গৃহসজ্জারান্নাঘরলাইফস্টাইললিড

তিনি ছুঁয়ে দিলেই পাথর হয়ে ওঠে ‘সোনা’

জালালউদ্দিন সাগর ও নুসরাত জাহান :: বাহির থেকে দেখে বোঝার উপায় নেই ভেতরে শব্দের শতরঞ্জি বিছানো রয়েছে আপনার জন্য। সরাইখানা, মাদল, সাঁঝ, বাতাসা, কানাবগী, পালকী, গুঞ্জন- এমনই সব ঐতিহ্যময় শব্দ দ্যুতি ছড়াচ্ছে। দেখে মনে হতেই পারে আপনি কোনো শব্দের জাদুঘরে ঢুকে পড়েছেন।

তারপর এই শব্দমেলায় চোখ বুলানো শেষ হলে দেয়ালের তাক আপনার সে বিশ্বাস আরও পাকাপোক্ত করবে। পুরোনো ট্রানজিস্টার, রেডিও, ক্যাসেট, টেপ-রেকর্ডার, একদিকে কবির সুমন, অঞ্জনদত্ত, মৌসুমি ভৌমিক আরেকদিকে গ্রামোফোন, হাতপাখা, উত্তম-সুচিত্রার কোনো ছবির ডিস্ক।

আরেকটু এগিয়ে গেলে বাহারি বইয়ে গোছানো তাক! নজরুল-রবীন্দ্র থেকে শুরু করে আব্দুল হাই, সমরেশ আর একেলে হুমায়ূন আহমেদ পর্যন্ত সাজানো আছে থরে-থরে।এরপর যদি যান বারান্দায়। পাবেন খোলা আকাশের নিচে মোড়া পেতে বসবার ব্যবস্থা। মাঝে মাছ ধরার পোলো, জাল! একি লাইব্রেরি না জাদুঘর! নাকি আপনি ভুল করে চলে এলেন অতীত গ্রামবাংলার কোনো বনেদি বাড়িতে!

না পাঠক, এমন সবকিছু ভেবে ভ্রু-কুঞ্চিত হলেও খানিক পরেই যখন টের পাবেন আপনি নিজের সময়েরই এক রেঁস্তোরায় দাঁড়িয়ে আছেন তখন বিস্ময়ের বাঁধ ভাঙবে। হ্যাঁ, চট্টগ্রামের জামালখান মোড়ের এমনই এক বিস্ময়ের নাম ‘বীর চট্টলা’।

আদতে, এটি একটি রেঁস্তোরা। খাবারের বিশেষত্ব বলতে গেলে বলা যায়, ধরুন অনেক দিন আপনার পরিবার বা আত্মীয়-বন্ধু কারও বিয়ে হচ্ছে না। আশেপাশে কোন বিয়ের দাওয়াতও পাননি অনেকদিন। অথচ আপনার খুব বিয়ের খাবার খেতে ইচ্ছে করছে। বীর চট্টলা আপনার জন্য স্বমহিমায় হাজির।

রেঁস্তোরার মালিক মনজুরুল হক এমনটাই জানালেন তাঁর বীর চট্টলা সম্পর্কে। চট্টগ্রামের আঞ্চলিক বিয়ের খাবারের স্বাদ সবসময়ই পাওয়া যাবে বীর চট্টলায়। তাই কবে কার বিয়ে হবে, কবে বিয়ে খাবো সে অপেক্ষায় দিন গোনার দিন শেষ। এমনকি বাইরে ছোট্ট পানঘরটিও বিয়েবাড়ির পানের সাজ নিয়ে অপেক্ষা করছে আপনার স্বাদের শেষ পূর্ণতাটুকু দেয়ার জন্য।

মঞ্জুরুল হকের আরেক রেঁস্তোরার নাম ‘মেজ্জান’। চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবানি খাবারের স্বাদ যেকোনো সময় পেতে মেজ্জানের জুড়ি নেই। স্বল্প পরিসরে মেজ্জানের এই নান্দনিকতা আপনার মন ভোলাতে বাধ্য।

মঞ্জুরুল হকের সাথে আলাপচারিতায় তাই বারবার উঠে আসলো তাঁর এই দুই অপূর্ব শখের কথা। তাঁর অনেকদিনের চিন্তা এবং পরিশ্রমে নিজ হাতে গড়া এই দুই রেঁস্তোরা। একটা রেঁস্তোরাকে কীভাবে ঐতিহ্য, সংস্কৃতির ধারক বানানো যায় তার প্রকৃত নিদর্শন যেন এই মেজ্জান আর বীর চট্টলা। খাবারটা যেন হয়ে উঠেছে এক ধ্রুপদী শিল্প। যে শিল্প আাপনাকে নিয়ে যাবে শেকড়ের কাছে। মাটির কাছে। রসনার সাথে মনের এমন তৃপ্তি মিশে গেলে তবেই না হয় ষোলকলা পূর্ণ।

তবে অনুষঙ্গ বা ইন্টেরিয়র ডেকোরেশনের এত অভূতপূর্ব উপস্থাপনের পাশাপাশি খাবার পরিবশনেও এতটুকু প্রশ্ন করার জায়গা রাখেননি তিনি। বারকোড রেঁস্তোরার তেরোটি শাখাসহ তাঁর অন্য সব রেঁস্তোরার মতোই এখানেও খাবারের মান সর্বদা নিশ্চিত করা হয়।

টাটকা খাবার পরিবেশনের স্বার্থে সকালে এবং বিকেলে দুইবার বাজার করা হয়। তারপরও অনেক সময় কাস্টমার ফিরিয়ে দিতে হয় খাবার শেষ হয়ে যায় বলে- এমনটাই জানালেন মেজ্জানের রিসিপসনিস্ট মামুনুর রশিদ। এতটাই সন্তুষ্টি অর্জন করেছে মেজ্জান এবং বীর চট্টলা।

মঞ্জুরুল হককে তাই চট্টগ্রামের রেঁস্তোরা ব্যবসার একচ্ছত্র অধিপতি বললেও বাহুল্য হবে না। তিনি ছুঁয়ে দিলেই পাথর হয়ে ওঠে ‘সোনা’। চট্টগ্রামের প্রথম আধুনিক রেস্টুরেন্ট ‘বারকোড’, ঐতিহ্যবাহী রেস্টুরেন্ট মেজ্জান ও বীর চট্টলা এর উজ্জ্বল উদাহরণ ।

মঞ্জুরুল হক গুণে, মানে, আয়োজনে সবদিক থেকেই ধরে রেখেছেন তাঁর অভিনবত্ব এবং ব্যতিক্রম শৈল্পিকতা।

ছবিয়াল: আরাফাত রূপক