আমার আইডল আমার মা – নিয়াজ মোর্শেদ এলিট

জালালউদ্দিন সাগর :: ‘মুদ্রার যেমন দুটো পিঠ আছে। অবহেলারও বোধ করি দুই পিঠ। একটি ইতিবাচক আরেকটি নেতিবাচক। যখন ব্রাদার্স ইউনিয়নের ভাইস প্রেসিডেন্ট হই। সালটা ২০০৭। বোর্ড মিটিংয়ের সময় একজন লোক বলে উঠলেন, ‘এলিট ছোট ছেলে কিভাবে দায়িত্ব পালন করবে?’‘যিনি এই প্রশ্ন তুলেছেন তিনি আমার বাবার বন্ধু। এটা এক ধরনের অপমানের মতো মনে হল। মনের কেন্দ্রভূমে আঘাত লাগার মতো । চোখে পানি এসে গিয়েছিল সেদিন। তখনই মাথায় জেদ চেপে বসল আমাকে সামনের দিকে এগিয়ে যেতেই হবে-দূর বহু দূর । ভালোভাবেই এগুতে হবে। সেই শুরু।’
পাঠক, এতোটা সময় জুড়ে যার গল্প শুনছিলাম তিনি আরও কেউ নন চট্টগ্রামের তরুণ উদ্যোক্তাদের নেতা-এক কথায় উদ্যোক্তা তৈরির কারিগর,অনন্য এক প্রথিকৃত নিয়াজ মোর্শেদ এলিট । তিনি বিশ্বাস করেন তরুণদের হাত ধরেই এগিয়ে যাবে দেশ। তিনি বলেন, আমাদের পার্শ্ববর্তী দেশেও যারা প্রাতিষ্ঠানিক ভাল ফল করে তাদেরকে বিনা সুদে লোন দেওয়া হয়। এভাবে তারা উদ্যোক্তা তৈরি করে। কিন্তু আমাদের এখানে তা হয় না। উদ্যোক্তা তৈরি করার জন্য নীতিমালা তৈরি করতে হবে। নীতি নির্ধারকদের মানসিকতার পরিবর্তন করতে হবে। আক্ষেপ প্রকাশ করে তিনি বলেন, ‘আমাদের দেশে অভিজ্ঞতা ছাড়া ঋণ পাওয়া যায় না- এটা হাস্যকর ! কাজ না করলে রিস্ক না নিলে প্রতিষ্ঠান তৈরি হবে কীভাবে?’
১ এবং ৫ টনের পিকআপ তৈরি করার জন্য মিরসরাইয়ে একটি প্রজেক্ট হাতে নিয়েছেন তরুণ উদ্যোক্তাদের কা-ারি নিয়াজ মোর্শেদ এলিট। প্রতিবেশী দেশ চিনের সাথে পার্টনারশিপে একশ’ কোটি টাকার ইনভেস্টমেন্ট হবে এ প্রজেক্টে। রাজনীতি নিয়ে বিশেষ কোন চিন্তা ভাবনা নেই তার। তবে রাজনীতি দেশ ও দেশের মানুষের স্বার্থে হওয়া উচিৎ বলে মনে করেন তিনি। তিনি বলেন, ‘বর্তমানে রাজনীতিতে আসল-নকল বুঝা মুশকিল।’
শিক্ষিত তরুণরা রাজনীতিতে না আসলে সবকিছুই অযোগ্যদের দখলে চলে যাবে উল্লেখ করে এলিট বলেন, ‘তরুণদের ভালোভাবে শিক্ষিত হয়েই রাজনীতিতে আসা দরকার। দেশের উন্নয়নে মূল চালিকাশক্তি প্রাইভেট সেক্টর সম্পর্কে তিনি বলেন, প্রাইভেট সেক্টরে বিনিয়োগ না হওয়ার কারণ হচ্ছে গ্যাস নেই, বিদুৎ নেই-এসব না যদি কখনো হ্যা’তে রূপান্তরিত হয় তাহলেই দেশের অগ্রগতি সম্ভব।

তারুণ্যের উচ্ছ্বল ভুবনের বাসিন্দা তিনি। সেই ভুবনের যোগ্য প্রতিনিধি নিয়াজ মোর্শেদ এলিট। চট্টগ্রামের তরুণ উদ্যোক্তার প্রতিচ্ছবি।চট্টগ্রামের জুনিয়র চেম্বারের প্রতিষ্ঠাতা সভাপতিও তিনি প্রতিষ্ঠাতা সভাপতি খুলশী ক্লাব।
নিয়াজ মোর্শেদ এলিটের আভিজাত্যপূর্ণ ছুটে চলা আছে খেলাধুলায়, সংগঠন গড়ায় ও ব্যবসা-বাণিজ্যে। তরুণদের আত্মনির্ভরশীল হিসেবে গড়ে তোলার তাড়না তার ধ্যান-জ্ঞান।
তবে নবীনের সাথে প্রবীণের চিন্ত মনস্তাত্বিক লড়াইয়ে তরুণরা আর পিছিয়ে নেই বলেও মত নবীন এই উদ্যোক্তার।
নবীন প্রবীণের এ দ্বন্দ্ব ঠিক যেন কবিতার এ লাইন, ‘আমি চাইলে রোদেলা / তুমি তো চাও বৃষ্টি’’। অর্থাৎ কেউ রোদ চাইলে কেউ চাই বৃষ্টি।’
এলিট বলেন, ‘এখানে কারো চাওয়াই অবাঞ্চিত নয়। দুইজনের চাওয়াটা অসমান্তরাল হলেও বাস্তব সম্মত। সমাজ বাস্তবতার চিন্তা এ দ্বন্দ্বে জয় পরাজয়ের হিসেব হয় না।’
নিয়াজ মোর্শেদ এলিট দেশের স্বনামখ্যাত যানবাহন উৎপাদন ও বিপণন কোম্পানি বড়তাকিয়া গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক। বয়স মাত্র ৩৩ বছর। জন্মের পর পড়ালেখা শুরু চট্টগ্রাম সরকারি স্কুল দিয়ে। উচ্চ মাধ্যমিক ইস্পাহানি পাবলিক স্কুল এন্ড কলেজ থেকে। তারপর নর্থসাউথ ইউনিভার্র্সিটি থেকে গ্রাজুয়েশন সমাপ্ত করেন তিনি। ছোটবেলা থেকেই সংগঠন করা এবং খেলাধুলার দিকে ঝোঁক ছিল তার।
মাত্র ২৫ বছর বয়সেই ঢাকা ব্রাদার্স ইউনিয়নের (ক্রিকেট) বোর্ড মেম্বার ও ক্রিকেট কমিটির ভাইস প্রেসিডেন্ট হন তিনি। এরপর পর্যায়ক্রমে চট্টগ্রাম ব্রাদার্স ইউনিয়নের দায়িত্ব নেন।
তিনি বলেন, ‘সংগঠন হচ্ছে আমার প্যাশন। প্যাশন না হলে কাজের গতি আসে না। এপ্যাশনের বিষয়টি সাঙ্গ করতে গেলে পকেট থেকে দিতে হয়। অনেকটা নিজের খেয়ে পরের মোষ চড়ানোর মতো।’
তিনি বলেন, ‘তরুণদের সামাজিক দায়বদ্ধতা ও সুস্থ বিনোদনের কথা মাথায় রেখেই এসব সংগঠন করা। শুরুটা ক্রীড়া দিয়ে, শেষ কোথায় জানি না। কোথায় থামব তাও অজানা। শুধু মাথায় আছে যেতে হবে অনেক দূর-তরুণদেরকে নিয়ে আমাকে অনেকদূর যেতে হবে’।
স্ত্রী তাসমিনা আহমেদ একজন আর্কিটেক্ট। ব্যক্তি জীবনে দুই সন্তানের জনক এলিট বলেন, আমার আইডল আমার মা। কোনো কাজে কখনো যদি বাধা আসে, হেরে যাওয়ার আশংকায় মুশরে পড়ি তখন আমার মা আমাকে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা যোগান।