মুখোমুখিলাইফস্টাইললিডসফলতার গল্প

চট্টগ্রামের ফ্লোরেন্স নাইটিঙ্গেল সাফিয়া গাজি !

জালালউদ্দিন সাগর : আমরা সবাই বেঁচে থাকার জন্য প্রতিটি মুহুর্ত সংগ্রাম করি। সংগ্রাম করি ভালো থাকার জন্য। হাল জমানার সাথে পাল্লা দিয়ে মহাসড়কের নিয়ন আলোয় প্রতি সন্ধ্যা সাজাই নিত্য নতুন মুগ্ধতায়। রঙের ফানুসে নিজেকে সাজিয়ে উন্নত জীবন ধারণের স্বপ্ন দেখি এবং বেঁেচ থাকার স্বপ্ন দেখাই। কালে ভদ্রে যদি অবসর মেলে তবেই ভাবি অন্যকে নিয়ে। পাশের জনকে নিয়ে।

কিন্তু এই শহরে এমন একজন আছেন যিনি স্বপ্ন দেখান সুন্দর একটি মরণের! প্রতিটি দিন, প্রতিটি ক্ষণ-যিনি মানুষের সুন্দর মৃত্যু কামনায় এবাদত করেন। চোখের জল ফেলে সৃষ্টিকর্তার কাছে ফরিয়াদ করেন মর্মান্তিক মৃত্যুর!

প্রিয় পাঠক, অবাক হচ্ছেন ? ভাবছেন যে মানুষ-মানুষের মৃত্যু কামনা করতে পারে তেমন মানুষকে নিয়ে এতো আয়োজন করে লেখার কী আছে? উত্তরটা একটু পরে দিচ্ছি তার আগে একটি গল্প শোনাতে চাই আপনাদের।

গত অক্টোবরের (২০১৯) প্রথম সপ্তাহের। আশরাফুল নামে ৫ বছরের এক শিশুর জন্য নানান আয়োজন চলছিল চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে। শিশুটির জন্য আনা হয়েছিল নতুন বিছানা। বদলানো হয়েছে বালিশও। হাত বাড়ালেই শিশুটি পেয়ে যেতো নামিদামি ব্র্যান্ডের সব খাবার। যখন যা চায়-তাই দেয়া হতো শিশুটির হাতের মুঠোয়। হাসপাতালের ইনজেকশনের সুই মোটা বলে তার জন্য আনা হয়েছিল বিদেশি ব্র্যান্ডের সফট বাটারফ্লাই।

পাঠক,আপনি এই আয়োজন দেখে হয়তো ভাবতে পারেন শিশুটি ভিআইপি কারো সন্তান হবে অথবা মন্ত্রী কিংবা প্রভাবশালী রাজনৈতিক কোনো নেতার আত্মীয়।

না এই শিশুটি কোনো ভিআইপি’র ঘরে জন্ম নেয় নি। অতি সাধারণ দিনমজুরের নাড়িছেড়া ধন। গরীব এই শিশুটির জন্য ভিআইপি মর্যাদায় আভিজাত্যের যে আয়োজন দেখছেন সে আয়োজনগুলো করেছেন সাফিয়া গাজি রহমান নামে এক নারী।

সাফিয়া গাজির আভিজাত্যময় এই যে বিলাসী আয়োজন তার সব টুকুই এই শিশুটির জন্য। শিশুটির মৃত্যুর প্রত্যাশায়। কয়েকদিন পরেই নিশ্চিতভাবে মারা যাবে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে লিউকোমিয়া ওয়ার্ডে চিকিৎসাধীন ক্যান্সার আক্রান্ত আশরাফুল। ক্যান্সারের যন্ত্রণা যেন কিছুটা কম হয়-শিশুটি যেন শান্তিতে মরতে পারে সে জন্য সাফিয়া গাজির এই আয়োজন।

এই প্রতিবেদককে উদ্দেশ্য করে সাফিয়া গাজি বললেন, একজন মা তার সন্তানের মাথার পাশে বসে কাঁদছে। সে মা জানে তার নাড়িছেড়া একমাত্র সন্তানের আয়ু আর মাত্র কয়েকদিন। কয়েক ঘন্টা। আপনি কী ভাবতে পারেন,সে মায়ের বুকের ভেতরে তখন কী অবস্থা চলছিল। বলেন সাফিয়া গাজি।

সন্তান যুদ্ধ করছে মরণব্যাধি যন্ত্রণার সাথে আর মা যুদ্ধ করছে যমদুতের সাথে। মা নিশ্চিতভাবে জানেন তাঁর নাড়িছেড়া ধনকে যেতে হবে। সে যাওয়া যেন কষ্টদায়ক যাওয়া না হয়। সে জন্য যমদূতের সাথে প্রতিটি মুহূর্তে লড়াই করছেন এই মা। আমার ভাবনাগুলোকে ওলোটপালট করে দিয়ে সাফিয়া গাজি কাঁদলেন। হুহু করে কাঁদলেন। কাঁদালেন আমাকেও।

গাফিয়া গাজি জানালেন, শুধু আশরাফুল নয়। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের লিউকোমিয়া ওয়ার্ডের ক্যান্সার আক্রান্ত প্রায় পাঁচ শতাধিক শিশুকে সেবা দিতে কাজ করেছে তার গড়া সেবামূলক প্রতিষ্ঠান ‘সানসাইন চ্যারেটি’। যার মধ্যে ২৫৪ জন শিশু সুস্থ হয়ে ফিরে গেছেন মায়ের কোলে। সুস্থ হয়ে ফিরে গেছেন বলতে গিয়ে মৃদু হাসির রেখা ফুটে সাফিয়া গাজির মুখে। এ হাসি যেন যুদ্ধ জয়ের হাসি।

২০১০ সাল থেকে ক্যান্সার আক্রান্ত শিশুদের নিয়ে কাজ করা সাফিয়া গাজি নিজেই ক্যান্সার আক্রান্ত হন ২০১২ সালে। তবুও থেমে যান নি লড়াকু এই নারী। ক্যান্সার আক্রান্ত হওয়ার পরেও মানবসেবায় তাঁর গতি বেড়েছে বহু গুণ।

আলাপচারিতায় তিনি আরও বলেন, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের গাইনি ওয়ার্ডের লেবার অপারেশন থিয়েটারের (ওটি) অবস্থা অনেক খারাপ ছিলো। আমি ব্যক্তিগত উদ্যোগে পুরো ওটিটাকে টাইলস দিয়ে মুড়িয়ে এসি (শীতাতপ নিয়ন্ত্রিত) করে দিয়েছি। এখন একটি ওটিতে এক সাথে ৭ থেকে ৮জন গর্ভবতী নারীর সন্তান প্রসব করাতে পারেন চিকিৎসকরা। পরিচ্ছন্ন ও স্বাচ্ছন্দ্যে। জানান সাফিয়া গাজি।

শুধু লিউকোমিয়া বা প্রসূতি বিভাগ নয়-সাফিয়া গাজির মানবতার স্পর্শ পড়েছে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের নিউনেটাল ওয়ার্ডেও। নবজাতক বাচ্চাদের উন্নত চিকিৎসার জন্য সাফিয়া গাজি অনুদান দিয়েছেন আইসিও বেডও।

সাফিয়া গাজি সম্পর্কে জানতে চাইলে চট্টগ্রাম মেডিকেল কলেজের অধ্যক্ষ সেলিম জাহাঙ্গীর বলেন, সাফিয়া গাজি সম্পর্কে যা-ই বলবো তা তাঁর অবদানের চেয়ে অনেক কম। চট্টগ্রাম মেডিকেলে সাফিয়া গাজির যে অবদান তা বলে শেষ করা যাবে না। তিনি বলেন, সাফিয়া গাজি আমাদের ফ্লোরেন্স নাইটিঙ্গেল।

গাফিয়া গাজি বলেন, আমার বাবা-চাচারা ৬ ভাই এক বোন। দাদা, গোলাম বারি গাজি ছিলেন চব্বিশ পরগণার জমিদার আর নানা আব্দুল আজীমের বাড়ি ছিল ঢাকার বাংলাবাজারে। জমিদার দাদার কাছ থেকে অঢেল সম্পত্তি পান বাবা কিন্তু সে সব জায়গাজমি বাবা ট্রাস্টি করে দান করে যান।

সাফিয়া গাজি বলেন, বাবা মারা যান ১৯৭৭ সালে। গরীবউল্লাশাহ মাজারে বাবাকে কবর দেয়া হয়। বাবার এই কবরের মায়ায় আমি আজও চট্টগ্রামে। তিনি আরও বলেন, আমি বাবার একমাত্র সন্তান। হয়তো সে কারণে বাবার প্রতি মায়াটাও বেশি।

১৯৫৯ সালের ২৭ নভেম্বর ঢাকার রেডক্রস হাসপাতালে জন্ম নেয়া সাফিয়া গাজি বড় হয়েছেন চট্টগ্রামের পাহাড়তলীতে। বাবা গাজি মতিউর রহমান ছিলেন বেসরকারি চাকরিজীবী। মা রাবেয়া গাজি গৃহিণী।

সেন্ট স্কলাস্টিকা গার্লস হাইস্কুল থেকে ১৯৭৪ সালে এসএসসি, চট্টগ্রাম মহিলা কলেজ থেকে ১৯৭৭ সালে এইচএসসি পাস করেন। ১৯৮২ সালে চট্টগ্রাম বিশ^বিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে অনার্সসহ একই বিশ^বিদ্যালয় থেকে ১৯৮৪ সালে মাস্টার্স পাস করেন সাফিয়া গাজি।

ব্যক্তি জীবনে সাফিয়া গাজি চার সন্তানের জননী। বড় মেয়ে আনিতা গাজি রহমান-ব্যারিস্টার। সামীর গাজি রহমান-ইকোনোমিক এনালিস্ট, ডা. মেহতাব গাজি রহমান-স্পেশালিস্ট ও কনসাল্টেন্ট, সাইকোলজি, লন্ডন এবং কনিষ্ঠ সন্তান গাজি আফতাব রহমান লন্ডনে ব্যবসা করেন।

সাফিয়া গাজি চট্টগ্রাম ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি (সিআইইউ) এবং ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশের (আইইউবি) ট্রাস্টি মেম্বার। চেয়ারম্যান দ্য লিটল স্টেপ (প্রি স্কুল),ঢাকা। পরিচালক,সিঙ্গাপুর ন্যাশনাল হাসপাতাল। ব্যবস্থাপনা কমিটি সদস্য,চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল। প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, সানসাইন চ্যারিটিস ও সানসাইন ভিলেজ প্রজেক্ট,সানসাইন ফ্রি ফ্রাইডে স্কুল। সদস্য,রোটারি ক্লাব অব চট্টগ্রাম। প্রেসিডেন্ট, জোনতা ইন্টারনাশনাল ক্লাব অব চট্টগ্রাম। আজীবন সদস্য, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল।

মানবসেবার মাস্তুল হাতে নিয়ে সাফিয়া গাজি যেভাবে জোয়ারের বিপরীতে পাড়ি দিয়েছেন ঠিক তেমনি ভাবে শিক্ষাক্ষেত্রেও রয়েছে এই মহীয়সী নারীরঅনন্য অবদান। চট্টগ্রাম বোর্ডের প্রথম ব্রিটিশ ক্যারিক্যুলামে পরিচালনাধীন শানশাইন স্কুল অ্যান্ড কলেজের প্রতিষ্ঠাতা সাফিয়া গাজি জানান, চট্টগ্রামে ইংরেজি মাধ্যমে লেখাপড়ার গোড়াপত্তন করেছেন তিনি। তিনি বলেন, ব্রিটিশ কারিক্যুলামে পরিচালিত স্কুলগুলোর শিক্ষার্থীদের ঢাকা গিয়ে পরীক্ষা দিতে হতো। অনেক কষ্ট করে পরীক্ষার সেন্টার চট্টগ্রামে এনেছি। সানসাইন গ্রামার স্কুল চট্টগ্রামে প্রতিষ্ঠিত ব্রিটিশ কারিক্যুলামে পরিচালিত প্রথম স্কুল।

মানবসেবার দিকপাল সাফিয়া গাজি সারাটা জীবন মানুষের জন্য দৌড়েছেন। প্রতিদানে কারো কাছে চান নি কিছুই। নার্স ফ্লোরেন্স নাইটিঙ্গেল’র কথা স্মরণ করিয়ে দিয়ে মহীয়সী এই নারী বলেন, মানুষের জন্য কাজ করে যে তৃপ্তি পাওয়া যায় সে তৃপ্তি অন্য কোনো কাজে পাওয়া যায় না।

সাফিয়া গাজি আড়ালে থেকে মানবসেবা করতে চাইলেও আড়ালে তিনি থাকতে পারেন নি বেশি দিন। ভালো কাজের স্বীকৃতিস্বরূপ পেয়েছেন, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের একুশে পদক(২০১৯), চট্টগ্রাম সিটি কর্পোরেশনের স্বাধীনতা পদক (২০১৭) এবং শিক্ষাখাতে অবদান রাখার জন্য বেসরকারি টেলিকমিউনিকেশন সংস্থা রবি একজাইটা দিয়েছেন লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড (২০১৬)। এছাড়া দেশি-বিদেশি অনেক প্রকাশনা রয়েছে তাঁর।