কাজল ও করণ জোহরের বন্ধুত্বে ফাঁটল
বিনোদন ডেস্ক :: এতদিনের বিখ্যাত বন্ধুত্বের সম্পর্কে কী সত্যিই চিড় ধরল? বলিউড পাড়ায় এরকমই কানাঘুঁষো শোনা যাচ্ছিল বেশ কিছুদিন ধরে। দুই দশকেরও বেশি পুরনো তাদের হিট নায়িকা ও পরিচালক সম্পর্ক। কিন্তু সেই সম্পর্কেই বেশ কিছুদিন ধরে জমছিল বিচ্ছেদের কালো মেঘ। এবার সব জল্পনার অবসান ঘটালেন খোদ নায়িকার স্বামী। কাজল আর করণ জোহরের বন্ধুত্বের সম্পর্ক যে আর আগের মতো নেই, তা খোলাখুলি জানিয়েই দিলেন অজয় দেবগণ।
কিন্তু এই ঝগড়ার সূত্রপাত কী ভাবে?আসলে করণের ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’ আর অজয় দেবগণের ‘শিবায়’ মুক্তি পাচ্ছে একই দিনে। আর বি-টাউনে জোর গুজব, এই দুই ছবির বক্স অফিস টক্কর নিয়েই দেবগণ পরিবারের সঙ্গে অশান্তির শুরু করণের। সম্প্রতি একটি সাক্ষাৎকারে এই বিষয়ে প্রশ্ন করা হলে অজয় বলেন, ‘করণ কোনওদিনই আমার বন্ধু ছিলেন না। আর কাজলের সঙ্গেও তার আগের মতো বন্ধুত্বের সম্পর্ক আর নেই।’ তবে বিষয়টিকে একেবারেই ব্যাক্তিগত ভাবে সামলাতে চেয়েছেন অজয়। এই ঝগড়া একেবারেই প্রফেশনাল নয়, বরং পুরোটাই ব্যক্তিগত ইস্যুতে, সে কথাও বলেছেন তিনি। কিন্তু সত্যিই কী তাই?
আদিত্য চোপড়ার ‘ডিডিএলজে’ দিয়ে শুরু। এই ছবির অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর ছিলেন করণ জোহর। আর নায়িকা কাজল। এরপরেই করণের প্রথম ছবি ‘কুছ কুছ হোতা হ্যায়’। আবারও সুপারহিট এই ছবির নায়িকা কাজল। সেই প্রথম ছবি থেকেই বি-টাউনের জনপ্রিয় বন্ধুত্ব তাদের। এবার কী তাতে সত্যি সত্যিই বিচ্ছদ চলে আসবে? সময়-ই তা বলবে।
সূত্র: আনন্দবাজার