Uncategorizedমুখোমুখিলাইফস্টাইললিড

গানে মাটি ও মানুষের ধুকপুকানি জাগিয়ে চলেছেন আব্দুল গফুর হালী

কমল দাশ :: ‘জীবনের খণ্ডখণ্ড চিত্র রূপায়িত হয় লোকসঙ্গীতে। আলো-ছায়ার মায়াজালে আত্মার শুদ্ধতা খুঁজে বেড়ায় লোকসঙ্গীত। কথা বলে জীবন ও প্রকৃতির।’-এই অমৃতবাক্য যাঁর সহজাত উচ্চারণ তিনি আর কেউ নন আমাদের প্রিয় লোকসঙ্গীত সাধক, আমাদের জীবন্ত কিংবদন্তি আবদুল গফুর হালী। যিনি লোকসঙ্গীতের ভাণ্ডারকে সমৃদ্ধ করতে আমরণ লড়াই করে চলেছেন।

১৯২৮ সালে চট্টগ্রামের পটিয়ার রশিদাবাদে জন্ম তাঁর। লেখাপড়া করেছেন রশিদাবাদ প্রাথমিক বিদ্যালয় ও জোয়ারা বিশ্বম্বর চৌধুরী উচ্চ বিদ্যালয়ে। বাবা আবদুস সোবহান। মা গুলতাজ খাতুন। অশীতিপর এই লোকশিল্পী বলেন, আস্কর আলী পণ্ডিতের গানের জাদুতে লোকসঙ্গীতে নেশা জাগে আমার। আর তারপর থেকে আধ্যাত্মিক ও মরমি গানের মোহ আমাকে উম্মাদ করে তুলে।

‘সোনাবন্ধু তুই আমারে করলি দিওয়ানা…’, ‘রসিক তেল কাজলা কোন পাঞ্জাবিঅলা…’, ‘মনের বাগানে ফুটিল ফুলগো…’, ‘তুই যাইবা সোনাদিয়া বন্ধু মাছ মারিবার লাই…’, ‘অ শ্যাম রেঙ্গুন ন যাইও…’, ‘বানুরে অ বানু আঁই যাইয়ুমু রেঙ্গুন শরত্/ তোঁয়ার লাই আইন্যুম কী…’, কিংবা মাইজভাণ্ডারি গান- ‘দেখে যারে মাইজভাণ্ডারে, কতো খেলা জানরে মাওলা…’সহ বিভিন্ন গানে শ্রোতাদের হৃদয় ছুঁয়েছেন এই শিল্পী। এখন পর্যন্ত বাংলাদেশে প্রচলিত মাইজভাণ্ডারি গানের মধ্যে আবদুল গফুর হালী রচিত এই গানটি জনপ্রিয়তার শীর্ষে।

নিজ সম্পর্কে বলতে গিয়ে তিনি বলেন, কারও কাছে গান শিখার সুযোগ হয়নি আমার। যা শিখেছি তা ছিলো প্রকৃতির দান। তিনি বলেন, আমার লিখা আঞ্চলিক গানের সংখ্যা প্রায় দেড় হাজার। মাইজভাণ্ডারি গানও হাজারের বেশি হবে। তিনি বলেন, ‘দুই কুলের সোলতান…’, ‘দেখে যারে মাইজভাণ্ডারে…’সহ আমার অসংখ্য গান শ্রোতাদের মুখে মুখে ফেরে।

লোকশিল্পী গবেষকদের মতে, ‘৭০ ও ‘৮০ এর দশক ছিল আঞ্চলিক ও মাইজভাণ্ডারি গানের স্বর্ণযুগ। গফুর হালীর লেখা সাড়া জাগানো বেশিরভাগ গান বিভিন্ন শিল্পীর গ্রামোফোন রেকর্ডে বেরিয়েছিল। ওই সময় তিনি দারুণ একটি কাজ করেন। আর তা হলো- আস্কর আলী পণ্ডিতের গান সংগ্রহ করে শেফালী ঘোষসহ বিভিন্ন শিল্পীর কণ্ঠে তুলে দেন। মূলত, আব্দুল গফুল হালীর কারণেই আস্কর আলীকে নতুন করে পান শ্রোতারা।

সঙ্গীত বিশেষজ্ঞদের মতে, যশস্বী সঙ্গীতকার আব্দুল গফুর হালী আবিষ্কার করেছেন অনেক কণ্ঠশিল্পীকে। তাঁর গান গেয়েই অনেক শিল্পী আজ প্রতিষ্ঠা পেয়েছেন। শ্যাম-শেফালীর অনেক স্মরণীয় গানের স্রষ্টা এই গফুর হালীই।

IMG_5533

তিনি বলেন, আমার শিল্পী জীবনের শুরুটা হয় অনেকটা নাটকীয়ভাবে। নিউ মার্কেটে ছোটখাটো একটা দোকান ছিল শ্যামসুন্দর বৈষ্ণবের। শ্যাম গানের মানুষ। সেই সূত্রে তাঁর দোকানে শিল্পীদের আড্ডা বসত সকাল-সন্ধ্যা। সে আড্ডায় একদিন ঢুঁ মারি আমি। তিনি বৈেলন, শ্যাম দিলখোলা মানুষ ছিলো। এক সময় বন্ধুত্ব এবং ভাব হয় আমাদের দু’জনের। গ্রাম থেকে গান নিয়ে শহরে ছুটে আসতাম আমি। শ্যামের কণ্ঠে ধারণ করতাম সেসব। পরে তা প্রচারিত হতো বেতারে।

গফুর হালী আরও বলেন, একদিন বেতারেই ধরে বসলেন শেফালী ঘোষ। বললেন, ‘উ দা শ্যামরে দিলে অইতো ন, আঁরেও গান দেওন ফরিব (শুধু শ্যামকে দিলে তো হবে না, আমাকেও দিতে হবে)।’

তিনি বলেন, শেফালী বারবার তাগাদা দিলেও আমি ভুলে যেতাম। একসময় চট্টগ্রাম বেতারের আঞ্চলিক পরিচালক (আরডি) আশরাফুজ্জামানকে নালিশ দেয় শেফালী । তিনি ডেকে পাঠান আমাকে। পাশে বসিয়ে চা খাওয়ান। এ কথা, সে কথা বলার পর শেফালীকে গান দিতে অনুরোধ করেন।
দুই দিন পর শ্যামসুন্দরের চকবাজারের বাসায় হাজির হন গফুর। শ্যামের সাইকেলে চড়ে পৌঁছে যান শেফালীর বাসায়। শ্যাম ও শেফালীর কণ্ঠে তুলে দেন ‘ন যাইও ন যাইও…’ গানটি। বেতারে প্রচারের পর আলোড়ন তুলল গানটি। শ্যামসুন্দর বৈষ্ণব ও শেফালী ঘোষের নাম ছড়িয়ে পড়ল হাটে-মাঠে।

তিনি জানান, এর আগে মলয় ঘোষ দস্তিদারের ‘নাইয়র গেলে আইস্য তাড়াতাড়ি’সহ দু-একটা দ্বৈত গান গেয়েছিলেন শ্যাম-শেফালী। কিন্তু ‘নাইয়র’ গানটির দারুণ জনপ্রিয়তা- আঞ্চলিক গানে নতুন ধারা সৃষ্টি করল। প্রতিষ্ঠিত হলো নতুন জুটি শ্যাম-শেফালী।

আর এই একটি গান গফুরের জীবনের মোড়ও ঘুরিয়ে দেয়। রাতারাতি খ্যাত হয়ে যান তিনি। অত:পর খ্যাতি পান গীতিকার ও সুরকার হিসেবে। আর আজ! আঞ্চলিক গান মানেই- চট্টগ্রামের মাটি ও মানুষের গান মানেই সবার আগে উঠে আসে জীবন্ত কিংবদন্তি এই আব্দুল গফুর হালীর নাম।