একাত্তরের জননী রমা চৌধুরী
আলাউদ্দিন খোকন: ‘পাকিস্তানি বাহিনী আমাকে প্রাণে না মারলেও আমার আত্মার অপমৃত্যু ঘটিয়েছে, যার ফলে নেমে এসেছে জীবনে শোচনীয় পরিণতি। আমার মুক্তিপাগল অবোধ দু’টি শিশুর সাধ-স্বপ্ন, আশা-আকাক্সক্ষা ভরা জীবন কেড়ে নিয়েছে বাংলার মুক্তি সংগ্রাম। আমার কাঁধে ঝোলা, খালি পা ও দুঃসহ একাকিত্ব একাত্তরেই অবদান’। মুক্তিকামী বাংলার মানুষের প্রতিনিধিত্বকারী একজন জননী, ১৯৭১ সালে পাকিস্তানি হানাদারের হাতে সন্তান – সম্ভ্রম – ভিটেমাটি হারা সর্বংসহা।
১৯৬১ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা-ভাষা ও সাহিত্যে ¯œাতকোত্তর ডিগ্রি অর্জনকারী সাহিত্যিক রমা চৌধুরী তাঁর আত্মজৈবনিক গ্রন্থ ‘একাত্তরের জননী’ গ্রন্থে লিখেছিলেন উপরে উদ্ধৃত অংশটুকু।
মুক্তিযুদ্ধ তথা একাত্তরের স্বাধীনতা সংগ্রামের বিস্তৃত ইতিহাস আজও পূর্ণাঙ্গরূপে রচিত হয়নি। আর হয়নি বলেই ৪৮ বছর পরও মুক্তিযুদ্ধের, মুক্তি সংগ্রামের অনেক অজানা অধ্যায়ের কথা আমরা জানতে পারি নি। যা আমরা জানতে পারি একজন রমা চৌধুরীর নিজের বয়ানে লেখা গ্রন্থ থেকে, যা তিনি নিজেই গ্রন্থাকারে প্রকাশ করেছিলেন।
১৯৭১সালে পাকিস্তানি হানাদাররা তাঁর একমাত্র ভিটেটুকু পুড়িয়ে ছারখার করে দেয়, সেই পোড়া ভিটে, সেই পোড়া মাটির ঘর আমৃত্যু ছিলো তাঁর বাসগৃহ। রমা চৌধুরীর স্বপ্ন ছিলো সেই পোড়া ভিটেতেই গড়ে তুলবেন ১৯৯৮ সালের ১৬ ডিসেম্বর সড়ক দুর্ঘটনায় নিহত তাঁর সর্ব কনিষ্ঠ সন্তান কবি দীপংকর টুনু’র স্মৃতির উদ্দেশ্যে “দীপংকর স্মৃতি অনাথালয়” নামে একটি অনাথ আশ্রম।
রমা চৌধুরীর ১৯৪১ সালের ১৪ অক্টোবর চট্টগ্রাম জেলায় বোয়ালখালী থানার পোপাদিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। দক্ষিণ চট্টগ্রামের প্রথম নারী ¯œাতকোত্তর (এম.এ) রমা চৌধুরী ১৯৬২ সালে কক্সবাজার বালিকা উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষিকার দায়িত্ব পালনের মধ্য দিয়ে কর্মজীবন শুরু করেন। পরে দীর্ঘ ১৬ বছর পর তিনি বিভিন্ন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকার দায়িত্ব পালন করেন।
১৯৭১ সালে মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে তিনি তিন পুত্র সন্তানের জননী। থাকেন পৈতৃক ভিটা পোপাদিয়ায়। সন্তানের বাবা স্ত্রী-পুত্রদের নিরাপত্তার চিন্তা না করেই ভারতে চলে গেলে বৃদ্ধা মা ও সন্তানদের নিয়ে অসহায় অবস্থায় দিনযাপন ছিলো রমা চৌধুরীর।
এমনি একদিন ১৩ মে সকাবেলা পাকিস্তানি হানাদাররা দেশীয় রাজাকারদের সহযোগিতায় চড়াও হয় তাঁর ঘরে। তাঁকে জোর করে নিয়ে যায় পাশের নির্জন ঘরে। কেড়ে নেয় সম্ভ্রম। দুগ্ধপোষ্য সন্তান তখন তাঁর কোলে। সন্তানের মায়ায় আত্মহননের পথ থেকে নিবৃত্ত থাকলেও মানসিক অসীম কষ্ট সেই থেকে তাড়িয়ে বেড়াতো একাত্তরের এই জননীকে ।
সম্ভ্রম হারানোর পর তাদের হাত থেকে পালিয়ে পুকুরে নেমে যখন আত্মরক্ষার জন্য লুকিয়েছেন তখন হানাদাররা গান পাউডার লাগিয়ে পুড়িয়ে দেয় তাঁর ঘর-বাড়িসহ যাবতীয় সহায় সম্পদ। পুড়ে ধ্বংস হয় তাঁর সকল সৃষ্টি-কর্ম লেখালেখির পা-ুলিপি।
ঘরবাড়িহীন বাকী আট মাস তাঁকে তিনটি শিশু সন্তান আর বৃদ্ধা মাকে নিয়ে জলে জঙ্গলে জঙ্গলে লুকিয়ে বেড়াতে হয়েছে। রাতের বেলায় পোড়া ভিটায় এসে কোনোমতে পলিথিন-খড়কুটো নিয়ে মাথায় আচ্ছাদন দিয়ে কাটিয়েছেন। রোদ-বৃষ্টি-শীতে এই করে আস্তে আস্তে নুয়ে পড়েছেন। শেষ দিকে এসে আরপারলেন না। দু’টি সন্তান ছয় বছরের সাগর আর চার বছরের টগর ঝরে পড়ল তাঁর কোল থেকে।
সেই নিদারুণ কষ্ট, সেই নিদারুণ যন্ত্রণার কথা তিনি লিখেছেন ‘একাত্তরের জননী’ গ্রন্থে। ‘জয় বাংলা, জয় বাংলা, রাজাকার চলে যা’ বলতে বলতে ফুসফুস প্রদাহে আক্রান্ত সাগর ঢলে পড়েছিলো মৃত্যুর কোলে। এর দুই মাস পরেই নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে মারা যায় টগর। রমা চৌধুরী’র জীবনের সবচেয়ে সু-সময়টাই কেড়ে নিয়েছে বাংলার মুক্তিসংগ্রাম। স্বাধীনতা পরবর্তী সময়ে কিছুদিন শিক্ষকতা করেছেন একটা বালিকা উচ্চ বিদ্যালয়ে। সেখানেও ষড়যন্ত্রের শিকার হয়ে চাকরি ছেড়েছেন। গ্রামে গ্রামে ঘুরে টিউশনি করে জীবন চালিয়েছেন অনেকদিন-অনেক বছর।
আলসারে আক্রান্ত হয়ে দীর্ঘ বারো বছর ভুগেছেন। তখন বাধ্য হয়ে টিউশনিও ছেড়ে দেন তিনি। ১৯৯১ সাল থেকে লেখ্যবৃত্তিকেই পেশা হিসেবে নিয়েছিলেন। আমৃত্যু সেটাই ছিলো তার পেশা। যদিও তাঁর লেখ্যবৃত্তির পেশা একেবারেই স্ব-নির্বাচিত ও স্বতন্ত্র। তিনি প্রথমে একটি পাক্ষিক পত্রিকায় লিখতেন। বিনিময়ে সম্মানীর বদলে পঞ্চাশ কপি পত্রিকা পেতেন যা প্রতি কপি মাত্র ৫ টাকা। সেই পঞ্চাশ কপি পত্রিকা বিক্রির টাকায় চলত তাঁর সংসার।
১৯৯৫ সালে নিজের লেখা বই নিজেই প্রকাশ করে বিক্রির জন্য পথে পথে দ্বারে দ্বারে ঘুরে বেড়াতে লাগলেন। শুরু হল অন্য এক সংগ্রাম। আমৃত্যু ১৮টি বই প্রকাশ করে এভাবেই দ্বারে দ্বারে ঘুরে বিক্রি করে গেছেন তিনি। তিনি বলতেন, ‘মুক্তি সংগ্রাম আজও শেষ হয়নি, এই যে আমি নিজেই নিজের সংগ্রামে লিপ্ত এই আমার মুক্তির সংগ্রাম।” তাঁর স্বপ্ন ছিলো সুন্দর বাংলাদেশ গড়ার। আজীবন সেই সংগ্রামই করে গেছেন।
প্রবন্ধ, গল্প, কবিতা, উপন্যাস মিলিয়ে ১৮টি গ্রন্থ প্রকাশ করে নিজেই সেই বই ফেরি করে বিক্রি করে গেছেন। এখনো তাঁর কিছু লেখা অপ্রকাশিত রয়ে গেছে যা ভবিষ্যতে হয়ত প্রকাশ হবে।
বাংলদেশ স্বাধীন হলেও রমা চৌধুরী’র খবর কেউ নেননি। সারাজীবন নিজস্ব সংগ্রামেই কাটিয়ে গেছেন মাথা উঁচু করে, কারো সাহায্য সহযোগিতা ছাড়াই। এমনকি ২০১৩ সালে স্বয়ং প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমন্ত্রণে সাক্ষাৎ করতে গেলেও কোনো সহযোগিতা নিতে অস্বীকার করেন তিনি। ১৯৯৮ সালে তাঁর সর্ব কনিষ্ঠ সন্তান দীপংকর মারা গেলে সেই থেকে খালি পায়েই মৃত্যু পর্যন্ত কাটান। তিনি বলতেন, ‘যে মাটির নিচে আমার তিন সন্তান-ঘুমিয়ে আছে সেই মাটির ওপর আমার হামাগুড়ি দিয়ে চলা উচিত। যেহেতু আমি সরীসৃপ নই। তাই আমি হামাগুড়ি দিয়ে চলতে পারব না, তবে এই সন্তানদের শোকে আমি সারা জীবন খালি পায়েই হাঁটবো।’
জীবনের শেষ দিন পর্যন্ত চরম অর্থকষ্টে থাকলেও কখনো মাথা নোয়াননি এই মহীয়সী নারী। ২০১৭ সালের জুন মাস থেকে দীর্ঘকালীন অসুস্থতায় ২০১৮ সালের ৩ সেপ্টেম্বর, না ফেরার দেশে চলে যান রমা চৌধুরী। তাঁর এই সংগ্রামী জীবনযাপন এখন অনেকের কাছেই এক পরমাশ্চর্যের উদাহরণ।