অসহায় পরিবারের মধ্যে খেলাঘর কানাডা’র ইদ উপহার
জালালউদ্দিন সাগর: বরফের দেশে-কানাডা। কেউ গেছেন বছর ৫ আগে। কারও যুগ পেরিয়েছে-সেই কবে। দেশ ছেড়ে প্রায় ১১ হাজার মাইল দূরে। এই অসীম দূরত্ব দেশের প্রতি,দেশের মানুষের প্রতি মমত্ববোধ আর ভালোবাসা এক বিন্দুও কমাতে পারেনি কখনো। ভিন্ন দেশে থেকেও এই মানুষগুলোকে এক হতে শিখিয়েছে এই মমত্ববোধ। ‘খেলাঘর কানাডা’-সেই মমত্ববোধ আর ভালোবাসার আরেক নাম। অভিন্ন দর্পণ।
‘হাত বাড়িয়ে নয়- আজ মন বাড়িয়ে পাশে থাকি’-এই আহবানে ১১ হাজার মাইল দূরে থেকেও তাঁরা এগিয়ে এসেছেন করোনাকালীন এই দু:সময়ে অসহায় ও দূঃস্থ কিছু মানুষকে সাহায্য করতে। ২২ মে, শুক্রবার সকালে রাঙামাটি জেলার কাপ্তাইস্থ চন্দ্রঘোনার কর্ণফুলী পেপার মিলস আবাসিক এলাকার ৮৫ টি পরিবারের মধ্যে ইদের উপহারস্বরূপ খাদ্যসামগ্রী প্রদান করেছে ‘খেলাঘর কানাডা’।
শিশু-কিশোর সংগঠন চম্পাকুঁড়ি খেলাঘর আসর- এর কার্যালয়ে সামাজিক দুরত্ব বজায় রেখে পরিবারগুলোর মাঝে এই উপহার সামগ্রী বিতরণ করা হয়। খেলাঘর কানাডার আহবায়ক জামিল বিন খলিলের তত্ত্বাবধানে পরিচালিত ইদ উপহার প্রদান অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, চম্পাকুঁড়ি খেলাঘর আসরের সভাপতি মো. শফিকুল ইসলাম,সহ-সভাপতি জাকির হোসেন, সাধারন সম্পাদক মো. জয়নাল আবেদীন, সহ-সম্পাদক মীর জিল্লুর রহমান, অর্ণব মল্লিক, দপ্তর সম্পাদক মেহেরাজ হোসেন, কর্ণফুলি পেপার মিলের কর্মকর্তা প্রকৌশলী কামাল হোসেন, কাপ্তাই প্রেস ক্লাবের সাবেক সভাপতি কাজী মোশারফ হোসেন। উপহার সামগ্রী হাতে পেয়ে অনেকের চোখে মুখে আনন্দের হাসি ফোটে এবং তারা খেলাঘর কানাডা এবং চম্পাকুঁড়ি খেলাঘর আসরকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
এ বিষয়ে জানতে চাইলে কানাডায় অবস্থানরত খেলাঘর কানাডার আহবায়ক জামিল বিন খলিল জানান, চম্পাকুঁড়ি খেলাঘর আসরের প্রতিষ্ঠালগ্ন থেকেই এই সংগঠনের সাথে আমার আত্মীয়তা। দেশের বাইরে থাকলেও সংগঠনের মাধ্যমে দেশের মানুষের পাশে দাঁড়াতে পেরেছি-এটাই আমাদের সার্থকতা। তিনি আরও বলেন, আমাদের এই উদ্যোগ চলমান থাকবে। খেলাঘর কানাডা সকলের অংশগ্রহণের ভিত্তিতে কিছু নির্দিষ্ট পরিবারে (খুবই অসচ্ছ্বল ও প্রতিবন্ধী) এই সহযোগিতা অব্যাহত রাখার চেষ্টা করে যাবে। জানান জামিল বিন খলিল।
এই উদ্যোগের প্রতিটি পর্যায়ে সর্বাত্মক সহযোগিতা ও সমন্বয়ের জন্য চম্পাকুঁড়ির প্রতি কৃতজ্ঞতা জানান খেলাঘর কানাডা’র সদস্য সচিব শাপলা শালুক। তিনি বলেন, খেলাঘর কানাডার অন্যতম সংগঠক ফরিদা হক, সুমন সাইয়েদ, আব্দুল্লাহ আল মামুন, বিপ্লব কুমার কর্মকার, হাসিন হানিফ হাসি, তরুণা হাসান-সহ খেলাঘর কানাডা’র এই উদ্যোগে যাঁরা সক্রিয় ভূমিকা রেখেছেন, যাঁরা আর্থিকভাবে অংশগ্রহণ করেছেন, যাঁরা সমর্থন করেছেন, উৎসাহ যুগিয়েছেন তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাই।
চম্পাকুঁড়ি খেলাঘর আসরের সহ-সভাপতি মোঃ জাকির হোসেন খেলাঘর কানাডা-কে ধন্যবাদ জানিয়ে আশা প্রকাশ করে বলেন, করোনার এই দুঃসময়ে এই ধরনের সহযোগিতা আগামীতেও অব্যাহত থাকবে এবং খেলাঘর কানাডা’র যে কোনো উদ্যোগ বাস্তবায়নে চম্পাকুঁড়ি খেলাঘর আসর সার্বিক সহযোগিতা করবে।