খেলাধুলা

ডিপিএলে শরীফের হ্যাটট্রিক

স্পোর্টস ডেস্ক :: ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) বল হাতে ঝলক দেখিয়েছেন মোহাম্মদ শরীফ। বুধবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শেখ জামালের বিপক্ষে করেছেন দুর্দান্ত এক হ্যাটট্রিক। তার বোলিং তাণ্ডবে কোণঠাসা শেখ জামাল! বৃষ্টি বিঘ্নিত ম্যাচে আগে ব্যাট করতে নামা মাহমুদুল্লাহ রিয়াদের দল ৩৮ ওভারে ৯ উইকেটে ১৬৮ রান তুলতে সক্ষম হয়েছে। জয়ের জন্য ১৬৯ রানের লক্ষ্যে লড়ছে শরীফের দল গাজী গ্রুপ ক্রিকেটার্স।

টসে হেরে ব্যাট করতে নেমে শুরুটা ভালোই ছিল শেখ জামালের। ওপেনিং জুটিতে ৬২ রান সংগ্রহ করেছে তারা। ওপেনার জয়রাজ শেখ ব্যক্তিগত ২৮ রানের মাথায় সাঈদ আনোয়ারের শিকার হয়ে সাজঘরে ফেরেন। তবে ফিফটি আদায় করে নিতে ভুল করেননি আরেক ওপেনার আব্দুল্লাহ আল মামুন। মুস্তাফিজুর রহমানের বলে ফারুক হোসেনের হাতে ক্যাচ তুলে দেয়ার আগে ৬৯ রান করেন তিনি।

৩৩ ওভার শেষে ৪ উইকেটে শেখ জামালের সংগ্রহ ছিল ১৪৮ রান। পরের ওভারে (৩৪তম) বোলিংয়ে আসেন মোহাম্মদ শরীফ। ওভারের প্রথম বলে জাবিদ হোসেন এক রান নেন। জায়গা বদল করে ক্রিজে আসেন মাহমুদুল্লাহ। দ্বিতীয় বলে কোনো রান নিতে পারেননি। তৃতীয় বলে শরীফের শিকার হয়ে সাজঘরে ফেরেন শেখ জামাল অধিনায়ক (৩০)।

চতুর্থ বলে জাবিদ হোসেন (১৩) পরাস্ত হন। ওভারের পঞ্চম বলে নাজমুস সাদাতকে (০) এলবিডব্লিউর ফাঁদে ফেলে হ্যাটট্রিক পূর্ণ করেন শরীফ। পরে অবশ্য আরো একটি উইকেট পান তিনি। শফিউল ইসলামকে সরাসরি বোল্ডআউট করেন শরীফ। শেষ পর্যন্ত ৮ ওভারে ৪৩ রান খরচায় ৪ উইকেট নিয়ে গাজী গ্রপের সেরা বোলার তিনিই। ৮ ওভারে ২৭ রান দিয়ে ২ উইকেট পকেটে পুরেছেন সাঈদ আনোয়ার জুনিয়র। মুস্তাফিজুর রহমানের ঝুলিতে জমা পড়েছে ১ উইকেট।