট্টগ্রাম নগরীতে বৈশাখী উৎসব মানেই ডিসিহিল ও শতবর্ষ পুরোনো রেল ভবনের শিরিষতলার উৎসব। লাখো লাখো মানুষে উজ্জ্বল-উচ্ছ্বল প্রাণবন্ত উপস্থিতি মনে করিয়ে দেয় বাঙালির বর্ষবরণ এখন শুধুই বর্ষবরণের নিছক কোনো উৎসব নয়, এ এক মহা আনন্দ যজ্ঞ।
চট্টগ্রামের সুপরিচিত নারী উদ্যোক্তা ও ফ্যাশন ডিজাইনার রওশন আরা চৌধুরী বলেন, ঈদ কিংবা পুজোয় কিছুটা ধর্মীয় আবেশ জড়ানো থাকলেও বৈশাখ একদমই আলাদা ব্যাপার। এাঁ বাঙালির সার্বজনিন উৎসব। তাই এর রূপ-রস দুই-ই আলাাদা।
নেওয়া হয়েছে নিশ্ছিদ্র নিরাপত্তা
এবার শহর-গ্রাম মিলিয়ে অন্তত ৬৫টি স্পটে বৈশাখি উৎসব থাকবে বলে জানিয়েছে পুলিশ। এসব অনুষ্ঠান নির্বিঘ্ন করতে প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা। প্রতি বছরের ন্যায় এবারো বর্ষবরণ ও বিদায়ে চট্টগ্রামের বড় দু’টি আয়োজন থাকবে ডিসি হিল এবং সিআরবি চত্বরে। উৎসবে থাকবে বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের যন্ত্র সঙ্গীত, দলীয় সঙ্গীত, দলীয় নৃত্য, একক সঙ্গীতসহ মনোমুগ্ধকর পরিবেশনা।
এদিকে জলকেলি উৎসব এতদিন পাহাড়ি ঐতিহ্য থাকলেও বন্দরনগরী চট্টগ্রামেও আদিবাসী সংগঠনের পক্ষ থেকে থাকবে বিশেষ এই আয়োজন। নতুন বছর তাই বছরের প্রথম দিনই রাখাইন সম্প্রদায় জলকেলি উৎসবে পরস্পর পরস্পরের প্রতি জল ছুঁড়ে পাপ-পঙ্কিলতাকে ঝেড়ে ফেলে নতুন জীবনের সূচনার শপথ নিবেন তাঁরা।