মুন্নির সত্যিই ‘বদনাম’ হল
বিনোদন ডেস্ক :: ‘মুন্নি বদনাম হুয়ি, ডার্লিং তেরে লিয়ে’ গানটি ভারতের মতো বাংলাদেশেও বেশ জনপ্রিয়। এ গানেই সবচেয়ে বেশি মানুষ পরিচিত হয়েছে গানের মুন্নি মালাইকা অরোরার সঙ্গে। সালমান খানের ভাই আরবাজ খানের সঙ্গে বিবাহ বিচ্ছেদই ঘটলো এই বলিউড তারকার!
বেশ অনেক দিন ধরেই শোনা যাচ্ছিল গুঞ্জন। এরপর মালাইকা এবং আরবাজ তাদের বিচ্ছেদের সিদ্ধান্ত প্রকাশ্যে জানালেন। যৌথভাবে ডাকা সংবাদ সম্মেলনে দুই তারকা বলেছেন, ‘হ্যাঁ, এটাই সত্যি। আমরা আলাদা হয়ে যাচ্ছি।’
এতদিন মালাইকা-আরবাজের ডিভোর্সের জল্পনায় সরগরম ছিল বলিউড পাড়া। এমনও শোনা গিয়েছিল, মালাইকা আইনজীবীর সঙ্গেও যোগাযোগ করেছেন। তবে সে সব গসিপকে উড়িয়ে দিয়ে নায়িকা বলেছেন, ‘সত্যিটা হল, আমরা ব্রেক নিচ্ছি। তার মানে এই নয়, আমাদের সম্বন্ধে যা খুশি রটানো হবে। আমরা এত দিন মুখ খুলিনি। কিন্তু তাতে দেখলাম, আমাদের পরিবারের লোকেরাও নানা ভাবে সমস্যায় পড়ছেন। আমাদের বন্ধুদের নানা রকম প্রশ্ন শুনতে হচ্ছে। তাই বিষয়টা বলেই ফেললাম। আফটার অল আমাদের ব্যক্তিগত জীবন নিয়ে যা খুশি বলার অধিকার আমি কাউকে দিইনি।’
অবশ্য সম্পর্কটা টিকিয়ে রাখতে সালমান খান নিজে উদ্যোগী হয়েছিলেন। বার বার বুঝিয়েছিলেন মালাইকাকে। কিন্তু তাতে কোনো লাভ হয়নি। শোনা গিয়েছিল, তরুণ অভিনেতা অর্জুন কাপুরের প্রেমে পড়েই আরবাজের সঙ্গে বিচ্ছেদ চাইছেন তিনি! যদিও এ বিষয়ে খুব বেশি কিছু জানা যায়নি। কিছু বলছেন না নায়িকা নিজেও।
প্রসঙ্গত, দুই সন্তানও রয়েছে এই তারকা দম্পতির।