রান্নাঘরলাইফস্টাইললিড

খিদে পেলেই নুডলস খাওয়াটা কতটা ক্ষতিকর!

ওয়াহিদ বিন আবির : সকাল, দুপুর, রাত বা সন্ধে- খিদে পেলেই আজকাল আমাদের ওয়ান স্টপ সলিউশন নুডলস। তবে আমাদের এই বেপরোয়াভাব আমাদেরই অজান্তে ক্ষতি করছে সেটা কি জানেন? আসলে বিশেষজ্ঞরা বলছেন, যখন-তখন নুডলস খাওয়া শরীরের জন্য ক্ষতিকর। গবেষণা বলছে, সপ্তাহে দুবারের বেশি নুডলস খেলেই তার ক্ষতিকারক প্রভাব পড়তে শুরু করবে আমাদের স্বাস্থ্যের উপর। এর নানা উপাদান ও বানানোর প্রক্রিয়াই একে বিষাক্ত করে তুলছে।

১. গবেষকরা বলছেন যে সপ্তাহে দুবারের বেশি নুডলস খেলে আমাদের মেটাবলিজমের হার কমে যায়। আবার অন্যদিকে, নুডলস হলো প্রক্রিয়াজাত খাবার যাতে ফাইবার ও প্রোটিনের পরিমাণ খুবই কম। ফলে তা আমাদের স্বাস্থ্যরক্ষায় কোনো কাজেই আসে না।

২. নুডলসের মূল উপাদান ময়দা। ময়দায় রয়েছে প্রিজারভেটিভ, যা খেতে সুস্বাদু হলেও কোনো পুষ্টিগুণ নেই। বরং ময়দা দিয়ে তৈরি করা নুডলসে গ্লুটেন থাকে অনেক বেশি পরিমাণে। আবার এতে ফ্যাটও থাকে অনেক বেশি। এর ফলে সেটি সহজেই আমাদের হার্টের ক্ষতি করতে পারে ও ডায়াবেটিসের ঝুঁকি বাড়ায়। আবার ওজন বাড়তেও পারে এই কারণেই। হজমশক্তিও কমে যায় এর ফলে।

৩. সোডিয়াম বা নুনের মাত্রা থাকে খুব বেশি। উচ্চ রক্তচাপের সমস্যা তৈরি হতে পারে এর থেকে। শিশুর শরীরে অপুষ্টিও দেখা দেয় বেশি নুন খেলে।

৪. এই পদটিকে সুস্বাদু বানাতে এতে মেশানো হয় আজিনামটো যা খুব ক্ষতিকারক। খাওয়ার ইচ্ছা বাড়িয়ে দেয় এটি। ফলে খাওয়ার সময় কোনো নিয়ন্ত্রণ থাকে না।

বাড়িতে নুডলস বানানোর সময়ও নিচের এই বিষয়গুলি মাথায় রাখবেন।

১. চাউমিনে বা নুডলসে ফাইবার খুব কম থাকায় আপনি বাড়িতে তা বানালে বিভিন্ন রকম সবজি ও শাক এর মধ্যে দিতে পারেন। এতে স্বাদ বাড়বে।

২. অল্প পরিমাণ চিকেন বা ডিম দিয়ে বানালে প্রোটিন ঢুকবে শরীরে।

৩. রান্নার সময়ে স্বাদ ও গন্ধ আনতে আজিনামোটো না দিয়ে মাখন বা ঘি দেবেন।

৪. মশলা কম দেওয়াই ভালো। নুন আর কাঁচা লঙ্কা দিতে পারেন।