বর্ণিল আয়োজনে ক্লিকের বেশাখী উৎসব
নিজস্ব প্রতিবেদক :: দেশীয় সংস্কৃতির বর্ণাঢ্য জমকালো উপস্থাপনার মধ্যে দিয়ে বন্দরনগরী চট্টগ্রামের থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তনে অনুষ্ঠিত হলো চট্টগ্রামের প্রথম লাইফ স্টাইল ম্যাগাজিন ‘ক্লিক’ এর বর্ণিল ফ্যাশন প্যারেড।
এ সময় পেশাগত দায়ীত্বপালনে বিশেষ অবদান রাখায় চট্টগ্রামের দুই ম্যাজিস্টেট ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের দুই নারী কর্মকর্তাকে সম্মাননা দেয়া হয়েছে।
শুক্রবার রাতে হলভর্তি দর্শকদের মুখর কড়তালি আর আনন্দমুখর পরিবেশে চট্টগ্রামের এই আয়োজন ছিলো ব্যতিক্রমী এবং বাংলা সংস্কৃতির আধুনিক মননশীলতায় মুখর। অনুষ্ঠানের মিডিয়া পার্টনার ছিলো দেশের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল রাইজিংবিডি ও সিটিজি নিউজ ডটকম।
ক্লিক ম্যাগাজিনের তৃতীয় সংখ্যার প্রকাশনা এবং ওয়েব পোর্টাল উদ্বোধন উপলক্ষ্যে আয়োজিত বৈশাখী উৎসবে সন্ধ্যা ৭ টা থেকে রাত ১০ টা পর্যন্ত বর্ণিল আয়োজনসমূহ হলভর্তি সহস্রাধিক দর্শককে মন্ত্রমুগ্ধ করে রাখে।
ক্লিক-এর সম্পাদক সাংবাদিক ব্যাক্তিত্ব জালালউদ্দিন সাগরের পরিকল্পনায় পুরো অনুষ্ঠানটি ছিলো নান্দনিকতা ছোঁয়া। সন্ধ্যা ৭ টায় কোরিওগ্রাফার আলমগীর হোসেন আলো’র কোরিওগ্রাফিতে বৈশাখী ফ্যাশন প্যারেডের মাধ্যমে অনুষ্ঠানে সূচনা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রামের জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন। সংবর্ধিত অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ম্যাজিট্রেট নাজিয়া শিরিন, চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিট্রেট রুহুল আমীন।

পেশাগত দায়ীত্ব পালনে বিশেষ অবদানের কারণে নারী পুলিশ অ্যাওয়ার্ড পাওয়া চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সিনিয়র সহকারী পুলিশ কর্মকর্তা মাহমুদা বেগম ও সদরঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মর্জিনা আক্তার মর্জুকে ফুলেল শূভেচ্ছা জানায় ক্লিক পরিবার।
এ ছাড়া অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মাইক্রোবায়োলজী বিভাগের সহকারী অধ্যাপক শারমিন সুলতানা, সাংবাদকি ফেরদৌস শিপন ও গাজী টেলিভিশনের চট্টগ্রাম ব্যুরো প্রধান অনিন্দ্য টিটু প্রমুখ উপস্থিত ছিলেন।
আরাফাত রূপক এবং স্মিতা’র মনমুগ্ধকর সঞ্চালনায় ৩০ জন নারী ও পুরুষ মডেল এবং ১০ জন শিশু মডেলের অংশ গ্রহনে একে একে প্রদর্শিত হয় ১০টি ফ্যাশন প্যারেড। প্রতিটি ফ্যাশন প্যারেডে তুলে ধরা হয় আবহমান বাংলার ঐতিহ্য, বাংলা সংস্কৃতি, কৃষ্টি।
ফ্যাশন প্যারেড ছাড়াও মঞ্চে পরিবেশিত হয় দলীয় নৃত্য, দ্বৈত নৃত্য, জাদু প্রদর্শনী। এ ছাড়া চট্টগ্রামের আলোচিত দুইজন ম্যাজিট্রেটকে সংবর্ধনা প্রদান করা হয় এ অনুষ্ঠানে।
জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন সংবর্ধিত দুই ম্যাজিস্টেট হাতে সম্মাননা ক্রেষ্ট তুলে দেওয়ার পাশাপাশি ক্লিক ম্যাগাজিনের ওয়েব পোর্টাল উদ্বোধন করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ক্লিক উপদেষ্ঠা ফ্যাশন শাহতাজ মুনমুন, নুজহাত নুয়েরী কৃষ্টি, সৈয়দ রুম্মান আহমেদ, ফ্যাশন ডিজাইনার শাহেদা কামাল, তাসলিমা আকতার ও সায়মা ।