তারকা কথনতারকা সংবাদসংস্কৃতি

‘যাদুর মানুষ’ রাজীব বসাক!

কামরুন নাহার সানজিদা :: দেশের এ প্রান্ত থেকে ও প্রান্ত ঘুরে বেড়ান যাদুর পসরা নিয়ে। রাষ্ট্রপতি থেকে রাষ্ট্রদূত, সংস্কৃতিকর্মী থেকে নির্মাণ শ্রমিক, দৃষ্টি প্রতিবন্ধী থেকে শিক্ষার্থী, এমনকি ধর্মীয় অনুষ্ঠানেও যাদু দেখিয়ে যিনি সবার হৃদয় জয় করে চলেছেন। তিনি হলেন রাজীব বসাক।

প্রাণের মানুষ-রঙের মানুষ রজীব বসাক আপাদমস্তক একজন যাদুকর। কথাতেও যাদু আছে তাঁর। যেকোন অনুষ্ঠানে মধ্যমণি থাকেন তিনি। কথার যাদুতে, হাতের যাদুতে মোহিত করেন লাখো মানুষকে।

বলতে গেলে বাংলাদেশের যাদুচর্চায় এ সময়ের সবচেয়ে ব্যস্ত যাদুকর রাজীব বসাক।

কোনো কিছুকে সহজভাবে উপস্থাপন করার জন্যে যাদুর বিকল্প নেই জানিয়ে গুণী এই যাদুশিল্পী বলেন, যাদু আমার পেশা, নেশা এবং গন্তব্যও।

কর্মজীবনে বাংলাদেশের সবচেয়ে বিলাসবহুল ভ্রমণতরী ‘ওয়েস্টার্ন ক্রুজ’-এর কর্পোরেট যাদুকর তিনি। এছাড়া কাজ করেন প্রাণের ব্রান্ড এম্বাসেডর হিসেবে।

যাদু দেখিয়ে রাজীব দর্শকদের শুধু চমকে দেয়াই নয়, বরং তাঁর যাদুর উপস্থাপন কৌশলটাও অন্য আর ১০ জন যাদুকরের চেয়ে পুরোপুরি আলাদা। তাইতো দর্শক সারির সবচেয়ে অমনোযোগী দর্শকটিও তাঁর প্রদর্শনীর সাথে একাত্ম হয়ে যান সহজেই। সে অর্থে নিজেকে যাদুকর না বলে যাদু উপস্থাপক বলতেই বেশি স্বাচ্ছন্দ্যবোধ করেন তিনি।

বাড়ি ঢাকায় হলেও বসবাস চট্টগ্রামে। দেশের এ প্রান্ত থেকে ও প্রান্ত ছুটে চলেছেন তার যাদুর পসরা নিয়ে। বিরামহীন তাঁর এই গতি। রাষ্ট্রপতি থেকে রাষ্ট্রদূত, সংস্কৃতিকর্মী থেকে নির্মাণ শ্রমিক, দৃষ্টি প্রতিবন্ধী থেকে শিক্ষার্থী, এমনকি ধর্মীয় অনুষ্ঠানেও যাদু দেখিয়ে নিয়ত অবাক করে চলেছেন সবাইকে। এরই মধ্যে তার প্রদর্শনীর সংখ্যা ছুঁতে চলেছে নয় হাজারের মাইলস্টোন।

শুধু কি তাই? যাদু নিয়ে ছোটদের পাতায় নিরন্তর লিখে চলেছেন দেশের শীর্ষস্থানীয় দৈনিকগুলোতে। মৌলিক যাদু আবিষ্কারের জন্যে দেশের একমাত্র যাদুকর হিসেবে পুরস্কৃতও হয়েছেন বিশ্বের সর্ববৃহৎ যাদু সংগঠন আমেরিকার ইন্টারন্যাশনাল ব্রাদারহুড অফ ম্যাজিশিয়ান্স থেকে। মানুষকে সমাজমনস্ক করার পাশাপাশি বিশ্বাস করেন যাদু দিয়েও পাল্টে দেয়া সম্ভব বাংলাদেশকে।

তবে এ সময়ের দর্শকদের যাদু দেখিয়ে মুগ্ধ করা এক প্রকার চ্যালেঞ্জ বলেই মনে করেন তিনি। তাঁর ভাষায়- দর্শকদের ভালো কিছু করে দেখাতে হবে। সেই দর্শকের কাছে, যে দর্শকের ঘরে ক্যাবল টিভির বদৌলতে সারা দুনিয়ার বিনোদন হাতের মুঠোয়। যে দর্শকের দর্শন এই দ্রব্যমূল্য বৃদ্ধির যুগে, লোভ শেডিংয়ে, নানান সামাজিক টানাপোড়নে অনেক বেশি জটিল হয়ে গেছে, সেই দর্শকের কাছে।

তিনি মনে করেন, আজ থেকে ১৫-২০ বছর আগের দর্শক এবং আজকের দর্শকের মাঝে অনেক তফাৎ আছে। এই তফাৎটুকু একজন যাদুকরকে বুঝতে হবে। সেই মতোই যাদুশিল্পকে আরো অনেক বেশি জীবনমুখী করে তুলতে হবে। সোজা কথায়, পুরোনো খোলস পাল্টে আধুনিক হতে হবে।

দেশবরেণ্য যাদুশিল্পী জুয়েল আইচের কথায়Ñ ‘ম্যাজিক নিয়ে দেশের গুটি যে ক’জন যাদুকর প্রচুর পড়াশোনা করেন, রাজীব তাদের অন্যতম।’

রাজীবের করা গবেষণার মধ্য দিয়ে যাদু জগতের অনেক পুরোনো যাদুও নতুনভাবে উপস্থাপন করা হচ্ছে। বাঙালির যাদুবিদ্যা প্রদর্শনের ঐতিহ্য বহুদিনের। সম্রাট জাহাঙ্গীরের আমল থেকে জুয়েল আইচ প্রজন্মের হাত ধরে হালে এই দেশের যাদুচর্চায় সরব উপস্থিতি যে কয়জন যাদুকরের, রাজীব বসাক নিঃসন্দেহেই তাঁদের মধ্যে একজন। জয়তু রাজীব বসাক। জয়তু যাদু।