মুখোমুখিলাইফস্টাইললিডসফলতার গল্প

মাটি ও মানুষের নেত্রী সাবিহা মূসা

নূসরাত জাহান :: সময়টা ১৯৫০ এর জানুয়ারি। কনকনে শীত। আজকের যে বাংলাবাজার (চট্টগ্রামের একটি এলাকা) এর নাম তখন ছিলো পাকিস্তান বাজার। সেখানকার ডেবারপাড় এলাকায় আব্দুল খালেক সওদাগর এর বাড়িতে জন্ম নিলো তাঁর ছোট মেয়ের প্রথম কন্যা সন্তান। বিয়ের প্রায় ছয় বছর পর এই প্রথম সন্তানের মুখ দেখলেন গোলফাহাম বেগম এবং নুরুল আলম চৌধুরী দম্পতি। একেতো বড় মেয়ে তার উপর এত দীর্ঘ সময় পর আকাক্সিক্ষত সন্তান। আদর-প্রশ্রয়ের কমতি ছিলো না তাই। বাবা আদর করে ডাকতেন সাবু বলে!

হ্যাঁ, সাবু। পুরো নাম সাবিহা নাহার বেগম। আমাদের কাছে যিনি পরিচিত এমপি (সংসদ সদস্য) সাবিহা মূসা নামে। পশ্চিম মাদারবাড়ি কমার্স কলেজের পেছনে দাদা মুন্সি নজির আহমেদ এর যৌথ পরিবারে বেড়ে ওঠা এই মহিয়সী নারীর।

দাদীকে হারিয়েছেন খুব ছোটবেলায়। দাদা, চাচা-চাচী আর চাচাতো ভাই-বোনদের নিয়ে সেকালের নামকরা বনেদি পরিবারে বেড়ে উঠলেও রক্ষণশীল নিয়মকানুন থেকে অনেকটাই মুক্ত ছিলেন তিনি। বাবার প্রশ্রয়েই মূলত নিয়মের বোঝা অনেকটাই হালকা ছিলো তাঁর ওপর।

এমপি সাবিহা মূসার সামনে বসে তাঁর শৈশবের গল্প শুনতে-শুনতে বারবার খুঁজে পাচ্ছিলাম এক ডানপিটে দুরন্ত বালিকাকে। ভণিতা ছাড়া নিজেই বললেন, প্রায়ই বাড়িতে নালিশ আসতো। একবার তো ডাঙ্গুলি খেলতে গিয়ে কার নাকি মাথাও ফাটিয়ে দিয়েছিলাম।বাবা নুরুল আলম চৌধুরী ছিলেন সমাজসেবক। বিচার কিংবা সালিশে সর্দার হিসেবে তাঁর নামডাক ছিলো প্রচুর। মেয়ের দস্যিপনার নালিশও তাই তাকেই শুনতে হতো বেশি। তবুও শাসন তো করতেনই না উল্টো যখন যেখানে যেতেন সাথে নিয়ে যেতেন। সমাজসেবক মানবপ্রেমিক বাবার বিচিত্র কর্মকা- কাছ থেকে দেখার সুযোগ পেয়েছিলেন তিনি। মেম্বার হিসেবে, সর্দার হিসেবে, কখনোবা ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে আবার আইয়ুব খানের সময় পৌর সরকার হিসেবেও বাবার যাবতীয় কর্মের সাথে-সাথে যেতেন- এমনটাই জানান সাবিহা।

ডানপিটে মেয়েকে কিছুটা শাসন অবশ্য করতেন মা গোলফাহাম বেগম। সেই সময়ে তৃৃতীয় শ্রেণি পাস গোলফাহাম বেগম ছিলেন কঠোর পরিশ্রমী এবং দানশীল নারী। মেয়েকে সংসারি করা নিয়ে তাই চিন্তার অন্ত ছিল না গোলফহাম বেগমের। এজন্য মা বকাও দিতেন মেয়েকে। দাদা নজির আহমেদও ছিলেন দানশীল ব্যক্তি। সে সময় পশ্চিম মাদারবাড়ি বালক প্রাথমিক বিদ্যালয় এবং বালিকা বিদ্যালয়ের গোড়াপত্তন হয় তাঁর হাতেই। তাঁরই দানকরা জমিতে গড়ে উঠে এলাকার ছেলেমেয়েদের প্রথম শিক্ষায়তন।

বালিকা প্রাথমিক বিদ্যালয়ের শিশু শ্রেণিতে শিক্ষাজীবন শুরু করেন সাবিহা নাহার। ষষ্ঠ শ্রেণিতে উঠলে ওই স্কুলেই একটি কক্ষ বৃদ্ধি করে ষষ্ঠ এবং পরবর্তীতে সপ্তম ও অষ্টম শ্রেণিও শুরু করা হয়। এভাবেই পাড়ার মেয়েদের শিক্ষা প্রসারে অবদান রাখেন মুন্সিবাড়ির দানশীল ব্যক্তিরা। সাবিহা নবম শ্রেণিতে ভর্তি হন গুলজার বেগম হাই স্কুলে। সেই বছরই(১৯৬৫) তাঁর বিয়ে হয় হাটহাজারীর ডা. সবুর আহমেদের ছোটভাই মোহাম্মদ মূসা খানের সাথে। বিয়ের সময় শ্বশুর বেঁচে ছিলেন না। বড় ভাসুর তাঁর বাবাকে কথা দিয়েছিলেন তাঁরা মেয়েকে পড়াবেন। সেই কথা রেখেছিলেন শ্বশুরবাড়ির লোকজন। গর্ব করে সাবিহা মূসা বললেন, আমি বাবার বাড়ির চেয়েও শ্বশুর বাড়িতে আদও পেয়েছি বেশি। শাশুড়ির আদরের ছোটবউ এর কোনো দোষ চোখে পড়তো না। তাই কখনোই বাধা পড়েনি কোনো দস্যিপনায় বা পড়ালেখায়।

স্কুল দূরে হওয়ায় আর যাতায়াতের অসুবিধার কারণে ভর্তি হলেন কুয়াইশ বুড়িরচর সম্মিলনী উচ্চ বিদ্যালয়ে। ছেলেদের স্কুল হলেও সবিহা, সন্ধ্যারাণীসহ আরও একজন মোট তিনজন মেয়েকে সেখানে ভর্তির ব্যবস্থা করে দিলেন মূসা খান। সেখান থেকেই ১৯৬৬ সালে ম্যাট্রিক (বর্তমানে যা এসএসসি) পাশ করেন তিনি।

এরপর ভর্তি হন নাসিরাবাদ গার্লস কলেজে। কিন্তু বাড়ি সেই হাটহাজারী বতুয়া গ্রাম। এতদূর থেকে যাওয়া-আসা করার পক্ষপাতী ছিলেন না কেউই। ২য় বর্ষের শুরুতেই তাই শহরের সিরাজউদ্দৌলা রোডে বাসা নিলেন। কলেজে সে সময় বিহারী মেয়েদের ছিলো দোর্দ- প্রতাপ। বিভিন্ন ক্ষেত্রেই তারা বাঙালিদের বঞ্চিত করার জন্য তৎপর থাকতো। স্কুলের মতো কলেজেও খেলাধূলা, সাঁতারে অংশ নিতেন সাবিহা।

কলেজে তাঁর বান্ধবীদের মধ্যে প্রায় সকলেই ছিলেন নামকরা পরিবারের। শিরিন (সুরাইয়া জহুর), সালমা, লুৎফা, ডেইজী, ফুলু, লিলু এরকমই আরও অনেকে ছিলেন এক আত্মার এক প্রাণ। প্রতিবাদ এবং পড়াশোনার সঙ্গী ছিলেন সবাই। ইন্টারের সময়েই জন্ম নেয় সাবিহা নাহার এবং মূসা খান দম্পতীর প্রথম সন্তান। সেটা ১৯৬৭ সাল। এর পরের বছর ১৯৬৮ সালে ইন্টার পরীক্ষা সম্পন্ন করেন তিনি। একই সাথে তখন তিনি একজন সমাজসেবী, গৃহিণী, স্ত্রী, মা এবং শিক্ষার্থী। এতোকিছু একসাথে সমান তালে চালিয়ে যেতে পারার কারণ হিসেবে বারবারই বলছিলেন-স্বামী মূসা খানের একনিষ্ঠ সহযোগিতার কথা।পড়াশোনায় কখনোই কোন বাধা আসতে দেননি মূসা খান। ব্যবসার কাজে ব্যস্ত থাকলেও স্ত্রীর প্রতি পূর্ণ নজর ছিলো তাঁর। তাই ১৯৭৩ সালে অসুস্থ অবস্থায়ও সিটি কলেজ থেকে বিএ পরীক্ষা সম্পন্ন দেয়ার সুযোগ করে দিয়েছিলেন তিনি।

চট্টগ্রাম জেলা আওয়ামীলীগের কৃষি সম্পাদক ছিলেন মূসা খান। মূলত: স্বামীর হাত ধরেই রাজনীতিতে অনুপ্রবেশ সাবিহা মূসার। বঙ্গবন্ধুকে নিজের গাড়িতে ড্রাইভ করে নিয়ে যেতেন মূসা খান। বঙ্গবন্ধুর পৃষ্ঠপোষকতা, উৎসাহে এবং আজীজ চৌধুরীর নেতৃত্বে চট্টগ্রামে মহিলা আওয়ামীলীগ গঠিন করেন সাবিহা মূসা।

সৈয়দা সাজেদা চৌধুরীর তত্ত্বাবধানে মাত্র ছয়জন নিয়ে যাত্রা শুরু করলো চট্টগ্রাম জেলা মহিলা আওয়ামীলীগ। নীলুফার জামান ও খোদেজা জহিরুদ্দিন হলেন যথাক্রমে আহ্বায়িকা ও যুগ্ম আহ্বায়িকা। ঊনসত্তরের গণ আন্দোলনের সময়েই গঠিত চট্টগ্রাম মহিলা আওয়ামীলীগ।

১৯৬৯ এর ডিসেম্বরে জন্ম নেয় তাঁর মেজো ছেলে। ওই অবস্থায়ও কমিটির সব কাজ এবং আন্দোলন সমানভাবে চালিয়ে গেছেন তিনি। একাত্তরে পাকিস্তানি হানাদারদের একটি বড় টার্গেট ছিলো তাঁর শ্বশুরবাড়ি। সবাই তখন মুসলিম লীগ সমর্থক। বড় ও মেজো ভাসুর নামকরা ডাক্তার। স্বামী মূসা খানও নামকরা ব্যবসায়ী ও রাজনীতিবিদ। যার কারণে অন্ত:সত্ত্বা সাবিহাকে পাঠিয়ে দেয়া হলে ভাসুরের মেয়ের শ্বশুরবাড়ি রাউজানের তাগোতিয়া গ্রামে। সেখান থেকে চিকিৎসারর অসুবিধার জন্য আবারও চলে আসেন তিনি। এপ্রিলে জন্ম নেয় তাঁর ছোট মেয়ে।

ফি এট ১০০ডি নামে মূসা খানের যে গাড়িতে করে বঙ্গবন্ধু যাতায়াত করতেন, সেখানে আরও থাকতেন এম এ আজিজ, জহুর আহমেদ চৌধুরীর মতো নামকরা দেশসেবক ও রাজনীতিবিদরা। একাত্তরের সেই স্মৃতিধন্য গাড়িটি ভেঙে গুঁড়িয়ে দেয় পাকিস্তানি দালালরা।

১৯৭২ সালে বঙ্গবন্ধুর কথা শুনে সাবিহা মূসা যুক্ত হলেন সমবায় আন্দোলনের সাথে। সে সময় বাসা বদল করে সিরাজউদ্দৌলা রোডেই গঠন করেন মহিলা সমবায় সমিতি মমতার কার্যালয়। সমবায় আন্দোলনে তাই চট্টগ্রামে সাবিহা মূসা একটি উজ্জ্বল নাম।

১৯৭৫ এ বঙ্গবন্ধুর মৃত্যুর পর সক্রিয় রাজনীতি থেকে সরে আসেন মূসা খান। তবে স্ত্রীর রাজনৈতিক জীবনে বরাবরই পথপ্রদর্শক এবং উৎসাহদাতা ছিলেন তিনি। ১৯৯১ এর ঘূর্ণিঝড়ে আলহাজ্ব এ বি এম মহিউদ্দিন চৌধুরী যখন মুসলিম হলকে ডায়রিয়া রোগীদের চিকিৎসার জন্য খুলে দিলেন তখনও সেসবে সক্রিয় ছিলেন মূসা সাবিহা দম্পতি। রপ্তানি ব্যাবসায় লব্ধ সমস্ত অর্থই মূসা খান ব্যয় করতেন সমাজ দেশ ও রাজনীতির কল্যাণে।

এভাবেই দাদা, নানা, বাবা এবং স্বামীর সাণিœধ্যে বিচিত্র পথ পরিক্রমায় কেবল মানবসেবার দৃষ্টান্ত রেখেছেন সাবিহা। নিজেও ছিলেন নিঃস্বার্থ পরোপকারী। ১৯৯৪-এ প্রথমবার এবং ২০০০ সালে দ্বিতীয়বারের মতো কাউন্সিলর নির্বাচিত হন। সে সময় যৌতুক প্রথা, বধূ নির্যাতন, বাল্যবিবাহ রোধে কঠোর পরিশ্রম করেন তিনি। বেশ কয়েকটি পরিবারকে ভাঙনের হাত থেকে রক্ষা করেন। স্ত্রীর প্রতি অবহেলারও বিরোধী ছিলেন তিনি। এমনকি পশ্চিম মাদারবাড়ি স্কুলের সামনে কাভার্ড ভ্যান রাখা নিয়ে প্রতিবাদ করে ভ্যানচালকদের রোষের শিকারও হন তিনি।

চট্টগ্রাম জেলা পরিবার পরিকল্পনা সমিতির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদিকা ছিলেন সাবিহা। বর্তমানে রয়েছেন উপদেষ্টা কমিটিতে। প্রচার সম্পাদিকা হিসেবে যুক্ত ছিলেন চট্টগ্রাম লেডিস ক্লাবে। এরপর ভাইস প্রেসিডেন্ট হিসেবেও নির্বাচিত হয়েছিলেন একাধিকবার। মহিলা ইসলামি পাঠাগারে রয়েছেন জয়েন্ট সেক্রেটারি হিসেবে।এছাড়াও মা ও শিশু কল্যাণ হাসপাতালের আজীবন সদস্য, রেড ক্রিসেন্ট, রোগী কল্যাণ সমিতিসহ সমাজসেবার আরও বিস্তৃত ক্ষেত্র তাঁর সক্রিয় পদচারণায় সমৃদ্ধ। তিনি ওমেন চেম্বারেরও সক্রিয় সদস্য।

এত বিচিত্র অভিজ্ঞতা অর্জনের মধ্যেও তিনি সদা নিরহংকারী সহাস্যমুখ সাদা মনের মানুষ। গাড়ির ড্রাইভার না আসলে সময় নষ্ট না করে সিএনজিতে করেই চলে যান কাজে।
সমাজসেবা, দেশসেবা, সংসার, সন্তান, সংস্কৃতিচর্চা আবার একই সাথে ধর্মের পথে জীবন পরিচালনার মাধ্যমে সাবিহা মূসাÑ এমপি হিসেবে নয় বরং একজন মানুষ হিসেবেই বেশি পরিচয় দিতে স্বাচ্ছন্দবোধ করেন। বড়বড় মানুষের সান্নিধ্যসহ, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরাসরি সাহচর্য পেয়েও এই মানুষটি হয়ে উঠেছেন আরও বেশি সাধারণ।

প্রচার বিমুখ সাবিহা মূসা তাই নিজের থেকেই বাবা, দাদা, স্বামীর কৃতিত্বই বারবার বলে গেলেন আলাপচারিতায়। বললেন, মানুষকে নিয়ে তাঁর স্বপ্নের কথা। তরুণ সমাজকে নিয়ে ভীষণ আশাবাদী তিনি। স্বাধীনতার স্বপ্ন পুরোপুরিভাবে বাস্তবায়ন করতে হলে তরুণদেরই আদর্শ এবং দেশপ্রেমে বলীয়ান হয়ে দেশের হাল ধরতে হবে আলাপচারিতায় সে কথাও জানালেন তিনি।
রাজনীতি সচেতন, সংস্কৃতিমনা এবং দেশপ্রেমিক নারী সংসদ সদস্যের প্রাচুর্যের বাড়াবাড়ি নেই, নেই আদিখ্যেতা। অত্যন্ত সাধারণ নগর আওয়ামী মহিলা লীগের অতন্ত্র প্রহরী সাবিহা মূসা জীবনের বাকিটা সময় বিলিয়ে দিতে চান চট্টগ্রামের মানুষের কল্যাণে।