সেবা দিয়েও আয় করা সম্ভব- মঞ্জুরুল হক
ক্লিক প্রতিবেদক :: ব্যবসাকে শুধুই ব্যবসা নন-সেবা হিসেবেই দেখেন সিঙ্গাপুরের ‘থেমস বিজনেস’ স্কুলে লেখাপড়া করা মঞ্জুরুল হক। সীমিত সুযোগ সুবিধার মধ্যে সর্বোচ সেবার নিশ্চয়তা নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে চান তিনি। তাঁর কাছে ‘’সেবা’ এমন একটি বিষয়, যেটি বিক্রি করে আয় করা সম্ভব!’
তিনি বলেন, ‘ছাত্রজীবন থেকেই সেবাকেন্দ্রিক ব্যবসা গড়ে তোলার ইচ্ছা ছিল। সিঙ্গাপুরে পড়ার সময় রেস্টুরেন্ট ও সেবা বিষয়ে অনেক প্রকল্পে কাজ করেছি। তখন দেখেছি, মানুষকে সেবা দিয়ে অর্থ আয় করা সম্ভব । তিনি বলেন, আমাদের অর্থনীতিতে ‘সেবা’ বিষয়টি অদৃশ্য হলেও বাইরের দেশ গুলোতে এর অর্থনৈতিক গুরুত্ব অনেক।’
চট্টগ্রামে সেবাকেন্দ্রিক ব্যবসা পরিচালনার অনেক সুযোগ রয়েছে জানিয়ে তিনি বলেন, কিছুদিন আগেও বিভিন্ন ধরনের সেবা পেতে আমরা ঢাকা কিংবা বিদেশ নির্ভর ছিলাম। তিনি আরও বলেন, ‘এখন পরিবর্তন আসছে। চট্টগ্রাম যত বেশি উন্নত হবে, তত বেশি সেবাকেন্দ্রিক ব্যবসার প্রসার ঘটবে।
তিনি বলেন, ‘এমন দিন আর বেশি দূরে নয়, চট্টগ্রামের মানুষ সিঙ্গাপুর ও কুয়ালালামপুরের মতো ব্যস্ত হয়ে পড়বে। তখন এসব ব্যস্ত মানুষের জন্য সেবা খাতগুলো তাদের দুয়ারে সেবা পৌঁছে দেবে।’
এসব ব্যবসায় সরকারের সহযোগিতা পেলে তরুণ উদ্যোক্তারা দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে বলেও আশাবাদি তিনি।
পৈতৃক ব্যবসা এন মোহাম্মদ প্লাস্টিক ইন্ডাস্ট্রি এবং এন মোহাম্মদ ইঞ্জিনিয়ারিং দিয়ে ব্যবসার হাতেখড়ি হলেও চট্টগ্রামে বর্তমানে বিভিন্ন ধরনের সেবাকেন্দ্রিক শিল্প গড়ে তুলেছেন এই উদ্যোক্তা।
এক্সক্লুসিভ ফার্নিচার, এন মোহাম্মদ কনভেনশন সেন্টার, বারকোড ক্যাফে, বারগুইচ টাউন, সিক্স ইভেন্টসের মতো সেবাকেন্দ্রিক একাধিক শিল্প প্রতিষ্ঠানের মালিক তিনি ।
মঞ্জুরুল হক বলেন, ‘এখন চট্টগ্রামের তরুণ উদ্যোক্তরা বিভিন্ন ধরনের সেবাকেন্দ্রিক ব্যবসায় মনোযোগি হচ্ছে। গত পাঁচ বছর আগেও চট্টগ্রামের শিক্ষিত ও সম্ভ্রান্ত পরিবারের সন্তানরা রেস্টুরেন্ট ব্যবসা করতে রাজি হতো না। চট্টগ্রামে গড়ে ওঠা বিশ্বমানের আধুনিক ক্যাফে ‘বারকোড’ তরুণ উদ্যোক্তাদের সেই ধ্যান-ধারণা বদলে দিয়েছে।’
২০১৩ সালের ৯ জুলাইয়ে প্রায় দেড় কোটি টাকা বিনিয়োগ ছিল এই ক্যাফেতে। ব্যবসা শুরুর ছয় মাসের মধ্যেই গ্রাহকদের চাপে ক্যাফের পরিধি তিনগুণ বাড়াতে হয়েছে।
মঞ্জুরুল হক বলেন, ‘দুই বছরের ব্যবধানে বারকোড অনুকরণে চট্টগ্রাম মহানগরে ২০টি আধুনিক ক্যাফে গড়ে উঠেছে। এসব ক্যাফের কর্ণধার সবাই তরুণ ও শিক্ষিত। এদের মধ্যে কেউ কেউ বিদেশ থেকে সংশ্লিষ্ট বিষয়ে পড়ালেখা করে এসেছে।’
মঞ্জুরুল হক আরও বলেন, ‘দেশকে এগিয়ে নিতে হলে বিভিন্ন বিষয়ে বিশেষজ্ঞ তৈরি করতে হবে। এ ক্ষেত্রে সেবা খাত কোনো অংশে পিছিয়ে থাকবে না। তিনি বলেন, ‘সরকারের ‘ভিশন ২০২১’-কে সফল করতে হলে তরুণ সমাজকেই এগিয়ে আসতে হবে।’
উদাহরণ টেনে মঞ্জুরুল হক আরও বলেন, ‘আগামী পাঁচ বছরে শুধু চট্টগ্রামেই বেশ কয়েকটি পাঁচতারা হোটেল গড়ে উঠবে।’ এসব প্রতিষ্ঠানে চাকরি করার মতো হোটেল ম্যানেজমেন্টে দক্ষ ও শিক্ষিত কর্মী পাওয়া কঠিন হয়ে পড়বে। তাই তরুণদের এখন থেকেই বিষয়ভিত্তিক চাকরির জন্য লক্ষ্য নির্ধারণ করতে হবে। তা না হলে বিদেশি কর্মীরা এসে এ দেশে চাকরির বাজার দখল করবে।’
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এতোদিন আমাকে নগরের মানুষ চিনত এন মোহাম্মদ প্লাস্টিক ইন্ডাস্ট্রির মঞ্জু হিসেবে। বর্তমানে তরুণদের মাঝে আমি বারকোডের ‘মঞ্জু ভাই’ হিসেবে পরিচিত।
অতীত ইতিহাস তুলে ধরে তরুণ এই উদ্যোক্তা বলেন, ‘আগে একটি ক্যাটালগ সংগ্রহের জন্য বিদেশ ভ্রমণ করে বিভিন্ন ট্রেড ফেয়ারে অংশ নিতে হতো। আর এখন ঘরে বসেই ইন্টারনেটের মাধ্যমে বিভিন্ন দেশের ক্যাটালগ একসঙ্গে পাওয়া যাচ্ছে। তথ্যপ্রযুক্তি আমাদের অনেক কিছুই হাতের মুঠোয় এনে দিয়েছে।’
প্রতিটি শিল্প গড়ে তোলার পেছনে অনেক পরিশ্রমের গল্প থাকে উল্লেখ করে মঞ্জুরুল হক বলেন, পরিশ্রম এবং জ্ঞান ছাড়া সাফল্য সহজে আসে না। এ ক্ষেত্রে ‘সময়’ একটি গুরুত্বপূর্ণ বিষয়। ব্যবসা করতে গেলে অনেক ক্ষেত্রে খারাপ সময় যায়। তাই বলে ভেঙে পড়লে চলবে না। নতুন উদ্যোক্তাদের এসব বিষয় মাথায় রাখতে হবে।
সরকারি সহযোগিতা প্রসঙ্গে মঞ্জুরুল হক বলেন, তরুণ উদ্যোক্তাদের উৎসাহিত করতে হলে ‘ট্যাক্স হলিডে’র আওতায় ব্যবসা করার সুযোগ দিতে হবে। সরকার এই উদ্যোগ নিলে নতুন নতুন ব্যবসার ক্ষেত্র তৈরি হবে। তাতে করে নতুন নতুন কর্মসংস্থান তৈরি হবে।