ঘুরে আসুন সুন্দর গ্রাম
ওয়াহিদ বিন আবির : প্রচণ্ড গরম তারপর আবার রয়েছে কাজের প্রচণ্ড চাপ। জীবন একেবারে দুর্বিষহ হওয়ার জোগাড়। কাজের চাপ আর নানা দায়িত্ব সামলে একঘেয়েমি ক্রমেই গ্রাস করছে জীবন। মন চাইছে প্রিয়জন বা বন্ধুবান্ধবদের হাত ধরে অজানার দেশে কয়েকদিনের জন্য হারিয়ে যেতে। হাঁফ ছেড়ে কয়েকদিন বাঁচা যাবে। একঘেয়েমি জীবন যেন আর ভালো লাগছে না।
কিন্তু বেশিরভাগেরই একটাই সমস্যা। অফিস। কারণ অফিস থেকে এখন লম্বা ছুটি পাওয়া সম্ভব না। সপ্তাহ শেষে ওই একদিনের ছুটি তাই ভরসা। কিন্তু একদিনের জন্য কোথায় যাবেন ভেবে যখন মন দিশেহারা তখনই আপনার জন্যই রইলো এক ঠিকানা। সুন্দর গ্রাম রিসর্ট।
এই সুন্দর গ্রাম রিসর্ট কলকাতার খুব কাছে অবস্থিত একটি অন্যতম জনপ্রিয় উইকেন্ড ডেস্টিনেশন। সড়কপথে দূরত্ব মাত্র ৩২ কিমি। মনোরম পরিবেশে বন্ধুদের নিয়ে চুটিয়ে মজা করতে খুব ভালো লাগবে। অদূরে সবুজ সর্ষে ক্ষেত, গ্রাম্য পরিবেশে, গাছ গাছালির মাঝে নির্জন পরিবেশে হারিয়ে যান নিজের প্রিয়জনের সাথে। মাটির প্রলেপে সাজানো এখানকার সুন্দর ঘরগুলি, ঘরের সামনে আঁকা আল্পনা, আপনাকে গ্রাম্য দিন যাপনের অনুভূতি দেবে। এখানে রয়েছে ক্যাম্প ফায়ার করার ব্যবস্থাও। আপনার যদি নিজস্ব গাড়ি বা বাইক থাকে তবে তো আর কোনো কোথা নেই। এই উইকএন্ডে বেরিয়ে পড়ুন বন্ধুদের সঙ্গে নিয়ে।
কীভাবে যাবেন: সুন্দর গ্রাম রিসর্ট কলকাতার খুবই কাছে অবস্থিত। সায়েন্স সিটি থেকে দূরত্ব মাত্র ৩২ কিমি। যদি নিজস্ব যানবাহন থাকে তবে সায়েন্স সিটি থেকে বাসন্তী হাইওয়ে ধরে বানতলা, ঘটাকপুকুর ও রাজেন্দ্রপুর হয়ে পৌঁছে যান সুন্দর গ্রাম।
কীভাবে বুক করবেন: সুন্দর গ্রাম যেতে হলে আগে থেকে অবশ্যই আপনাকে বুকিং করে যেতে হবে। বুকিং করার জন্য নির্দিষ্ট দুটি ওয়েবসাইট রয়েছে। সেগুলি হল www.sundargram.com ও www.bengalweekend.com। এই দুটি ওয়েবসাইটে আপনি বুকিং করতে পারেন ও খাবার মেনু সহ। এখান থেকে যাবতীয় তথ্য পেয়ে যাবেন।