চট্টগ্রামের খবরলিড

চট্টগ্রামে শহীদদের প্রতি শ্রদ্ধা

ওয়াহিদ বিন আবির : ফুল হাতে লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করছেন বিভিন্ন বয়সের মানুষ । নেই কোনো ক্লান্তি, নেই বিরক্তি। এ যেন মায়ের ভাষার প্রতি ভালবাসায়, ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধায়- শহীদ মিনারে অবনত চিত্ত। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে এভাবেই চট্টগ্রামের কেন্দ্রীয় শহীদ মিনারে ভিড় বাড়তে থাকে সাধারণ মানুষের।  শ্রদ্ধার ফুলে ভরে ওঠে শহীদ বেদি।

আজ ২১ ফেব্রুয়ারি, রোববার ভোর থেকে শহীদ মিনার এলাকায় দেখা গেছে এমন দৃশ্য। ফুল হাতে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে শহীদ বেদিতে শ্রদ্ধা জানাতে অপেক্ষা করছেন সবাই। ধর্মবর্ণ, দলমত নির্বিশেষে সব শ্রেণির মানুষ শহীদদের স্মরণের পাশাপাশি অঙ্গীকার করেন সুশাসন প্রতিষ্ঠা, অপশক্তি নির্মূল ও গণতন্ত্র সুসংহত করার।

চট্টগ্রাম নগরীর বিভিন্ন এলাকা থেকে শহীদ মিনারে আগমনের দৃশ্যে ছিল এমন অভিন্ন চিত্র। শহীদ মিনার বেদিতে নেমেছিল ফুলহাতে জনতার ঢেউ। সবাই মুক্তিযুদ্ধের চেতনা- ‘সমতা’ ‘মানবিক মর্যাদা’ ও ‘সামাজিক ন্যায়বিচার’ প্রতিষ্ঠার দীপ্ত শপথে বিনম্র শ্রদ্ধা ও ভালোবাসায় মহান ভাষা আন্দোলনের শহীদদের প্রতি শ্রদ্ধা জানান।

শহীদ মিনারে শ্রদ্ধা জানিয়েছে বাংলাদেশ ডাক বিভাগ, চট্টগ্রাম আইনজীবী সমিতি, সনাতন কর আইনজীবী সমিতি, সোনালী ব্যাংক ,পূবালী ব্যাংক, মুক্তিযোদ্ধা সংসদ, মহানগর ছাত্রলীগ, ওয়ার্কার্স পার্টি, কমিউনিস্ট পার্টি, ছাত্র ইউনিয়ন, যুব ইউনিয়ন, ট্রেড ইউনিয়ন কেন্দ্র, ছাত্র মৈত্রী, জেলা আইনজীবী সমিতি, বোধন আবৃত্তি পরিষদ, উদীচী শিল্পী গোষ্ঠী, প্রমা আবৃত্তি সংগঠন, তারুণ্যের উচ্ছ্বাসসহ বিভিন্ন সংগঠন।

চট্টগ্রাম আইনজীবী সমিতির সাবেক সভাপতি ইফতেখার সাইমুল সিটিজি নিউজকে বলেন, শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে এসে সালাম-রফিক-জব্বারের আত্মত্যাগের প্রেরণায় উদ্বুদ্ধ হয়ে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রতিজ্ঞাবদ্ধ হন বাঙ্গালি জাতি। ভাষা আন্দোলনের মাধ্যমে শুরু হওয়া গণতান্ত্রিক আন্দোলনের চেতনাকে ধারণ করে বৈষম্যহীন রাষ্ট্র ও সমাজ গঠনের অঙ্গীকার করেন চট্টলাবাসী। একই সাথে রক্ত ও শহীদদের বিনিময়ে অর্জিত বাংলা ভাষাকে জাতিসংঘের দাপ্তরিক ভাষা এবং সর্বস্তরে প্রচলনেরও দাবি জানানো হয়েছে শহীদ মিনার থেকে।

শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে গিয়ে চট্টগ্রাম ডাক বিভাগের ডেপুটি পোস্টমাস্টার জেনারেল মুহাম্মদ আব্দুলাহ সিটিজি নিউজকে বলেন, ভাষা আন্দোলনের পথ ধরেই বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম শুরু হয়েছিল। এই ভাষা আন্দোলনের উপর ভিত্তি করে আমরা মুক্তিযুদ্ধ করেছি, স্বাধীন একটি ভূ-খন্ড তৈরি হয়েছে, আমরা একটি পতাকা পেয়েছি। বাংলা ভাষা বাঙালির রক্তের সাথে, মেধা মননের সাথে এবং মায়ের মুখের সাথে মিশে আছে। রক্তের বিনিময়ে মায়ের ভাষা বাংলাকে রাষ্ট্র ভাষা হিসেবে প্রতিষ্ঠা করা হয়েছে। এ ভাষার মর্যাদা রক্ষা ও বাংলা ভাষাভিত্তিক বাংলাদেশ রাষ্ট্র প্রতিষ্ঠার নজির বিশ্বে আর নাই। ভাষা আন্দোলনের অনুপ্রেরণা চেতনার ভিত্তিতেই গড়ে উঠেছিল ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ।

শহীদ মিনারে ফুল দিতে আসা চট্টগ্রাম কর্মাস কলেজের ছাত্রী সাজিদ হাসান বলেন, ভাষা সৈনিকরা পাকিস্তানী শাসকদের কোনো অন্যায় সিদ্ধান্ত মেনে নেয়নি, জীবন দিয়ে তারা সেই অন্যায়ের প্রতিবাদ করেছে। তাদের সেই আন্দোলন ও চেতনা থেকে শিক্ষা নিয়ে বাংলাদেশ যেন সামনের দিকে এগিয়ে যায়, সেটিই চাই। ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধের চেতনা ছিল গণতান্ত্রিক বাংলাদেশ। আমরা চাই বাংলাদেশ যেন গণতান্ত্রিক প্রক্রিয়ায় পরিচালিত হয়, গণতন্ত্র যেন সুসংহত হয়, নিশ্চিত হয় মানুষের অধিকার।