কম দামে বাহারি জুতা
সাইদ সবুজ :: জুতা বা জুতোর উদ্ভাবন হয়েছিল মূলত মানুষের পায়ের নিরাপত্তার জন্যে। তবে এখন তা কেবল নিরাপত্তাই যোগায় না, বরং এটি সাজ-সজ্জারও একটি অংশ। তবে জুতার ইতিহাস অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এটি আবিষ্কারের ইতিহাস অত্যন্ত লম্বা। প্রায় চল্লিশ হাজার বছর আগেই মানুষ পথঘাট পাড়ি দেয়ার জন্য জুতার ব্যবহার শুরু করেছিল। তবে প্রথমে কী কারণে জুতা তৈরি হয়েছিল তা এখনো উদ্ধার করতে পারেননি গবেষকরা।
পূর্ণাঙ্গ জুতা ব্যবহারের ইতিহাস পাওয়া গেছে বছর দুয়েক আগে। জুতা গবেষকরা জানিয়েছেন, ৫ হাজার ৫০০ খ্রিস্টপূর্বে পূর্ণাঙ্গ জুতা তৈরি হয়। আর্মেনিয়ার এরিনিয়া-১ নামক গুহায় ইতিহাসখ্যাত ওই জুতার সন্ধান পাওয়া গেছে। জুতা আবিষ্কারের প্রথম দিকে দুই পায়ের জুতা এবং নারী-পুরুষের জুতা একই ধরনের ছিল। এই জুতা তৈরি হয়েছিল খ্রিস্টপূর্ব ১৬ থেকে ১২ শতকের দিকে। ধারণা করা হয় বিশ্বের প্রথম জুতা তৈরি হয়েছিল মধ্যপ্রাচ্যে।
গবেষকদের কেউ কেউ বলেছেন, প্রথম জুতা তৈরি হয় ইরানের সীমান্ত এলাকায়। ভারতবর্ষে জুতার ব্যবহার যে প্রাচীনকালেই শুরু হয়েছিল তার প্রমাণ প্রাচীন সূর্যমূর্তি কিংবা কার্তিকের জুতা পরিধান দেখে বোঝা যায়। রামায়ণে উল্লেখ আছে, দেবতা রামের অনুপস্থিতিতে ভারত যখন সিংহাসনে আসীন হন তখন বড় ভাইয়ের পাদুকা-যুগল সিংহাসনে রেখেই তিনি রাজ্য পরিচালনা শুরু করেন। মহাকবি কালিদাসও তার ‘কাদম্বরী’ গ্রন্থে সন্ন্যাসীদের নারিকেলের ছোবড়া দিয়ে তৈরি পাদুকা ব্যবহারের কথা উল্লেখ করেছেন। সভ্যতা যত বিকশিত হয়েছে জুতাও তত আধুনিকতা লাভ করেছে। জুতার আধুনিকায়ন শুরু হয় আজ থেকে ৪০০ বছর আগে এবং এ ধারা আজও চলছে।
অনেক তো হলো জুতার ইতিহাস জানা, এবার জানা যাক আমাদের বন্দর নগরী চট্টগ্রামের বিভিন্ন অভিজাত শপিং মলের নামিদামি ব্র্যান্ডের বাইরে ফুটপাতে পাদুকা ব্যবসার কী অবস্থা। বন্দর নগরীর নিউমার্কেটসহ বিভিন্ন স্থানে ভাসমান জুতার ব্যবসা চললেও আগ্রাবাদ বাণিজ্যিক এলাকায় এর ব্যাপক অবস্থান দেখা যায়। আগ্রাবাদ এলাকার ব্যাংক পাড়া, বাদামতলী মোড়, সিলভার স্পুন হোটেলের বিপরীতে, সোনালী ব্যাংকের সামনে, আখতারুজ্জামান সেন্টারের পশ্চিম পাশে রাস্তার ফুটপাতে ও পিছনে, হোটেল সেন্ট মার্টিনের পিছনে, ইস্টার্ন ব্যাংকের সামনে, কমার্স কলেজ রোড, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের সামনে, অগ্রণী ব্যাংকের সামনে, আগ্রাবাদ হোটেল রোডসহ আরও অনেক এলাকায় ভাসমান হকাররা বসেছেন বাহারি জুতার পসরা সাজিয়ে। ছোট-বড় মিলিয়ে আগ্রাবাদ বাণিজ্যিক এলাকায় প্রায় শ’খানেক এরকম জুতার দোকান রয়েছে। সারাদিন বেচাবিক্রি চলতে থাকলেও সন্ধ্যা থেকে রাত ১১টা পর্যন্ত জমজমাট ফুটপাতের এ দোকানগুলো।
এসব দোকানে চামড়ার পাশাপাশি কাপড়, সিনথেটিক, প্লাস্টিক, রাবার-স্পঞ্জ থেকে শুরু করে হরেকরকমের জুতা পাওয়া যায়। দাম কম থাকায় মধ্যবিত্ত ও নি¤œবিত্ত থেকে শুরু করে অফিস আদালতের লোকেরাও পছন্দের কেনাকাটা করছে এসব দোকানগুলোতে। সর্বনিম্ন ৯০-১০০ টাকা থেকে শুরু করে সর্বোচ্চ ৪ হাজার টাকা দামের জুতা পর্যন্ত এখানে বিক্রি হয়ে থাকে। কোথা থেকে আসে এই জুতা- জানতে চাইলে তিনি জানান, নগরীর কিছু ফ্যাক্টরি, ইপিজেড, কুমিল্লা ও ঢাকা থেকে। তবে কিছু জুতা চায়না, থাইল্যান্ড, ভিয়েতনামসহ অন্যান্য দেশ থেকে আমদানী করা হয়।
অফিস ছুটির পর ব্যাংক কর্মি আরাফাত জুতা কিনতে আসেন এই দোকানগুলোতে। তার কাছে এখান থেকে জুতা কেনার কারণ জানতে চাইলে তিনি বলেন, দেখে নিতে পারলে অল্প দামে এখানে ভালো জুতা পাওয়া যায়, তাছাড়া সামনে ঈদ তাই দুই’জোড় নিয়ে নিলাম। কম দামে কীভাবে জুতা বিক্রি-এ সম্পর্কে জানতে চাইলে আরেক দোকনদার দেলোয়ার হোসেন বলেন, আমাদের জুতাগুলো অরিজিনাল। এগুলো আমরা ঢাকা থেকে সংগ্রহ করি। অনেক জুতা আবার দালালরা কৌশলে বিভিন্ন ইপিজেড থেকে বের করে এনে আমাদের কাছে বিক্রি করে। রিজেক্ট হওয়া জুতাও আমরা কম দামে সংগ্রহ করে থাকি।
তবে রিজেক্ট হলেও জুতাগুলো টেকসই ও আকর্ষণীয়। ঢাকার বঙ্গবাজার থেকেও এখানে বিভিন্ন ব্র্যান্ডের স্যান্ডেল আনা হয়। ফুটপাতে দৈনিক দুই থেকে চারশ টাকা ভাড়া দিতে হয়। ভাড়ার পরিমাণ কম বলেই এখানকার দোকানিরা সামান্য লাভে জুতা বিক্রি করতে পারলেই খুশি।
ছবিয়াল : আকমল রাউয়ী