ফ্যাশনে বর্ণমালা
জালালউদ্দিন সাগর :: বিশ্ব মানচিত্রে ঐতিহ্যপূর্ণ ও অনন্য একটি স্থান করে নিয়েছে অমর একুশ । আমাদের একুশ, একুশে ফেব্রুয়ারি। কোনো এক সময় ফাগুণের এই দিনে তারুণ্যের উচ্ছ্বাস জাগ্রত হতো অদম্য চেতনা ধারণ এবং লালন করে। ফাল্গুনের আগুনঝরা রোদে বাংলার দামাল ছেলেরা সেদিন ইতিহাস রচনা করেছিলো মাতৃভাষার নামে। মায়ের ভাষার জন্য রাজপথে ঝরিয়েছিল রক্ত । সেদিনের সেই একুশে চেতনা শুধু মায়ের ভাষাতেই সীমাবদ্ধ থাকেনি-ছড়িয়েছে বিশ্বব্যাপি। শোক থেকে একুশের রঙ ছড়িয়েছে উচ্ছ্বাস আর অর্জনের অনন্য উদাহরণ হয়ে বাঙালিয়ানার সংস্কৃতিতে। সাদা-কালো’র ফ্রেম ডিঙ্গিয়ে একুশ এখন আকাশে ওড়া রঙীন ঘুড়ি।
আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের এ অর্জন পৃথিবীর মানচিত্রে বাংলাদেশকে যেমন গৌরবময় ভূমিকায় প্রতিষ্ঠিত করেছে, তেমনিভাবে পৃথিবীর অন্যান্য ভাষার সঙ্গে বাংলাভাষাও প্রতিষ্ঠিত হয়েছে নিজস্ব মহিমায়। আর মাতৃভাষার প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা জানাতে এই দিনটিকে ঘিরে থাকে আমাদের নানা আয়োজন।
ভাষার প্রতি বাঙালির যে মমত্ববোধÑএকুশের মাধ্যমে তা উঠে আসে লেখায়, রেখার আল্পনায় । এমনকি পোশাকের ফ্যাশনেও। একুশের ভাবনার সঙ্গে মিল রেখে পোশাকে বর্ণমালার ব্যবহার ব্যাপক জনপ্রিয়। আর পোশাকের সঙ্গে যুক্ত হয়েছে একুশের গান, কবিতা ম্লোগান ও বাংলা ভাষায় রচিত বিভিন্ন পঙিক্তমালা। এ ছাড়া শহীদ মিনার, মানচিত্র, পতাকাসহ একুশের বিভিন্ন চিত্রের প্রকাশ ঘটেছে একুশের পোশাকে।
রাজধানী ঢাকাতে একুশে রঙের আল্পনা সাজায়-এমন অনেক ফ্যাশন হাউজ থাকলেও চট্টগ্রামে এই সংখ্যা মাত্র হাতেগোনা । চট্টগ্রামে সর্বপ্রথম পোশাকে একুশের ভাবনা নিয়ে কাজ শুরু করেন ফ্যাশন ডিজাইনার রওশন আরা চৌধুরী ।
১৯৯৬ সালে তিনি সাদা-কালো রঙে প্রথম তুলি ভেজান এই নগরে। তারপর এই তালিকায় যুক্ত হয় আরও কয়েকটি নাম । তারমধ্যে মুনমুন’স হাউজের কর্ণধার, ফ্যাশন ডিজাইনার কাজী শাহতাজ মুনমুন অন্যতম, শৈল্পিকের মো.ইলিয়াছ, আইভী হাসানসহ অনেকেই।
রওশন আরা চৌধুরী বলেন, এক সময় একুশ ছিলো শোকের প্রতীক । কিন্তু এখন একুশ মানে শুধুই শোক নয় একুশ মানে রঙ-অর্জনের-উচ্ছ্বাসের। তিনি বলেন, যেদিন থেকে একুশ আন্তর্জাতিক মাতৃভাষার স্বীকৃতি পেয়েছে সেদিন থেকে একুশের ভাবনাও বদলে গেছে।
লাল রক্তের আলপনায় যে একুশের জন্ম হয়েছিলো শোক আর কান্নার রোল তুলে সে একুশ এখন বিশ্ব মানচিত্রে উচ্ছ্বাস আর অর্জনের অনন্য স্বীকৃতি ।
কাজী শাহতাজ মুনমুন বলেন, সাদা-কালো রঙে পোশাকে বর্ণের হরফ গুলো যে আবেদন সৃষ্টি করে ঠিক ততটা আবেদন থাকেনা অন্য কোনো রঙে । সেকারনে আমার কাছে একুশ মানেই সাদা আর কালো ।
একুশের চেতনার সঙ্গে মিলিয়ে পোশাকের পসরাতে বিভিন্ন দোকান ও বুটিকগুলো তৈরি করছে নতুন নতুন ডিজাইনের পোশাক। এসব পোশাকে ব্যবহৃত রং, কাপড়, ডিজাইন সবকিছুতেই রয়েছে ভাষা আন্দোলনের ছোঁয়া। সাদাকালো রঙে শহীদদের প্রতি শোক আর ভালোবাসা প্রকাশ করা।
তবে, এখন আর তা শুধু সাদাকালো’র মধ্যে আটকে নেই একুশ। সেজেছে সর্বজনীন রঙের বৈচিত্রে। তাই রঙের ব্যবহারেও রয়েছে নানা ফিউশন। সাদা, কালো, লাল, সবুজ, হলুদ, নীল তামাটেসহ সব রঙেই সেজেছে একুশের ফ্যাশন।
একুশে পোশাকের ক্যানভাসে ফুটিয়ে তোলা হয়েছে গর্বিত বর্ণমালার সাজ। একুশের কালেকশন মানেই বাংলা অক্ষরের ব্যবহার। সেলিব্রেটি হোক কিংবা সাধারণ মানুষই হোন না কেন, এই দিনে বর্ণমালার পোশাক পড়াটাই যেন গৌরবের ।
একুশের আয়োজনে বিভিন্ন ফ্যাশন হাউসে ছেলেদের জন্য থাকছে নানা রঙের টি-শার্ট, ফতুয়া, পাঞ্জাবি, চাদর এবং মেয়েদের জন্য থাকছে ফতুয়া, টপস, সালোয়ার-কামিজ ও শাড়ি।

পিছিয়ে নেই শিশুরাও । শিশুদের জন্যও রয়েছে ফ্যাশন হাউজ গুলোর নানা আয়োজন। একুশের পোশাকের নকশায় বর্ণমালা, ভাষা ও ভাষাশহীদদের পাশাপাশি দেশজ চেতনা ও ঐতিহ্যের বিষয়টি গুরুত্ব পাচ্ছে। তাই তো নকশিকাঁথার ফোঁড়, ব্লক, স্প্রে ব্লক, অ্যাপলিক, ক্যাটওয়াক, স্ক্রিন, হ্যান্ডপেইন্ট, অ্যামব্রয়ডারির কাজ গুলো হয় চোখে পড়ার মতো।
পোশাক : মুনমুন’স, ডিজাইনার : কাজী শাহতাজ পারভিন মুনমুন
স্টাইলিং : আলমগীর হোসেন আলো, ছবিয়াল : আলবান বারী