মুখোমুখিলাইফস্টাইললিডসফলতার গল্প

বাবার পথ ধরেই মানুষের কাছাকাছি যেতে চাই : মুজিবুর রহমান

জালালউদ্দিন সাগর :: মুজিবুর রহমান। সিআইপি। ভেঙে বললে- কমার্শিয়ালি ইম্পোরট্যান্ট পারসোন। একাধারে দক্ষ সংগঠক, রাজনীতিবিদ সর্বোপরি একজন সফল ব্যবসায়ী। স্মার্ট গ্রুপ অব কোম্পানির প্রায় ১৮টি প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক তিনি। কর্মমুখী এই মানুষটির প্রাণের স্পন্দন বাঁশখালীর সাধারণ মানুষ। বাবা শিক্ষাবিদ মাস্টার নজির আহম্মদের পথ অনুসরণ করে বাঁশখালীর মানুষদের জন্য আজীবন কাজ করে যেতে চান চট্টগ্রাম তথা বাংলাদেশের সফল এই ব্যবসায়ী। বলেন- ‘বাঁশখালি আমার প্রাণ। নাপোড়া গ্রামের মাটির গন্ধ অনুভব করি শরীরে। তিনি আরও বলেন, গ্রাম ও এলাকার মানুষদের কাছে দৃষ্টান্ত হয়ে থাকতে চাই- এমন কিছু করে যেতে চাই যা মৃত্যুর পরও আমাকে বাঁশখালীতে অমর করে রাখবে।’

লেখাপড়া শেষ করে ১৯৯৯ সালে ব্যবসা শুরু করেন মুজিবুর রহমান। ১৮ বছরে প্রায় ২৬ হাজার মানুষের কর্মসংস্থানের সুযোগ করেছেন তিনি। নিজ প্রতিষ্ঠানে চাকুরির ব্যবস্থা করে দিয়ে স্বাবলম্বী করেছেন লক্ষাধিক পরিবার।

পরপর তিনবার সরকার তাঁকে সিআইপি নির্বাচিত করেছে। চট্টগ্রামের এই ব্যবসায়ী সামাজিক দায়বদ্ধতা থেকে গড়ে তুলেছেন অনেকগুলো শিক্ষা প্রতিষ্ঠান। ২০০৪ সালে দক্ষিণ বাঁশখালীতে বাবা নজির আহম্মদের নাম অনুসারে প্রতিষ্ঠিত করেন ‘মাস্টার নজির আহম্মদ কলেজ’। নারী শিক্ষা সম্প্রসারণে ২০১২ সালে মায়ের নামে প্রতিষ্ঠা করেন, আম্বিয়া খাতুন মহিলা ক্যাডেট মাদ্রাসা। এতিম ও আশ্রয়হীন শিশুদের লালনপালন ও শিক্ষিত করতে দাদীর নামে প্রতিষ্ঠা করেন, জোবেদা খাতুন এতিম ও হেফজ খানা। বর্তমান সরকারের সহযোগিতায় ২০১৭ সালে নজির আহম্মদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ও প্রতিষ্ঠা করেন। জান আলী কারিগরি স্কুল ও কলেজ নামে কর্মমুখি একটি শিক্ষা প্রতিষ্ঠান বাস্তবায়নে প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।

এছাড়া বাঁশখালীসহ পার্শ্ববর্তী এলাকার উন্নয়নে ব্যাপক ভূমিকা রয়েছে নজির আহম্মদ পরিবারের। স্কুল, কলেজ, মসজিদ, মাদ্রাসা প্রতিষ্ঠায় অর্থসহ নানানভাবে সহযোগিতা করে আসছেন মৃত মাস্টার নজির আহম্মদের ৬ ছেলে।

চট্টগ্রাম চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ডাস্ট্রিজের পরিচালক মুজিবুর রহমান সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন চট্টগ্রামের বহুল প্রচারিত আঞ্চলিক দৈনিক পূর্বদেশ পত্রিকার।এছাড়া বাংলাদেশ আওয়ামী লীগ চট্টগ্রাম দক্ষিণ জেলার অর্থ সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করছেন বাঁশখালীর এই ত্যাগী নেতা। আলাপচারিতায় তিনি জানান, ব্যবসায়ী হিসেবে সফল হতে হলে সততার সাথে পরিশ্রমী হওয়ার কোনো বিকল্প নেই। সেই সততা ও পরিশ্রমকে কাজে লাগিয়েই বাঁশখালী অঞ্চলের অবহেলিত মানুষের জন্য কিছু করতে চাই আমি।

প্রায় এক যুগ ধরে বাঁশখালী উপজেলার ১৪টি ইউনিয়নে রমজান মাসে মসজিদে-মসজিদে ইফতার সামগ্রী বিতরণ করেন তিনি। অসহায়-দু:স্থ-গরীবদের মাঝে কোরবানীর ঈদে গরু বিতরণ করেন। প্রতিবছর দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের মধ্যে পাঠ্যপুস্তক বিতরণসহ অসহায় মেধাবী শিক্ষার্থীদের উচ্চ শিক্ষার জন্য নগদ অর্থ প্রদান করেন। মুজিবুর রহমান বলেন, আমার বাবা নজির আহম্মদ ছিলেন দানশীল মানুষ। গ্রামের অসহায় মানুষদের দুঃখ-কষ্টে সব সময় পাশে থাকতেন তিনি। বাবার নির্দেশে বাঁশখালী উপজেলার দরিদ্র মানুষকে স্বাস্থ্যসেবা দেয়ার জন্য ফ্রি ট্রিটমেন্টসহ বিনামূল্যে ওষুধ দিয়ে আসছে আমাদের পরিবার। দীর্ঘদিন ধরে অসহায়-গরীব রোগীদের এই সেবা দিয়ে আসছে।

তিনি বলেন, বাঁশখালীর মানুষের ভাগ্য পরিবর্তনে সরকারি বিভিন্ন উদ্যোগের পাশাপাশি আমরাও কাজ করছি। নজির আহম্মদ ফাউন্ডেশনের মাধ্যমে এলাকায় গৃহহীনদের গৃহ নির্মাণসহ গভীর নলকূপ বসানোর মধ্য দিয়ে গ্রামে গ্রামে সুপেয় পানির ব্যবস্থা করছি আমরা। তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী, দেশনেত্রী শেখ হাসিনার ঘোষণায় অনুপ্রাণিত হয়ে বাঁশখালী উপজেলায় ভিক্ষুকদের পুনর্বাসনে কাজ করছি। ইতোমধ্যে ৫০জন ভিক্ষুকের মধ্যে ভ্যানগাড়ি বিতরণের মধ্য দিয়ে এই কার্যক্রমের যাত্রা শুরু হয়েছে।

জন্ম বিত্তান্ত : মুজিবুর রহমানের জন্ম বাঁশখালীর নাপোড়া গ্রামে। ১৯৭২ এর ২০ জুনে। নাপোড়া শেখেরখীল উচ্চ বিদ্যালয় থেকে ১৯৮৮ সালে এসএসসি। সাতকানিয়া সরকারি কলেজ থেকে ১৯৯০ সালে এইচএসসি। চট্টগ্রাম সিটি কলেজ থেকে বাংলাতে ১৯৯৪ সালে অনার্স ও ১৯৯৫ সালে মাস্টার্স সম্পন্ন করেন তিনি। পারিবারিকভাবে অত্যন্ত সুখী একজন মানুষ তিনি। বিয়ে করেছেন ২০০২ সালে। এক ছেলে ও ২ মেয়ের গর্বিত পিতা। বলেন, সুখ আসলে কীভাবে আপনি জীবনটাকে দেখেনÑ সেটার উপর নির্ভর করে। ধন-সম্পদের উপর নয়।

বাঁশখালীর নাপোড়া গ্রামে জন্ম হলেও ব্যবসায়িক প্রয়োজনে তিনি বর্তমানে বসবাস করেন চট্টগ্রাম মহানগরীর সুগন্ধা আবাসিক এলাকায়। মা আম্বিয়া খাতুনের না ফেরার দেশে চলে যান ১৯৯২ সালে। বাবা মাস্টার নজির আহম্মদ মৃত্যুবরণ করেন ২০১৪ সালে।

প্রাইমারি স্কুলের শিক্ষক বাবা নজির আহম্মদ ছিলেন এলাকার সুপরিচিত গুণী ব্যক্তিত্ব। মুক্তিযুদ্ধের সংগঠক নজির আহম্মদ এলাকার অসহায় মানুষদের জন্য নানামুখী উদ্যোগ গ্রহণ করে ভালোবাসায় সিক্ত হয়েছিলেন। শিক্ষা ও সামাজিক ক্ষেত্রে নানান অবদানের কারণে বাঁশখালী অঞ্চলের মানুষ আজও কৃতজ্ঞতার সাথে স্মরণ করেন নজির আহম্মদকে।

ঠিক বাবার সেই পথ ধরেই মানুষের কাছাকাছি যেতে চান মুজিবুর রহমান। অনন্য দৃষ্টান্ত হয়ে বাঁশখালী অঞ্চলের মানুষের কাছে বেঁচে থাকতে চান মৃত্যুর পরও। তিনি বলেন, মানুষই একমাত্র প্রাণী যাঁরা মৃত্যুর পরও বেঁচে থাকে। বেঁচে থাকতে পারে।

ছবিয়াল : আরাফাত রূপক