প্রকৃতির পাতালাইফস্টাইললিড

ঐতিহ্যের সাম্পান, ইতিহাসের সাম্পান

জাহেদুল কবির::‘ওরে কর্ণফুলীরে, সাক্ষী রাখিলাম তোরে’, অথবা ‘কি গান মাঝি হুনাইলা কি বাঁশি মাঝি বাজাইলা, কর্ণফুলীর সাম্পানওয়ালা আঁর মন হারি নিলা’ -কর্ণফুলী নদী আর সাম্পান মাঝিদের নিয়ে এমন অনেক গান এখনো কানে বাঁজে। একসময় নদী পারাপার ও ভ্রমণের অন্যতম প্রধান বাহন ছিলো সাম্পান। কর্ণফুলী নদীর হাজার বছরের ঐতিহ্যের অন্যতম বাহন। সাগর-নদীর বিশাল-বিশাল ঢেউয়ের তালে নৃত্য করা সেই সময়ের জনপ্রিয় এই বাহনটিতে চেপে জলপথে মানুষ পাড়ি দিতো হাজারও মাইল।

ঐতিহাসিক এই সাম্পানের নির্মাণশৈলী অন্যান্য নৌকার চেয়ে একটু আলাদা। ইতিহাসবিদদের মতে, চীনা শব্দ সাং পাং (তিন মাথা যুক্ত) শব্দ থেকে চট্টগ্রামের সাম্পান শব্দের উৎপত্তি। চট্টগ্রামের সাম্পানের সামনে একটি ও পেছনে দুটি অংশকে স্বাভাবিক দৃষ্টিতে তিনটি মাথার মতোই মনে হয়।

মিয়ানমারের লোকেরা সাম্পানকে বলে থাম্পান, জাপানিরা বলে জুমপেন, মালয়েশিয়ার মালয়িরা বলতো সমপেন। সেই সময় চট্টগ্রামের অকুতোভয় সাগরপিয়াসী নাবিকরা মালয় কোচিন, জাভা, সিঙ্গাপুর, পেনাং এলাকাতে সাম্পানে করে ব্যবসা-বাণিজ্য করতো। এই যোগসূত্র থেকে সহজে প্রতীয়মান হয়, ওইসব জাতিগোষ্ঠীর ভাষা ও শব্দের বিবর্তন এবং সংক্ষেপণের মাধ্যমে পরবর্তীতে চট্টগ্রাম অঞ্চলের লোকদের কাছে এটি ‘সাম্পান’ নামে পরিচিতি পেয়েছে। সুতরাং বলা যায়, চট্টগ্রাম বিদেশ-বিভুঁইয়ে ব্যবসা-বাণিজ্য সম্পাদনের অন্যতম একটি প্রধান বাহন ছিলো এই সাম্পান ।

চট্টগ্রামবাসীদের অর্থনৈতিক, সাংস্কৃতিক ও সাহিত্য অঙ্গনে সাম্পানের রয়েছে বিরাট ভূমিকা। সাম্পানের বৃহত্তর রূপ হলো কাঠের তৈরি জাহাজ। এগুলোতে আট-দশ হাজার মণ মালামাল নিয়ে সাগরে পাড়ি দিয়ে চট্টগ্রাম বন্দর থেকে পণ্য পরিবহন করা হতো।

তথ্য মতে, চট্টগ্রামের নৌ-শিল্পের ঐতিহ্য প্রায় ১২শ’ বছরের পুরনো। সমুদ্রের তীরে চট্টগ্রামের অবস্থান। পরিবেশগত কারণে সমুদ্রনির্ভর চট্টগ্রামের মানুষ সমুদ্রকে জয়ের নেশায় আবিষ্কার করেছিল এক ধরনের নৌকা ও সাম্পান।

আরেকটি বিষয় হচ্ছে, কর্ণফুলীর সাম্পান নিয়ে রচিত হয়েছে (এখনও হচ্ছে) অসংখ্য গান আর কবিতা। এই সাম্পানের মাঝিরাই ছিলেন একসময় অসংখ্য নারীর স্বপ্নের পুরুষ। সেই কারণেই হয়তো চট্টগ্রামে আঞ্চলিক গানের স¤্রাজ্ঞী শেফালি ঘোষের কণ্ঠের গানটি এখনো সাধারণের মনে প্রাণের সঞ্চার করে- ‘ওরে সাম্পান ওয়ালা…তুই আমারে করলি দিওয়ানা/ বাহার মারি যারগই সাম্পান/ কি বা ভাটি, কি বা উজান / বন্ধু বিনে পরান বাঁচে না-রে / ওরে সাম্পান ওয়ালা, তুই আমারে করলি দিওয়ানা।’

ইতিহাসবিদদের মতে, সেই সময় কর্ণফুলী নদীতে কি পরিমাণ সাম্পান চলাচল করতো তার কোন সঠিক পরিসংখ্যান কারও কাছে নেই। তবে মাঝিদের মতে, গত দুই যুগ আগেও কর্ণফুলী নদীতে প্রায় চার হাজার সাম্পান চলাচল করতো। সেটি বর্তমানে কয়েকশ’তে নেমে গেছে। এখন নদীর সেতু ও সড়কপথে যোগাযোগ ব্যবস্থা আধুনিকায়নের কারণে বিলুপ্তির পথে হাল সময়ের জনপ্রিয় এই বাহনটি।
ফলে বাধ্য হয়ে অনেকে পেশা পরিবর্তন করেছে। তবে এখনো কিছু কিছু সাম্পানের মাঝি বাপ-দাদার পেশা ভেবে ঐতিহ্য ধারণ করে আজো ধরে রেখেছেন সাম্মানের বৈঠা।

ফিরিঙ্গি বাজারে আনোয়ার মাঝি বলেন, ৮০’র দশকেও সাম্পান সাগর-নদীপথে চলাচলে অন্যতম একটি জনপ্রিয় বাহন ছিলো। তবে কালের পরিক্রমায় সেটি আজ নিশ্চিহ্ন হওয়ার পথে। এই সাম্পান নিয়ে অনেক মাঝি কর্ণফুলী নদী হয়ে হালদাসহ বিভিন্ন এলাকায় যাত্রী নিয়ে যাতায়াত করতেন। কিন্তু এখন নদী পথে যাত্রী কমে যাওয়ায় সাম্পান নিয়ে দূরে কোথাও যেতে হয় না। তিনি আরও জানান, সাম্পানের আকারের দিক থেকে কয়েক রকম হয়। তারমধ্যে সবচেয়ে ছোট আকারের একটি সাম্পানের দৈর্ঘ্য আনুমানিক ২০ ফুট এবং প্রস্থ কমপক্ষে সাড়ে ৪ ফুট। এ ধরনের একটি সাম্পানে ১৫ থেকে ১৮ জন যাত্রীধারণ করা যায়। এছাড়াও এ সাইজের চেয়ে আরও বড় সাম্পান রয়েছে। এগুলোতে যাত্রীধারণ ক্ষমতা রয়েছে ৩০ থেকে ৩৫ জন।

জানা যায়, সপ্তদশ শতকে তুরস্কের সুলতানের নৌ বহরের অধিকাংশ জাহাজ নির্মিত হয়েছে চট্টগ্রাম বন্দরে। একবার এক আদেশে সুলতান চট্টগ্রাম চট্টগ্রাম বন্দর থেকে ১৩টি জাহাজ ক্রয় করেছিলেন।
ব্রিটিশ নৌ বহরেও চট্টগ্রামে নির্মিত জাহাজের প্রাধান্য ছিল। ১৯২৪ সালে কলকাতা বন্দরে এগারোটি ব্রিটিশ জাহাজের মধ্যে ৮টিই ছিল চট্টগ্রামের তৈরি। এছাড়া ১৯ শতকে চট্টগ্রামে এক হাজার টন ধারণ ক্ষমতা সম্পন্ন জাহাজ তৈরি হতো। সিজার ফ্রেডারিক লিখেছেন, প্রতিবছর চট্টগ্রাম থেকে ২৫ থেকে ৩০টি জাহাজ বিশ্বের বিভিন্ন দেশে রপ্তানি হতো। চট্টগ্রামের তৈরী জাহাজ আলেকজেন্দ্রিয়ায় তৈরী জাহাজের চেয়ে উন্নত ছিল। জার্মানির ব্রেমার হ্যাভেন জাদুঘরে এখনও চট্টগ্রামের তৈরী জাহাজ প্রদর্শনীর জন্য রক্ষিত আছে। এই ক্ষুদ্র্র রণতরীটি ১৯১৮ সালে নির্মিত হয়েছিল।

অপরদিকে এই সাম্পানের মাধ্যমে এক সময় নদীপথে বাণিজ্য হতো। সেটিকে কেন্দ্র করে নগরীর চাকতাই খালের তীরে গড়ে উঠে দেশের বৃহৎ পাইকারি আড়ত চাকতাই-খাতুনগঞ্জ। চাক্তাই শিল্প ও ব্যবসায়ী সমিতির সভাপতি ও প্রবীণ ব্যবসায়ী এস এম হারুনুর রশিদ বলেন, নদীপথেই খাতুনগঞ্জ থেকে চট্টগ্রামসহ দেশের নানা প্রান্তে ব্যবসা-বাণিজ্যের গোড়াপত্তন ঘটে।

মুঘল ও নবাবী আমল থেকে সাম্পানে করে ব্যবসায়ীরা বাণিজ্য করতো। সেই সময় পাথরঘাটা ও খাতুনগঞ্জের লামারগঞ্জ এলাকায় বড় বড় নৌকা-সাম্পান ভিড়তো। বিভিন্ন স্থান থেকে শত-শত বণিকের পদচারণায় মুখরিত থাকতো এই অঞ্চল।

পাকিস্তান আমলে বাংলাদেশের আমদানি-বাণিজ্যের শতকরা ৯০ থেকে ৯৫ ভাগই খাতুনগঞ্জ-চাক্তাই এলাকা থেকে পরিচালিত হতো। যোগাযোগ ব্যবস্থা সেই সময় ভঙ্গুর ছিলো। ফলে পাল তোলা নৌকা-সাম্পানযোগে পণ্য পরিবহন করা হতো। এছাড়া নোঙর করত বণিকদের সওদাগরী জাহাজ।

চাকতাই-খাতুনগঞ্জের প্রবীণ ব্যসায়ীরা জানান, একসময় চাকতাই খালে প্রচুর ¯্রােত ছিলো। সহজে সাম্পান ভিড়তে পারতো। তবে সময়ের পরিক্রময়ায় এই খাল ধীরে-ধীরে মরা খালে পরিণত হচ্ছে। তাই নদী পথে বাণিজের সম্ভাবনা থাকলেও এখন আর পণ্য বোঝাই নৌকা-সাম্পান চলাচল খুব একটা দেখা যায় না। অথচ এই সম্পানে করেই একসময় দক্ষিণ চট্টগ্রামের পটিয়া, আনোয়ারা, বাঁশখালী, চন্দনাইশ ও সাতকানিয়া এলাকায় ব্যবসায়ীরা পণ্য পরিবহন করতো। চাকতাই-খাতুনগঞ্জ ব্যবসায়ীদের অভিমত, চট্টগ্রামের ব্যবসা-বাণিজ্যের ইতিহাস রক্ষা করতে সাম্পান সংরক্ষণ অত্যন্ত জরুরি।