জয়ন্ত’র গুডমর্ণিং চট্টগ্রাম

জালালউদ্দিন সাগর :: সদ্য কলেজ কিংবা ভার্সিটি থেকে পাশ করে আসা ফ্রেশ শিক্ষার্থীদের জন্য কিছু করতে চান তিনি। দেখাতে চান স্বনির্ভর হওয়ার পথ। আত্মপ্রত্যয়ী, উদ্যোমী তরুণ-তরুণীদের জন্য সৃষ্টি করতে চান কর্মসংস্থান। চিন্তা, চেতনায় সুদূরপ্রসারি এই মানুষটি নিজেও ২৯ বছরের যুবক।
জয়ন্ত সেন গুপ্ত । ১৯৮৮ সালের ২ এপ্রিল জন্ম গ্রহণ করেন চট্টগ্রাম জেলার বাঁশখালি থানার উত্তরভূর্শি গ্রামে। বাবা তপন কান্তি সেন গুপ্ত এবং মা বাপ্পী সেন গুপ্তা দুজনেই চাকুরীজীবি।
২০১১ সালে বন্ধুদের সাথে আমদানি-রপ্তানী’র যৌথ ব্যবসা শুরু করেন জয়ন্ত সেন । কিন্ত তা এগোয়নি বেশিদূর। এক বছরের মাথায় প্রায় বেশ কয়েক লাখ টাকা খুঁইয়ে প্রথম ব্যবসাতেই হোঁচটখান তিনি।
জয়ন্ত বলেন, আমার খুব কাছের এক বন্ধু পুরো টাকাটাই আত্মসাৎ করে পালিয়ে গিয়েছিলো। সে কারনে ব্যবসাটা শুরুতে মুখ থুবড়ে পড়ে। জয়ন্ত সেন বলেন, ‘বাবা-মা দুজনেই চাকুরী করেন।
ব্যবসায় ক্ষতি হওয়ার পর আত্মীয়-স্বজনদের অনুরোধে ছুটেছি চাকুরীর পিছনে। বেসরকারি একটি প্রতিষ্ঠানে জয়েনও করেছিলাম । তিনি বলেন, ধরাবাধা নিয়মে বেলা শেষে ঘরে ফেরার ছেলে আমি না । তাই খুব বেশিদিন মন টিকেনি চাকুরীতে । তিনি আরও বলেন, চাকুরী খুঁজতে গিয়ে বুঝেছি চাকুরী পাওয়াটা কতটা ভোগান্তির আর কষ্টের ।
আইইউবি থেকে বিবিএ সম্পন্ন করার পরও শুধুমাত্র অভিজ্ঞতার ঝুলিটা ভারি ছিলোনা বলেই প্রত্যাশিত কাজ পাইনি আমি। চাকুরী খুঁজতে গিয়ে বুঝেছি, প্রতিযোগীতার এই বাজারে টিকে থাকাটা কতোটা কষ্টের।
জয়ন্ত বলেন, ‘সেবা’ দিয়ে আয় করতে চাই, অর্থ উপার্জন করতে চাই। সেজন্যই সেবা ভিত্তিক প্রতিষ্ঠান গড়ে তুলতে প্রতিষ্ঠিত করেছি ট্যুরিজম প্রতিষ্ঠান ‘হলিডে প্লানার্স’। মধ্যবিত্ত ভ্রমণ পিপাসুদের দেশ ও বিদেশ ভ্রমণের সুযোগ করে দিতে ‘হলিডে প্লানার্স’।
জয়ন্ত সেন বলেন, ‘দেশের বাইরে ভ্রমণ করতে গেলে অনেক টাকা খরচ হয়। সে কারনে ইচ্ছে থাকা সত্ত্বেও শুধুমাত্র অর্থ জোগানের অভাবে অনেক ভ্রমণ পিপাসু মানুষ ভ্রমণ করতে যেতে চান না- ঠিক এই জায়গাটাতে কাজ করছে আমাদের হলিডে প্লানার্স কোম্পানি । কিস্তি ভিত্তিক ভ্রমণের সুযোগসহ কম খরচে একাধিক দেশ ভ্রমণের প্যাকেজ রয়েছে এখানে। সেই সাথে থাকবে ব্যাংক লোনের ব্যবস্থা।
দুই ভাইয়ের মধ্যে জয়ন্ত সেন বড়। ছোটভাহ প্রান্ত সেন গুপ্ত পড়ালেখা করেন চুয়েটে প্রকৌশল বিদ্যায়। নগরীর সানি টিউটিরিয়াল স্কুল থেকে প্রাইমারি,মিউনিসিপাল মডেল স্কুল থেকে এসএসসি এবং মেট্রোপলিটন কমার্স কলেজ উত্তীর্ণ হওয়ার পর বিবিএ সম্পন্ন করেন আইইউবি থেকে। টুরিজম কোম্পানির পাশাপাশি একটি ই-মার্কেটিং প্রতিষ্ঠান গড়ে তুলছেন জানিয়ে জয়ন্ত সেন আরও বলেন, নিত্য প্রয়োজনীয় পণ্য সরবরাহ করার মাধ্যমে আমরা চট্টগ্রামবাসিকে ‘গুড মর্ণিং’ জানাতে চাই। 
ই-মার্কেটিং কোম্পানি প্র্যস্ট্রিজ এর মাধ্যমে টুথপেস্ট থেকে শুরু করে রাতের মশারি পর্যন্ত বিক্রি করা হবে জানিয়ে তিনি আরও বলেন, আমাদের ই-মার্কেটিং কোম্পানি ‘প্র্যাসটিজ’ গুডমর্নিং টু বেড পর্যন্ত ব্যবহার্য পণ্য ক্রেতাদের জন্য সরবরাহ করবে।