পি.বি.আই’র গৌরব সন্তোষ কুমার চাকমা
হাকিম মোল্লা : সন্তোষ কুমার চাকমা। পুলিশের নবীনতম ইউনিট পিবিআইয়ের প্রশংসিত নাম। সূত্রবিহীন চাঞ্চল্যকর ও স্পর্শকাতর বিভিন্ন মামলার রহস্য উদঘাটনে তাঁর ঝুঁকিপূর্ণ, সাহসী ও বুদ্ধিদীপ্ত কর্মকা- সর্বমহলে প্রশংসিত।
ডাকাতি, ছিনতাই কিংবা চাঞ্চল্যকর খুনের ঘটনা-মাস যায়, বছর যায় ক্লু পায় না পুলিশ। কপালে ভাঁজ পড়ে যায় মামলার কর্মকর্তার। ঠিক সে জায়গাটিতে এসে ডাক পড়ে সন্তোষের। সূত্রবিহীন মামলার রহস্যের জট খোলায় পটু তিনি। পিবিআই কর্মকর্তাদের অভিমত, অতি কৌশলী অপরাধীও তার চোখ ফাঁকি দিতে পারে না। তাঁর হাতে যেন ‘জাদুর কাঠি’।
পিবিআই সূত্রে জানা যায়, চলতি বছরের ২৭ মার্চ ফেনী জেলার সোনাগাজী থানার সিনিয়র ফাজিল (ডিগ্রী) মাদ্রাসায় মাদ্রাসা ছাত্রী নুসরাত জাহান রাফিকে মাদ্রাসার অধ্যক্ষ সিরাজ উদ দৌল্লাহর নেতৃত্বে আগুনে পুড়িয়ে হত্যা করা হয়। এ ঘটনায় গত ৮ এপ্রিল ভিকটিমের ভাই মাহমুদুল হাসান নোমানের এজাহারের প্রেক্ষিতে সোনাগাজী মডেল থানায় মামলা রুজু হয়। এতে নুসরাত জাহান রাফি হত্যা মামলা প্রথমে সোনাগাজী থানা পুলিশ তদন্ত করে।
সমগ্র দেশব্যাপী মামলার ঘটনাটি অর্থাৎ ভিকটিম নুসরাত জাহান রাফিকে পরিকল্পিতভাবে আগুনে পুড়িয়ে হত্যাকা- মর্মে মানববন্ধনসহ পত্র-পত্রিকা এবং ইলেকট্রনিক মিডিয়াতে আলোচিত হতে থাকে। ঘটনাটি মাননীয় আইজিপি, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী ও মাননীয় প্রধানমন্ত্রীর নজরেও আসে।
তারই ধারাবাহিকতায় ১০ এপ্রিল মামলার তদন্তভার পিবিআইতে হস্তান্তর হয়। পিবিআই এর ডিআইজি বনজ কুমার মজুমদার, বিপিএম, পিপিএম এর নির্দেশে এই চাঞ্চল্যকর মামলা তদন্তে তদন্তকারী কর্মকর্তাকে সহায়তা করেন তিনি। প্রযুক্তিগত তথ্যের সহায়তা দিয়ে আসামিদের দ্রুত গ্রেফতার করতে সাহায্য করেন সন্তোষ কুমার চাকমা।
পিবিআইয়ের কাছে মামলার তদন্তভার আসার পর মাত্র ৫২ দিনের মধ্যে তদন্ত সমাপ্ত করে উর্ধ্বতন কর্তৃপক্ষের মতামত গ্রহণ শেষে এ বছরেই ২৯ মে বিজ্ঞ আদালতে ১৬ জন আসামির (যাহাদের সকলেই গ্রেফতারকৃত) বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করায় দেশের মানুষের সন্দেহ উদ্রেকের স্থানে পিবিআই তথা বাংলাদেশ পুলিশ এর আস্থার জায়গা সৃষ্টি করেন।
বিজ্ঞ আদালত আসামিদের অপরাধ স্বীকারোক্তিমূলক জবানবন্দি পর্যালোচনা ও সাক্ষীদের বক্তব্য গ্রহণসহ বিধি মোতাবেক সকল কার্যক্রম শেষে বহুল আলোচিত ফেনীর সোনাগাজী ইসলামিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসার ছাত্রী নুসরাত জাহান রাফিকে পুড়িয়ে হত্যা মামলার প্রধান আসামি অধ্যক্ষ সিরাজ-উদ-দৌলাসহ ১৬ (ষোল) জনের ফাঁসির রায় প্রদান করেন।
শুধু নুসরাত হত্যা মামলায় সহায়তা নয়-এমন শত শত মামলা দ্রুততার সাথে তদন্ত শেষ করে উদঘাটিত করেছেন প্রকৃত ঘটনা। গ্রেফতার করেছেন আসামিদের। চাঞ্চল্যকর মামলা তদন্তে সাফল্যের নেপথ্যে ভূমিকা পালন করেছেন সন্তোষ কুমার চাকমা। পিবিআই কর্মকর্তাদের মতে, দ্রুত মামলার রহস্যের কিনারায় পৌঁছাতে পারেন সন্তোষ।
২০১৫ ও ২০১৮ সালে পিপিএম (সেবা) পদক অর্জন করেন তিনি। আইজিপি র্যাঙ্ক ব্যাজ পেয়েছেন দুইবার। ২০০৫ সালে পুলিশ বাহিনীতে এসআই পদে যোগ দেন। পাঁচ বছর কর্মরত ছিলেন নগর গোয়েন্দা পুলিশে। এর আগে কর্ণফুলী ও কোতোয়ালী থানা এবং সিআইডিতে কর্মরত ছিলেন সন্তোষ। ২০১৬ সালের ২০ জুলাই পদোন্নতি পান পরিদর্শক পদে। এরপর ঢাকায় সিআইডিতে এক মাস কর্মরত থেকে বদলি হন পিবিআইয়ে।
২০১৬ সালের সেপ্টেম্বর থেকে পিবিআইয়ের চট্টগ্রাম মেট্রো ইউনিটে কর্মরত আছেন সন্তোষ। ২০১১ ও ২০১৩ সােেল বোমা নিষ্ক্রিয়করণ ও সাইবার অপরাধ নিয়ন্ত্রণের ওপর যুক্তরাষ্ট্রে প্রশিক্ষণ গ্রহণ করেন। চলতি বছরের মার্চে ভারতের সিবিআই একাডেমিতে আর্থিক অপরাধ-সংক্রান্ত বিষয়েও প্রশিক্ষণ নেন। এ ছাড়াও আমেরিকা, রাশিয়া, জার্মান, জর্ডান সফরে গিয়েছেন প্রশিক্ষণ গ্রহণের জন্য। রাঙামাটির সন্তান অর্থনীতি বিষয়ে পোস্ট গ্রাজুয়েশন শেষ করেন চট্টগ্রাম বিশ^বিদ্যালয় থেকে।
অপরাধী গ্রেফতারে একের পর এক সাফল্যের কারণ জানতে চাইলে সন্তোষ কুমার চাকমা বলেন, ‘কাজে আন্তরিকতা এবং ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঠিক দিকনির্দেশনা থাকলে যে কেউ সফল হতে পারেন।
দায় স্বীকার : ক্লিক ম্যাগাজিন’র প্রিন্ট ভার্সনে তথ্যগত ভুলের কারনে নূসরাত হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তা হিসেবে সন্তোষ কুমার চাকমার নাম উল্লেখ করা হয়েছে। এ জন্য সম্পাদনা পরিষদের পক্ষ থেকে দুঃখ্য প্রকাশ করা হচ্ছে। প্রকৃতপক্ষে সন্তোষ কুমার চাকমা নূসরাত হত্যা মামলার তদন্ত কর্মকর্তাকে মামলা তদন্তে সহায়তা করেছেন।