ঈদের সাজ
মেকআপ : এবারের ঈদে বর্ষার প্রভাব থাকবে। সাজের ক্ষেত্রে তাই বৃষ্টির কথা মনে রাখতে হবে। এ বিষয়টা মাথায় রেখে মেকআপ ব্যবহার করতে হবে। আবহাওয়ার বৈচিত্র্যের প্রতি খেয়াল রেখে আপনাকে অবশ্যই মেকআপের প্রসাধনী এসপিএফ ফিল্টার সমৃদ্ধ এবং ওয়াটার প্রুফ দেখে কিনতে হবে। ঈদের দিন সকালের সাজে ময়েশ্চার বেইজ ফাউন্ডেশন এবং হালকা কমপ্যাক্ট পাউডারের ব্যবহারই যথেষ্ট।
সন্ধ্যায় গর্জিয়াস ঈদের পোশাকের সঙ্গে সামান্য ভারী মেকআপ নেওয়া যেতে পারে। তবে মেকআপ নেয়ার সময় তা আপনারে বয়স, পোশাক, চেহারার গড়নের সাথে মানানসই হচ্ছে কি না সেটা লক্ষ রাখতে হবে।
চোখের সাজ : বৃষ্টির এই সময়ে আপনাকে হালকা সাজ নিতে হবে। চোখের সাজের সূক্ষ্ম ফিনিশিং জরুরি। পছন্দ অনুযায়ী আইলাইনার ব্যবহার করতে হবে।

চোখের পাপড়ির উপরে ও নিচে ঘন করে মাশকারা লাগিয়ে নিতে পারেন। একটু ড্রামাটিক লুক পেতে গোল্ডেন আইশ্যাডো ব্যবহার করতে পারেন। হালকাভাবে ব্লাশন ব্যবহার করতে পারেন, যেন হালকা একটা আভা থাকে।
ঠোঁট : ঈদের সাজে ঠোঁটের ছোট্ট, মিষ্টি একটুখানি হাসিই আপনাকে অনেক বেশি সুন্দর করে তুলবে। ঠোঁটকে সাজিয়ে তুলতে ব্যবহার করতে পারেন হালকা কিংবা গাঢ় রঙের লিপস্টিক। ম্যাট, ক্রিম কিংবা লিপগ্লাসও ব্যবহার করতে পারেন।

চুলের সাজ : চুল আপনার সাজের একটি গুরুত্বপূর্ণ অংশ। চুলের সাজকে আকর্ষণীয় করে তুলতে অনেক কিছুই পাওয়া যায়, যা চুলকে ডেকোরেট করতে পারে। তবে আপনার সাজকে পূর্ণতা দিতে পারে এমন কিছুই ব্যবহার করতে হবে।
ঈদের সালোয়ার-কামিজের সঙ্গে বিভিন্ন স্টাইলে বেণী করা যেতে পারে। শাড়ির সঙ্গে যেতে পারে সহজ কোনো খোঁপা।