বিনোদন

মানহানি মামলা থেকে মিকা সিংয়ের মুক্তি

বিনোদন ডেস্ক :: গত বছরে লাইভ কনসার্টে দিল্লীর এক ডাক্তারকে চড় কষিয়ে গ্রেপ্তার হয়েছিলেন এই সময়ে ভারতীয় সিনেমার জনপ্রিয় শিল্পী মিকা সিং। এরপর গত এক বছরে বাদি-বিবাদির শুনানি শেষে ৫ মে বৃহস্পতিবার মানহানি মামলা থেকে মুক্তি পেলেন মিকা!

গত বছরের এপ্রিল মাসে দিল্লিতে একটি লাইভ কনসার্টে এক চিকিৎসককে চড় মেরেছিলেন মিকা সিং। চড় খাওয়ার পর ডাক্তার মিকা সিংয়ের বিরুদ্ধে মানহানির মামলা করার ভিত্তিতে দিল্লী পুলিশ গ্রেপ্তারও করে তাকে। এরপর জামিন নিলেও অবশেষে গতকাল মানহানির মামলা থেকে মিকা সিংকে মুক্তি দেয় আদালত।

বৃহস্পতিবার মেট্রোপলিটন মেজিস্ট্রেট সুজিত সৌরভ মিকা সিংয়ের মামলাটি খতিয়ে দেখে ডাক্তারের করা এই মানহানি মামলা থেকে অব্যাহতি দেয়া হয়। তার আগে বিশ হাজার রুপি মুচলেকা গুনতে হয়েছে মিকা সিংকে।

মানহানির মামলা থেকে অব্যাহতি পেয়ে মিকা টুইটে জানান, ‘আদালত আমাকে মানহানি মামলা থেকে অব্যাহতি দেয়ায় আমি সত্যিই আনন্দিত। আমি সর্বদায় দেশের আইন মেনে চলি, ভবিষ্যতেও আইনের প্রতি শ্রদ্ধা অটুট থাকবে।’

উল্লেখ্য, গত বছরের এপ্রিলে দিল্লিতে একটি লাইভ কনসার্টের আয়োজন করেছিল দিল্লি অফথ্যালমোলজিক্যাল সোসাইটি বা ডিওএস। ওই কনসার্টেই চিকিৎসককে চড় মারেন মিকা। সে ঘটনায় পুলিশ জানিয়েছিল, পারফর্ম করতে গিয়ে দর্শক আসন থেকে মিকা একজনকে ডেকে নেন তার সঙ্গে পারফর্ম করার জন্য। মঞ্চে ওঠেন ওই চিকিৎসক, পারফর্ম করার দরুন ওই চিকিৎসক এমন কিছু করেন যাতে বিরক্ত হন মিকা। এরপরই চড় কষিয়ে বাউন্সারদের হাতে তুলে দেন ওই চিকিৎসককে।