বাণিজ্যব্যক্তিগত বায়োগ্রাফিলিড

টিএসপি’র নতুন এম.ডি প্রকৌশলী আতাউর রহমান

জালালউদ্দিন সাগর:: বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশনের নিয়ন্ত্রণাধীন ট্রিপল সুপার পসফেট কমপ্লেক্স লিমিটেডের (টিএসপি) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে দায়িত্ব পেয়েছেন একই প্রতিষ্ঠানে কর্মরত মহাব্যবস্থাপক (এমটিএস) প্রকৌশলী মো.আতাউর রহমান। টিএসপি’র ব্যবস্থাপনা পরিচালক চৌধুরী মোহাম্মদ হারুনের চাকরির মেয়াদ শেষ হচ্ছে আগামী ৪ জুলাই। সেদিনই নতুন ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্বভার গ্রহণ করবেন তিনি।

পদায়নের বিষয়টি নিশ্চিত করেছেন টিএসপি’র জেনারেল ম্যানেজার (অপারেশন) আখতারুজ্জামান। তিনি বলেন, বর্তমান ব্যবস্থাপনা পরিচালক মহোদয় চৌধুরী মোহাম্মদ হারুনের চাকরির মেয়াদ শেষ হওয়ায় আগামী ৪ জুলাই তিনি অবসরে যাবেন। সেদিনই কারখানার দায়িত্বভার গ্রহণ করবেন নতুন ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী আতাউর রহমান। ইতোমধ্যে বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন ( বিসিআইসি) থেকে পদায়ন সস্পর্কিত একটি চিঠি এসেছে বলেও নিশ্চিত করেন তিনি।

টিএসপি সূত্রে জানা গেছে, ১৯৮৬ সালে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) থেকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ডিগ্রি অর্জন করা প্রকৌশলী আতাউর রহমান ১৯৮৭ সালের ৫ ডিসেম্বর টিএসপিতে যোগদান করেন সহকারী প্রকৌশলী হিসেবে।

এরপর ১৯৯৮ সালের ৩১ আগস্ট নির্বাহী প্রকৌশলী (যান্ত্রিক) হিসেবে পদায়ন হয় তাঁর। ২০০৬ সালের ৯ অক্টোবর উপপ্রধান প্রকৌশলী (যান্ত্রিক) হিসেবে পদোন্নতি হয় আতাউর রহমানের। ২০১২ সালের ২০ জুন পদোন্নতি পেয়ে যোগ দেন অতিরিক্ত প্রধান প্রকৌশলী (যান্ত্রিক) হিসেবে। এরপর ২০২০ সালের ১ জানুয়ারি মহাব্যবস্থাপক (এমটিএস) হিসেবে পদায়ন হয় তাঁর।

দেশসেরা শিক্ষা প্রতিষ্ঠান বুয়েট থেকে শিক্ষাজীবন শেষ করা মেধাবী ছাত্র মো.আতাউর রহমানের জন্ম ১৯৬৪ সালের ১ জানুয়ারি বরিশালের মূলাদ্দী থানার দক্ষিণ কাজিরচর গ্রামে।

দক্ষিণ কাজীচর হাইস্কুল, বরিশাল থেকে ১৯৭৮ সালে এসএসসি সম্পন্ন করেন তিনি। এরপর সৈয়দ হাতেম আলী কলেজ, বরিশাল থেকে ১৯৮০ সালে এইচএসসি এবং বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) থেকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন ১৯৮৬ সালে।

বাবা মো.মতিউর রহমান স্থানীয় ব্যবসায়ী এবং মা জয়নব বেগম গৃহিণী। ব্যক্তিগত জীবনে দুই সন্তানের জনক তিনি। বড় সন্তান তামান্না আফরোজ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতোকোত্তর সম্পন্ন করেছেন এবং একমাত্র ছেলে তানভীর রহমান ইস্ট ডেল্টা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক সম্পন্ন করেন। স্ত্রী দিল আফরোজ পুরোপুরি গৃহিণী।

টিএসপিতে ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে সদ্য পদায়ন হওয়া প্রকৌশলী আতাউর রহমান বলেন, আমার চাকরিজীবন শুরু হয়েছে টিএসপিতে। দীর্ঘদিন চাকরি করার কারণে টিএসপি’র সব কর্মচারী ও কর্মকর্তাদের সাথে পারিবারিক একটি সম্পর্ক তৈরি হয়েছে। অভিজ্ঞতা, মেধা, যোগ্যতা আর সম্পর্কের মেলবন্ধনে কারখানার উৎপাদন অব্যাহত রেখে টিএসপিকে আরও অনেকদূর এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব বলেও মনে করেন তিনি।