দুই নামের এক মানুষ চিরঞ্জিত

নিপু বড়ুয়া :: সাদার্ন অ্যাভিনিউয়ের ফ্ল্যাট । ফ্লাটের নীচে লেটার বক্সে লিখা ডি চক্রবর্তী কিন্তু পঞ্চম তলাতে যখন ওঠলাম দরজার নেইম প্লেটে চোখে পড়লো সি চক্রবর্তী। বিছৃটা হতভম্ব আমি। নিজেকে সামলে নিয়ে আঙ্গুল ছোয়ালাম কলিং বেলে। দরজা খুলে দিলেন তিনি নিজেই। পড়নে লাল সিল্কের হাতকাটা ফতুয়া আর পায়জামা। কলকাতার জনপ্রিয় খ্যাতিমান অভিনেতা চিরঞ্জিত ।
ড্রইং রুমে নিজের আঁকা পেইন্টিং। দরজার পাশেই বাবার পোর্ট্রেট । পরিপাটি ফ্লাট। সাজানো-গোছানো।
দিধাগ্রস্ত হয়ে প্রশ্ন কললাম আমতা-আমতা করে, দাদা, ‘ডি’ আর ‘সি’ এর মানে কী? সোফায় হেলান দিতে দিতে হাসতে হাসতে তিনি বললেন, বাংলা সিনেমার মানুষ সি চক্রবর্তী আর যিনি ছবি আঁকেন, কবিতা লেখেন,গান গান তিনি হলেন ‘ ডি চক্রবর্তী ’।দুই নামের এক মানুষ আমি-শুধুই মানুষ।

একসময় দূরদর্শন কলকাতার জনপ্রিয় সংবাদ পাঠক ছিলেন দীপক চক্রবর্তী। তারপর হয়ে উঠলেন বাংলা ছবির প্রধান নায়ক চিরঞ্জিত। প্রয়াত নির্মাতা ঋতুপর্ণ ঘোষ চিরঞ্জিতকে নিয়ে তৈরি করেছিলেন ‘বাড়িওয়ালি’। দীর্ঘদিন পর আবার সৃজিত মুখোপাধ্যায়ের ‘চতুষ্কোণ’ ছবিতে ভিন্নরূপে আবিষ্কৃত হলেন এ অভিনেতা।
কলকাতার চিরঞ্জিতের ফ্লাটে বসেই কথা হয় এই বাংলার বিনোদন সাংবাদিক নিপু বড়ুয়া মুখোমুখি হয়েছিলেন ওই বাংলার খ্যাতিমান এই অভিনেতার ।
চলচিত্রের নানান বিষয় নিয়ে কথা হয়েছিলো ওই বাংলার জনপ্রিয় এই অভিনেতার সাথে। তারই কিছু অংশ ক্লিকের পাঠকের জন্য তুলে ধরা হয়েছে। প্রশ্ন : ‘চতুষ্কোণ’ দিয়েই কি চিরঞ্জিতের কামব্যাক? উত্তর: ‘চতুষ্কোন’ ছবির আগেই তো রাজা সেনের ‘কর্নেল’ ছবিতে কাজ করেছি । তার আগে করেছি ‘মণিহারা’। ‘মণিহারা’ আগে রিলিজ হলে লোকে বলত, নতুন করে আবিষ্কৃত হল চিরঞ্জিত।
প্রশ্ন : তাহলে,‘চতুষ্কোণ’ নিয়ে আপনি কি বলবেন? উত্তর:‘চতুষ্কোণ’ শহরের দর্শকদের জন্য তৈরি হয়েছে। গ্রামে কটা লোক দেখেছে চতুষ্কোণ ? এই ছবির একটা নির্দিষ্ট দর্শক আছে। আমাকে স্টার করেছে আমার অভিনয় করা ২০০টা ছবি। ‘চতুষ্কোণ’ আমাকে চিরঞ্জিত করেনি। বহু লোক চিরঞ্জিতের জন্য ছবিটা দেখেছে।
প্রশ্ন : স্বেচ্ছায় নির্বাসন , আবার ফেরা?
উত্তর : আমার যখন ২০০টা ছবি হয়ে গেছে, তখনই সিদ্ধান্ত নেই অভিনয় করব না। এখন আবার ফিরেছি, এর কারণ হলো-এখন চিরঞ্জিতকে নয়, দীপককে নিয়ে ছবির গল্প হচ্ছে। বাকি সময়টা দীপক হয়ে কাজ করে যেতে চাই।
প্রশ্ন : শুনেছি, আবার স্বপন সাহার ছবিতে কাজ করছেন?
উত্তর: একসময় স্বপন সাহা একের পর এক হিট ছবি দিয়ে ইন্ডাস্ট্রিকে বাঁচিয়েছেন। বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিকে বাঁচানোর জন্য বাণিজ্যিক ছবি দরকার। বাণিজ্যিক ছবি যদি সফল না হয়, ইন্ডাস্ট্রি বাঁচবে না। বলিউডে শাহরুখ, সালমান, আমির খানদের ছবি ইন্ডাস্ট্রিকে বাঁচিয়ে রেখেছে বলেই অফবিটের ছবি হচ্ছে। আমি, প্রসেনজিৎ একটা সময় পর্যন্ত ইন্ডাস্ট্রিকে বাঁচিয়ে রেখেছি। তারপর এলো জিৎ, দেব। আসলে ইন্ডাস্ট্রিকে বাঁচিয়ে রাখে স্টাররা।
প্রশ্ন : স্বপন সাহার কী ছবি করছেন?
উত্তর : ‘মানুষের নাম ঈশ্বর’। নামটি আমারই দেয়া। স্বপন সাহা যখন কলকাতয় প্রথম ছবি করতে আসে, আমি তার পাশে দাঁড়িয়েছিলাম। এখন ওঁর হাতে একদমই ছবি নেই। তাই আবার তার পাশে দাঁড়ালাম। আমার বিশ্বাস ‘মানুষের নাম ঈশ্বর’ ছবিটি লোকে দেখবে। আমি চাই, বাণিজ্যিক ছবি আবার হিট হোক। তবেই ইন্ডাস্ট্রি বাঁচবে।
প্রশ্ন : দেব এবং জিৎ প্রযোজনায় এসেছেন? বিষয়টি কিভাবে দেখছেন?
উত্তর: দেব এবং জিৎ দুজনই আমার খুব প্রিয়। তারপরেও বলবো তাদের প্রযোজনায় আসাটা ভুল সিদ্ধান্ত। এখন একাধিক ছবির শুটিং নিয়ে দেব এবং জিৎ ব্যস্ত থাকার কথা। অথচ তারা এসেছে প্রযোজনায়। এটা আমার মতে,ভূল সিদ্ধান্ত।
প্রশ্ন : আবার কী ছবি পরিচালনায় ফিরছেন?
উত্তর : আগামী বছর ছবি পরিচালনা শুরু করব। এ পর্যন্ত ৭ টি ছবি পরিচালনা করেছি এবং প্রতিটিই দর্শকপ্রিয়তা পেয়েছে।
প্রশ্ন : সত্যজিৎ রায়ের সঙ্গে কাজের অভিজ্ঞতা শুনতে চাই।
উত্তর : কলেজের প্রথম ধাপ থেকেই মানিকদার বাড়িতে খুব যাওয়া-আসা করতাম৷ ‘সীমাবদ্ধ’ ছবি নির্মাণের সময় বেশিরভাগই আমি মানিকদার সঙ্গে ছিলাম৷ ‘প্রতিদ্বন্দ্বী’ ছবিতে উনি একবার আমার কথা ভেবেছিলেন৷ কিন্তু বয়সটা ছবির চরিত্র অনুযায়ী কিছু কম হয়ে যাওয়ায় শেষ পর্যন্ত কাজ করা হয়নি৷ এছাড়া ওই সময় মানিকদা সম্পাদিত সন্দেশ-পত্রিকার কাভার পেজও একবার আমিই এঁকেছিলাম৷ এটা আমার জন্য খুবই আনন্দের ছিলো, কারন মানিকদা ছাড়া এই পত্রিকার কাভার পেজ কেউ আঁকেনি।
প্রশ্ন : আপনার ছবির সংলাপ এখনও মানুষের মুখে মুখে
উত্তর : আমার ‘বউ হারালে বউ পাওয়া যায়, মা হারালে মা পাওয়া যায় না’ সর্বকালের সেরা হিট ডায়ালগগুলোর একটা। লোকে এই ডায়ালগটা ভেতরে ঢুকিয়ে নিয়েছে। বুঝতে পারি, ডায়লগটা আমার চলে যাওয়ার পরও থেকে যাবে। মিঠুনদাও দেখলে আমাকে ওই ডায়লগটা বলে। মীর তো ওর প্রোগ্রামে প্রায়ই বলে। খারাপ লাগে না। একটা আইকনিক ডায়লগের সঙ্গে তো যুক্ত থাকল আমার নাম।
প্রশ্ন : ‘ডিকেটটিভ ২০১৫’ দিয়ে টেলিভিশনে নতুন যাত্রা ,কেমন লাগছে?
উত্তর : নতুন অভিজ্ঞতা। নতুন মানুষের সঙ্গে পরিচয় হচ্ছে। খুব উপভোগ করছি অনুষ্ঠানটি।
প্রশ্ন : বর্তমান অভিনয়ের ব্যস্ততা?
উত্তর : ‘কর্নেল’ তো হয়েই আছে, এখনও রিলিজ করেনি। ‘ষড়রিপু’ করলাম। অতনু ঘোষের ‘অ্যাবি সেন’ মুক্তি পেয়েছে। ইন্দ্রনীল রায় চৌধুরীর পরিচালনায় ‘কাকাবাবু’ করব।
প্রশ্ন : বাংলাদেশের চলচ্চিত্র সম্পর্কে আপনার মূল্যায়ন?
উত্তর : বাংলাদেশের ছবি এখন আর দেখা হয় না। শুনেছি বাংলাদেশের চলচ্চিত্র কলকাতার মতোন হয়ে গেছে। আসলে হিট ছবি না হলে কোনো ইন্ডাস্ট্রিই বাঁচবে না। অনেক আগে আমেরিকার একটি অনুষ্ঠানে দেখা হয়েছিল মান্নার সঙ্গে। শুনেছি সে মারা গেছেন। নতুনদেরকে তেমন চিনি না। তবে বাংলাদেশের পুরনো নাটক আমার বেশ ভালো লাগে।
প্রশ্ন : যৌথ প্রযোজনার ছবি প্রসঙ্গে কিছু বলুন।
উত্তর: যৌথ প্রযোজনার ছবিগুলোও ব্যবসা করছে না। কারণ আগে সিনেমা হল ছিল ৭৫০টি। এখন আছে ২৫০টি। প্রতিদিন ৫টি করে শো চললেও ৩টি শো হিন্দি আর বাকি ২টি শো চলে বাংলা ছবির জন্য। এখন বিগ বাজেটের ছবি চলছে না। নকল গল্পের ছবি দর্শক আর চাইছে না। প্রয়োজন মৌলিক গল্প।
প্রশ্ন : বাংলাদেশে আসার ইচ্ছা আছে কী?
উত্তর : বাংলাদেশের দর্শকরাই আমাকে স্টার বানিয়েছে। কলকাতার চেয়ে আমার দর্শক বেশি বাংলাদেশে। আমি তিনবার বাংলাদেশে যাওয়ার পরিকল্পনা করেছি। কিন্তু প্রতিবারই নানা কাজে আটকে যাই। সময় সুযোগ পেলে একবার বাংলাদেশে ঘুরে আসব।