লিডসাহিত্য

……তবুও বেঁচে আছি

নারমিন সুলতানা উপমা :: নীলিমার সাথে আমার প্রথম দেখা হয়েছিল বাতিঘরে। নীলরঙা শাড়িপরে কৌতুহলী  চোখে খুঁজে যাচ্ছিল রবীন্দ্রনাথের  ‘শেষের কবিতা’। সেদিন ‘শেষের কবিতা’ কেনা হয় নি তার । হয়তোবা আমি দেব বলেই রবীঠাকুরকে ছুঁয়ে রেখে দিয়েছিলো সেল্ফে।

তারও অনেক পরে কোনো একদিন ‘শেষের কবিতা’ তার হাতে তুলে দিতে গিয়ে বলেছিলাম, পথ আমাদের এক হলে কোনো ক্ষতি নেই। তারও অনেক বছর পরে ছাদের ওপর বসে জোছনা দেখার সাধ পূরণ হল আমাদের।  দু’জনের ভালবাসা  যেন পাল্লাদিয়ে বাড়তে লাগলো আঙিণার তাল গাছটির মতো।

কোনো এক চান্নীপসর রাতে আমাদের ভালোবাসায় ভাগ বসালো খোকা। নীলিমা তার নাম রাখলো দীপ্ত। বারান্দায় বসে জোছনার জলে গা ভেজাতে ভেজাতে নীলিমা বলতো, দেখো, আমাদের খোকাও একদিন ঐ আকাশের মতো বড় হবে।

শুধু খোকার জন্যই উড়নচ-ী এই আমি হলাম ঘরমুখো। দীপ্ত একদিন হাঁটতে গিয়ে পায়ে খুব ব্যথা  পেয়েছিল। নীলিমার সে কী কান্না ! সেদিন মা-ছেলে দু’জনের চিন্তায় ঘুমোতে পারিনি সারারাত । শুধু সেদিন নয়-এমন অনেক রাত গেছে নির্ঘুম।

ছাত্র হিসেবে বরাবরই ভালো ছিল দীপ্ত । সমসময়ই প্রথম হতো ক্লাসে। ওর মা বলতো, একদম বাবার মতো হয়েছে। নীলিমার ইচ্ছে ছিলো ছেলে ডাক্তার হবে। গরীব দুঃখিদের সেবা করবে গ্রামে।

ছেলের পড়ালেখার খরচ মেটাতে কতো প্রয়োজনই যে অপূর্ণ রয়ে গেছে আমাদের। তার হিসেবে রাখিনি কখনো। ছেলেকে বড় করতে গিয়ে আহ্লাদ-আবদার ভুলে গিয়েছিলো নীলিমা। সন্তানের জন্য হাজারও কষ্ট সহ্য করেছি দু’জনে।

দীপ্ত যেদিন মেডিকেল কলেজে ভর্তি হলো, বারান্দায় বসে সারারাত কেঁদেছিলো নীলিমা। কোনো ভাবেই কান্না থামছিলো না তার। আমার হাজার চেষ্টায়ও কান্না থামেনি তাঁর।
দীপ্ত’র হোস্টেলে থাকবার দিনগুলো ভাবতেই এখনও খুব কান্না পায়। নীলিমার কান্না দেখে কখনও কখনও মনে হতো ছেলেটাকে দূরে না পাঠালেই ভাল হতো! আমি তো বাবা, বাবাদের কান্না সব সময় চাপা থাকে। বুকে পাথর জমিয়ে রাখতাম ; নইলে নীলিমাকে সামলাবে কে?

দীপ্ত যেদিন ছুটিতে বাসায় আসতো, ঐক’টা দিন বাসায় আনন্দের জোয়ার বইতো। ঐ সময়টাতে নীলিমা খুব উচ্ছ্বল থাকতো। আমরা অপেক্ষা করতাম কবে দীপ্তর ছুটি হবে? পড়াশোনা শেষ হবে!  কোনো একদিন দীপ্ত বলেছিলÑ ‘বাবা দেখো, আমি মানুষের পাশে থাকব সবসময়। মানুষের সেবা করব’। আমার খুব আত্মতৃপ্তি হতো এই ভেবে যে, ছেলে আমাদের বিপথে যায় নি।

চাকুরী থেকে অবসর নেয়ার দু’মাস আগেই ডাক্তার হলো খোকা । বি.সি.এস দিলো। হলো সরকারি চাকুরী। খোকার জোর চাপাচাপিতে বাধ্যগত অবসর নিতে হলো আমাকে।
নীলিমার একাকীত্ব ঘুচাতে ছেলের বউ হিসেবে একটা মেয়ে চাই ঘরে। মহা ধুমধামে ছেলের বিয়ে হলো সহপাঠির সাথে। কলেজ থেকেই প্রণয় ছিলো দুজনের। ঘরে ছেলের বউ এলো ঠিকই কিন্তু নীলিমার একাকীত্ব ঘুচেনি এখনো।

হঠাৎ করেই খোকার সাথে মতামতের অমিলটাও বেশি হচ্ছিলো আমাদের। আমি কিংবা নীলিমা কেউই খোকার কথার সাথে, কাজের সাথে, আবেগের সাথে তাল মিলাতে পারছিলাম না কোনোভাবেই। যে ছেলে বলতো-বাবার সাথেই তার সব পছন্দ মিলে যায়, যে ছেলে বলতোÑ সব বন্ধুদের বাবার চাইতে তার বাবা আলাদা; সেই ছেলের সাথে এতোটা অমিল কী করে হয় আমাদের!

কোনো ভাবেই হিসাব মিলাতে পারছিলো না নীলিমা। এক রাতে বারান্দায় বসে কাঁদতে কাঁদতে আমার বুক ভাসিয়েছিলো নিরবে। সে কান্নার সাক্ষি শুধু আমি আর সে।
নীলিমার ডাকে ঘুম ভাঙে। কখনো কখনো ভাবি -যে ছেলের সাথে খেলার ছলে কত মারামারি করতাম, এতকাল পরে তার সামান্য কথাই বুকের মাঝে ত্রিশূলের মতো বিঁধে কেন? কখনো কখনো নিজেকে প্রশ্ন করি- বোঝা হয়ে যাইনি তো? আবার নিজেকেই ধমক দিয়ে বলি-‘কি সব ভাবছি?’ তারপরও একেবারে মাথা থেকে দূর করতে পারি না। ক্রমেই মাথার ভেতর একই প্রশ্ন ঘুরপাক খায়। ঝিঁঝিঁ পোকার মতো কানে বাজতে থাকে-‘বোঝা হয়ে যাচ্ছি না তো !’

এখন কোনোরকম কাজ করতে হয় না, একেবারে শুয়ে-বসে থাকা যাকে বলে আর কি! কেউ অনিয়মে বাধা দেওয়ার নেই। নেই অমিল গড়মিল খোঁজার ! খোকা আসলে ঠিকই বলেছিল- ভীষণ ভালো থাকব।

আমিনের বাবা, রাসেলের বাবা, আকিবের বাবার সাথে দিন আর রাত কাটে আমার। চোখে আজকাল দেখতে পাই না বললেই চলে। তারপরেও ঝাপসা আলোয় আকাশ দেখেই দিন কাটে। ঐ বিশাল আকাশে নিজের জন্য একটুখানি জায়গা খুঁজি।

আড়াই বাই সাত ফুটের বিছানায় স্মৃতি রোমন্থনে খুঁজি নীলিমাকে। খোকা অনেক বড় হবে, দীপ্ত’র দিপ্তীতে আলোকিত হবো আমরা- এতোটুকু স্বপ্ন দেখতে দেখতে কখন যে অন্ধকারে হারিয়ে গেলো নীলিমা, মনে পড়ে না !  

দীপ্ত সত্যিই আজ অনেক বড় হয়েছে। ছেলেরও আজ ছেলে হয়েছে। ছেলেরও বাবা ডাকার নতুন মানুষ হয়েছে বলেই হয়তো তার বাবাকে তার আর প্রয়োজন হয় না। নীলিমা বলতো-‘সন্তানের সাথে মায়ের নাড়ীর টান থাকেরে খোকা’।

নীলিমা  যেদিন আমায় ছেড়ে চলে গেল, আমার খোকা কি সেদিনও সেই টান অনুভব করে নি?  জন্মান্তরের বাঁধন কেটে দিলেই যে মানুষ আর মানুষ থাকে না, অমানুষ হয়ে যায়। তবে কি খোকাও…  । চোখে আলো নেই, নেই স্বপ্ন- তবুও বেঁচে আছি। কেন ?

এখানকার তত্ত্বাবধায়ক বললেনÑ দেখবেন, সামনের ঈদেই আপনার ছেলে আসবে। এভাবে প্রতিদিন একটি করে দিন শেষ হয়ে আসে। আমি রাতের প্রতীক্ষা করি। ঘরের বারান্দায় বসে আমার বুকে মাথা রেখে অঝোরে কাঁদবে নীলিমা । বলবে, দেখো আমাদের খোকা আকাশের মতো বড় হয়েছে!