অশ্লীলতা নয় পোশাকে চাই নান্দনিকতা
নুসরাত জাহান: পৃথিবীতে মানুষের পদচারণা যত পুরনো তার চেয়ে পোশাকের ইতিহাস খুব একটা কম পুরনো নয়। সভ্য মানুষ দেহের প্রতিরক্ষাকারী আচ্ছাদন হিসেবেই প্রথম পোশাকের ব্যবহার শুরু করলেও সময়ের সাথে সাথে তা বিচিত্র মাত্রায় বিবর্তিত হয়েছে কালে কালে। সমাজে মানুষের মধ্যে ভৌগোলিক, জৈবিক, জাতিগত এমনকি শ্রেণিগত ও পেশাগত বৈচিত্র্য চিহ্নিত করার কাজে সেই প্রাগৈতিহাসিক কাল থেকে পোশাকের নকশা, রঙ ও ধরনের প্রতি মানুষ বিনিয়োগ করেছে তার চিন্তা, মেধা ও সময়।
এক পর্যায়ে পোশাক হয়ে ওঠেছে সমাজবদ্ধ মানুষের পরিচয়ের অন্যতম বাহক এবং তার মননশীলতা ও রুচিশীলতার পরিচায়ক। যুগে যুগে বয়ে আসা মানব সংস্কৃতির বহমান ধারা এবং জীবনযাপনের শৈল্পিক উপস্থাপনে অনবদ্য পট হয়ে উঠেছে এই পোশাক। বর্তমান সময়ে-একবিংশ শতাব্দীতে এসে মানুষ তার পোশাক নিয়ে তৈরি করেছে কর্মযজ্ঞের ব্যাপক ও বিস্তৃত ক্ষেত্র। সময় সচেতন মানুষ মাত্রই সময়ের চলতি পোশাকের নকশা ও গঠন সম্পর্কে জানেন। পৃথিবীর নানান প্রান্তের নানা সংস্কৃতির পোশাক ও তার ধরন যোগাযোগ প্রযুক্তির কল্যাণে এখন মানুষের হাতের মুঠোয়। তাই বাংলাদেশের কোনো রাস্তায় আপনি যদি হঠাৎ জাপানি কিমানো পরা বাঙালি নারী দেখতে পান তাতে তেমন একটা অবাক হবার কিছু নেই, ঠিক তেমনই অবাক হবার কিছু নেই যদি আফ্রিকান কৃষ্ণকলির পরনে দেখেন ঢাকাই জামদানি।
অবশ্য বাঙালি জাতির মতো পোশাকের ক্ষেত্রে এত বিচিত্রতা পৃথিবীর খুব কম দেশেই মেলে। পোশাকের মূল উপাদান তথা কাপড় বা সুতা উৎপাদন বাঙালির ঘরের কাজের অংশই ছিলো এককালে। সেই সংস্কৃতি বিবর্তিত হয়ে আজ গড়ে উঠেছে বিশাল বিশাল পোশাক শিল্প এবং হালের ফ্যাশন হাউসগুলো। পোশাকের শিল্প এবং নান্দনিকতায় তাই আজও বাঙালির বিশ্বজোড়া খ্যাতি কারও অজানা নয়। আজও আমাদের মসলিন বা জামদানি বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাজত্ব করে বিশ্বজুড়ে।
তবে অপসংস্কৃতি নামক এক আগ্রাসনে পোশাকের ক্ষেত্রেও অন্ধকার সময় পার করেছি আমরা। বহুযুগের পরিশীলিত ও নান্দনিক ইতিহাস গ্রাস হয়ে যেতে বসেছিলো বিরূপ হাওয়ায়। অশ্লীলতা এবং রুচিহীনতার পরগাছা তার প্রভাব বিস্তার করে এবং কিছু অসাধু শ্রেণির ব্যবসায়ীরা তথাকথিত ফ্যাশনের নামে মানুষকে উদ্বুদ্ধ করে এসব পোশাক গ্রহণ করতে। পৃথিবীর ইতিহাসের সব থেকে মিহি সুতার শিল্প সম্ভার যাঁদের তাঁদেরই দেশে বাজার ভরে ওঠে বাহারি নামধারী মানহীন, রুচিহীন পোশাকে। অশ্লীলতার প্রচারে ঢাকা পড়ে যায় আমাদের নান্দনিক শিল্প।
তবে, দিন বদলেছে। মানুষ ছুড়ে ফেলেছে রুচিহীন সেই অশ্লীলতাকে। এখন আর নিম্নমানের পোশাকে বাজার ভরিয়ে তোলার সুযোগ নেই অসাধু ব্যবসায়ীদের। ফ্যাশন হাউসগুলো এবং একই সাথে বাংলাদেশের বিভিন্ন ফ্যাশন ম্যাগাজিনগুলো নিজেদের ঐতিহ্যের মান ও রুচিশীলতা ধরে রাখতে যে ঐক্যবদ্ধ প্রতিবাদ গড়ে তুলেছে কাজের মাধ্যমে তার ফল এখন সবার সামনে।
দোকানে এখন আর চায়না কাপড় বা ভারতীয় ধারাবাহিক নাটকের নাম দিয়ে ক্রেতা ঠকানোর সুযোগ নেই খুব একটা। মানুষের চাহিদার প্রথমে থাকে দেশি শাড়ি, দেশজ তন্তুর কাপড়, পাট কিংবা চামড়ার শিল্প সম্ভার। সাধারণ মানুষ এখন সৌন্দর্য ও নিজস্বতা সম্পর্কে সচেতন।
তবে এ জোয়ার একদিনে আসে নি। দিনের পর দিন চোখ ধাঁধানো অশ্লীলতার সামনে নান্দনিকতার পটের প্রতি মানুষের মনের রুচিশীলতাকে জাগিয়ে তোলা সহজ ছিলো না মোটেও। ফ্যাশন ম্যাগাজিনগুলোর নিরন্তর প্রচেষ্টা শিল্পের ও শেকড়ের এ যাত্রাকে সফল করতে রেখেছে অগ্রণী ভূমিকা। কাটতির কথা না ভেবে যারা নিজেদের মানের ব্যাপারে সচেতন থেকেছে, সচেতন থেকেছে দেশিয় সংস্কৃতির বহমান ধারাকে মানুষের হৃদয়ে পৌঁছে দিতে।
চট্টগ্রামের লাইফস্টাইল অ্যান্ড বিজনেস ম্যাগাজিন ‘ক্লিক’ নান্দনিকতার যাত্রায় সর্বদা আপসহীন এবং রুচিশীলতার পরিচয় রেখে এসেছে বিগত বছর গুলোয়। ‘প্রচারেই প্রসার” এই নীতিকে মেনেই আমরা প্রচার করেছি নান্দনিক পোশাক, দেশীয় ফ্যাশনের শৈল্পিক ঐতিহ্য এবং প্রসার ঘটিয়েছি সৌন্দর্য চেতনার।
ফ্যাশনের ক্ষেত্রে একটি নান্দনিক বোধ গড়ে তোলাই ক্লিক এর লক্ষ্য এবং সেই একই লক্ষ্যে যেসব মানুষ কাজ করে যাচ্ছেন তাঁদেও সেই নিরলস সাধনা আমরা পৌঁছে দিতে চাই সাধারণ মানুষের দোরগোড়ায়। তাই পোশাকের পাশাপাশি সেই পোশাকের শিল্পীর জীবনও উপস্থাপিত হয় ক্লিক এর পাতায়। ফ্যাশন হাউসগুলোর কাজও তুলে ধরা হয় ধারাবাহিকভাবে। একই সাথে প্রতিবার চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমির মুক্তমঞ্চে ক্লিক পরিবার কর্তৃক আয়োজিত ক্লিক ইদ ফ্যাশন উৎসবে ফ্যাশনের নান্দনিক গতি নির্ধারক সেইসব গুণী শিল্পী ও তাঁদের কাজ প্রদর্শিত হয়ে আসছে সম্মানের সাথে।
এভাবেই ফ্যাশন সচেতন মানুষ এবং পোশাক শিল্পের উদ্যোক্তাদের ফ্যাশন হাউসগুলোর মধ্যে এক সেতুবন্ধন হয়ে উঠেছে ক্লিক ম্যাগাজিন। যে সেতুর প্রতিটি পিলারে রয়েছে যুগ যুগান্তর ধরে বয়ে আসা আবহমান বাংলার নান্দনিকতা ও শৈল্পিক যাপনের অনবদ্য নকশা।